
ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নান্নু মোল্যার বিকাশ নম্বরে এক নারীর মাতৃত্বকালীন ভাতার টাকা আসার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলন করে তিনি দাবি করেন, আবেদনের সময় কারিগরি ত্রুটিতে তাঁর নম্বর ব্যবহার করা হয়েছিল। পরে সব টাকা উপকারভোগীকে ফেরত দিয়ে তাঁর হিসাব নম্বর সংশোধন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মো. নান্নু মোল্যা বলেন, উপকারভোগী রুপা বেগম তাঁর নিকটাত্মীয়। তিনি একই ওয়ার্ডের কাচারদিয়া গ্রামের আসলাম শেখের স্ত্রী।
মো. নান্নু মোল্যা জানান, রুপা বেগম মাতৃত্বকালীন ভাতার কথা বললে তিনি তাঁকে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ওমর ফারুকের কাছে পাঠান। আবেদনের সময় কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তাঁর (নান্নু মোল্যার) নম্বর দিয়ে আবেদন করা হয়।
মো. নান্নু মোল্যা বলেন, ‘মাতৃত্বকালীন ভাতার জন্য প্রতি মাসের ২০ তারিখ পর্যন্ত আবেদন করা হয়। ওই মাসের আবেদনের শেষ সময়ে আবেদনটি করার সময় রুপার ব্যাংক হিসাব নম্বর দিলে বারবার লেখা আসে, এই হিসাব দিয়ে আগে আবেদন করা হয়েছে। তখন আমি উদ্যোক্তাকে অনুরোধ করি, যেভাবেই হোক এটি করে দিতে হবে। পরে রুপার বিকাশ নম্বর না থাকায় আমার নম্বর দিয়ে আবেদন করা হয় এবং আবেদনটি সফল হয়। সেটি আমিও জানতাম না।’
মো. নান্নু মোল্যা আরও বলেন, ‘এরপর আমার বিকাশে টাকা আসায় দ্রুত সংশোধন করে দিতে বলি। সংশোধনের জন্য ইউনিয়ন পরিষদ থেকে বারবার চেষ্টা করে ব্যর্থ হলে গত ২৮ জুন আমি নিজেই মহিলা অধিদপ্তরে আবেদন করে রুপার হিসাব নম্বর দিয়ে সংশোধন করে দিয়েছিলাম।’
মো. নান্নু মোল্যার দাবি, সংশোধনের সময় প্রতি মাসে তাঁর বিকাশে ৮৫৫ টাকা করে আসতে থাকে। ছয় মাসের টাকা জমা হলে ইউনিয়ন পরিষদের ভাউচারের মাধ্যমে ওই নারীকে পুরো টাকা ফেরত দেওয়া হয়। এরপর থেকে রুপা বেগমের হিসাবেই টাকা যাচ্ছে।
নান্নু মোল্যা বলেন, ‘সামনে নির্বাচনকে সামনে রেখে আমার বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের মতো অভিযোগ এনে অপপ্রচার চালানো হচ্ছে। এতে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে।’
ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ওমর ফারুকও বিষয়টি জানান। উপকারভোগী রুপা বেগম বলেন, আবেদনের সময় তাঁর ব্যাংক হিসাব নম্বর দিয়ে আবেদন করা যাচ্ছিল না। বিকাশ নম্বর না থাকায় তাঁকে জানিয়েই ইউপি সদস্যের বিকাশ নম্বর ব্যবহার করা হয়েছিল।
রুপা বেগম বলেন, ‘পরে সদস্য নিজেই আমার হিসাব ঠিক করে দিয়েছেন এবং বর্তমানে টাকাও আসছে। এটা নিয়ে এত কিছু হয়ে গেছে, আমিও জানি না।’
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম বাদশা মিয়া বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমি উপকারভোগীর সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাকে জানান, সব টাকা তাঁকে ফেরত দেওয়া হয়েছে এবং সংশোধন করে তাঁর ব্যাংক হিসাব নম্বর দিয়ে ঠিক করে দেওয়া হয়েছে। কারিগরি ত্রুটির কারণেই এই সমস্যাটি হয়েছে। তারপরও আমি সবাইকে সতর্ক করে দিয়েছি, এ ধরনের অনিচ্ছাকৃত ভুলও করা যাবে না।’

কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় একটি বেকারিতে শিল্পকারখানায় ব্যবহৃত রং দিয়ে খাদ্যপণ্য তৈরি এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট নকল করে পাউরুটি বাজারজাত করার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১১ মিনিট আগে
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২৪ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১৫ কেজি মা ইলিশ ও ছয়টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
১৫ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় সাড়ে ২৩ কোটি টাকা ব্যয়ে কেনা দুটি চিকিৎসাযন্ত্র দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে রয়েছে। এর মধ্যে ক্যাথল্যাব স্থাপনের নয় বছর পরও চালু হয়নি আর লিনিয়ার এক্সেলেটর রয়েছে বাক্সবন্দী। এ ছাড়া চিকিৎসা সামগ্রী (এমএসআর) কেনায় অনিয়ম ও সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া জমা...
২২ মিনিট আগে
জয়পুরহাটে ‘বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন: গবেষণা থেকে বাস্তবায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জয়পুরহাটের ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালারজির (আইএমএমএম) সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
৩৩ মিনিট আগে