Ajker Patrika

সুন্দরবনে ৫ জেলে আটক, মাছ ও জালসহ দুই নৌকা জব্দ

বাগেরহাট (শরণখোলা) প্রতিনিধি  
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১৩
সুন্দরবনে ৫ জেলে আটক, মাছ ও জালসহ দুই নৌকা জব্দ
আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির অভয়ারণ্য এলাকায় মাছ ধরা নিষিদ্ধ আদানি গুরগুরিয়া খালে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় প্রায় আড়াই মণ মাছ ও জালসহ দুটি নৌকা জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার তাঁদের আটক করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা নিষিদ্ধ এলাকা আদানি গুরগুরিয়া খালে অভিযান চালান।

এ সময় খালে মাছ ধরা অবস্থায় পাঁচ জেলেকে দেখতে পেয়ে বনরক্ষীরা তাঁদের আটক করেন। পরে তাঁদের কাছ থেকে প্রায় আড়াই মণ মাছ, মাছ ধরার জাল ও দুটি নৌকা জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন খুলনা জেলার পাইকগাছা উপজেলার বেকটমারী গ্রামের আব্দুস সালাম (৩৫), কদম আলী (৪০), জহুরুল হক সরকার (৪৫), আবু বকর (৫০) ও সোহরাব হোসেন গাজী (৫৮)।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শেলারচরের আদানি গুরগুরিয়া খালে আটক জেলেরা আইন অমান্য করে অভয়ারণ্যের নিষিদ্ধ এলাকায় মাছ ধরছিলেন। তাঁদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। পরে আটক জেলেদের আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত