
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহার দিন কোরবানির মাংস মসজিদে রাখা হবে নাকি গ্রাম্য মাতব্বরের বাড়িতে নেওয়া হবে—এ নিয়ে তর্ক-বিতর্কের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার আলগা ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের জামাত শেষে কোরবানির পরে মাংস একত্র করে ভাগাভাগির জন্য রাখা হয়। পরে তা মসজিদে রাখা হবে নাকি মাতব্বরের বাড়িতে নেওয়া হবে—বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন আবু বকর মুন্সী ও অপর পক্ষের নেতৃত্ব দেন কামরুজ্জামান সম্রাট। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মাংস রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে তহুরুল ইসলাম (৩৬) নামের এক যুবক নিহত হয়েছে। উপজেলার নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামে আজ শনিবার সকাল ৬টার দিকে ওই যুবকের বাড়ির পাশে এই ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া মোটরসাইকেল-প্রাইভেট কার সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ও আজ শনিবার সকালে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এসব দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
নেছারাবাদ উপজেলার উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন দুটি বৈদ্যুতিক ফিডারে চরম বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার গ্রাহক। ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ, দিনে ৪-৫ ঘণ্টার বেশি বিদ্যুৎ পাচ্ছেন না তাঁরা। সামান্য ঝড়বৃষ্টি কিংবা বাতাস হলেই বিদ্যুৎ চলে যায়।
১ ঘণ্টা আগে
ফেনীর দাগনভূঞায় কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য না পেয়ে ছোট ফেনী নদীতে চামড়া ফেলে দিয়েছেন কয়েকজন মৌসুমি ব্যবসায়ী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।
১ ঘণ্টা আগে