শিশু ধর্ষণচেষ্টায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় সুমন হাওলাদার (২২) নামে এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার বাসিন্দা ওই ছাত্রী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত। ২০২৪ সালের ২৬ জুন বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী সুমন হাওলাদার ওই ছাত্রীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন।
ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় সুমন পালিয়ে যান। পরদিন ছাত্রীর মা বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন।
তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. রাকিব হোসেন ২০২৪ সালের ২৪ অক্টোবর আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য ও শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে কারও পার পাওয়ার সুযোগ নেই। এ রায় এ ধরনের অপরাধীদের জন্য একটি বার্তা হয়ে থাকবে।









