Ajker Patrika

স্থানীয় সরকারের নির্বাচন চলতি অর্থবছরেই: প্রতিমন্ত্রী

সিলেট প্রতিনিধি
স্থানীয় সরকারের নির্বাচন চলতি অর্থবছরেই: প্রতিমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: আজকের পত্রিকা

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব নির্বাচন সমাপ্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়ায় সিসিকের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের স্থানীয় সরকারে প্রায় সাড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা লাগবে টোটাল নির্বাচনগুলো মাঠ থেকে উঠিয়ে নিয়ে আসার জন্য। নির্বাচন কমিশন তারা বাজেট দিয়েছে এবং চলতি বাজেট যেটা অনুমোদন হয়েছে পার্লামেন্টে, এই বাজেটেও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করার জন্য বরাদ্দ রাখা আছে। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। কোন নির্বাচনটি আগে এবং কোন নির্বাচনটি পরে করা হবে- এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। তবে এই আগস্টের পরেই আমরা অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিইসি নির্বাচন কমিশন বসে সিদ্ধান্ত নেব। তবে সরকারের ঘোষণা যেটি, এই অর্থবছরের মধ্যেই আমরা ৫টি নির্বাচন সমাপ্ত করব।

শাহে আলম বলেন, শেখ হাসিনা দেশে আসার কোনো সুযোগ নেই। আর দেশে আসলে উনাকে গ্রেপ্তার হতে হবে। উনার বিরুদ্ধে অলরেডি মামলার রায় হয়ে গেছে। উনাকে জেলের ভেতর যেতে হবে এবং সেই রায়টি কার্যকর হবে। আমরা যেটুকু আইন এখন পর্যন্ত বুঝি, উনি সরাসরি দেশে সাধারণ মানুষের মত আসবার কোনো সুযোগ নেই। উনি যেভাবেই আসুক, আসার সঙ্গে সঙ্গে আইনগতভাবে উনি গ্রেপ্তারের আওতায় আসবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ এবং খাল পুনরুদ্ধার কার্যক্রমে সিলেট সিটি করপোরেশন (সিসিক) দেশের অন্যান্য সিটি করপোরেশনের তুলনায় এগিয়ে রয়েছে। পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিসিক যেভাবে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন এ সময় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, এসটিএস এবং নির্মাণাধীন বায়োড্রায়িং প্ল্যান্টের বিভিন্ন দিক প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।

পরিদর্শনকালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. রবিউল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরামর্শক মো. শাহীন আহমেদ খান, সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত