Ajker Patrika

ফরিদপুরে কৃষক দল নেতা হত্যা: নিক্সন চৌধুরীসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে কৃষক দল নেতা হত্যা: নিক্সন চৌধুরীসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা
মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় পাঁচ দিন পর মামলা হয়েছে। মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে রাজু মোল্লাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুড়া গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ভাঙ্গা থানায় মামলাটি করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনের ছয়টি ধারায় মামলাটি করা হয়েছে। এজাহারে অভিযোগ করা হয়েছে, মহাসড়ক অবরোধ করে মশাল জ্বালিয়ে ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে রাজু মোল্লাকে হত্যা করা হয়। এ সময় বিভিন্ন যানবাহন ও বিএনপির কার্যালয় ভাঙচুর এবং মোটরসাইকেলে আগুন দিয়ে ক্ষতিসাধন করা হয়। এ ছাড়া সরকার উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দেশে অস্থিরতা সৃষ্টি, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে নাশকতা, অর্থায়ন ও সহায়তার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে ফিরছিলেন রাজু মোল্লা। রাত পৌনে ৮টার দিকে হামিরদী বাসস্ট্যান্ডে পৌঁছালে তাঁর ওপর হামলা চালানো হয়।

এজাহারের বর্ণনা অনুযায়ী, হামলাকারীরা হামিরদী বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করে মশাল জ্বালান। এ সময় ইটের খোয়া, পাথরের টুকরা, বাঁশের লাঠি ও সড়কি, কাতরা, রামদা, চাপাতি ও ককটেল নিয়ে রাজুর মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এরপর দুই নম্বর আসামি শাহাদাৎ খয়রাতি ধারালো সড়কি দিয়ে তাঁর কোমরের ডান পাশে আঘাত করে গুরুতর জখম করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, তিন নম্বর আসামি হামিরদীর আল আমিন (৪৫), চার নম্বর আসামি শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান (৪২), ছয় নম্বর আসামি ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আশিকুজ্জামান আশিক (৩৬), ১৫ নম্বর আসামি বালা মিয়া (৪৬), ১৮ নম্বর আসামি কামাল (৪৫) ও ২১ নম্বর আসামি বেলায়েত মুন্সী (৩৮) রাজুকে মারধর করেন। একপর্যায়ে তাঁকে সড়কে টেনেহিঁচড়ে নেওয়া হয়। এতে তাঁর পেটের ডান পাশ থেকে ডান হাঁটু পর্যন্ত চামড়া ছিলে যায়।

খবর পেয়ে রাত সোয়া ৮টার দিকে এসআই মোহাম্মদ মিজানুর রহমান, এসআই খালিদ মাহমুদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং এসআই খালিদ মাহমুদের কাছ থেকে একটি ওয়াকিটকি ছিনিয়ে নেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ১৫টি শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ৯টার দিকে রাজুকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি ও যুবলীগ নেতা কাউসার আকন্দ, যুবলীগ নেতা আসিবুর রহমান ফারহান, ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আশিকুজ্জামান আশিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম ওবায়দুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আযাদ খান এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি রনি মাহমুদ। এ ছাড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার দিন ২৫ জনকে আটক করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছিল। তাঁদের কেউ এ মামলার আসামি কি না, তা যাচাই-বাছাই করে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত