Ajker Patrika

চট্টগ্রামে দেয়ালধসে যুবক নিহত, শিশুসহ আহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে দেয়ালধসে যুবক নিহত, শিশুসহ আহত ২
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর টাইগারপাস সড়কে গাছ উপড়ে পড়ে। এতে কিছু সময়ের সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা

টানা ভারী বৃষ্টির মধ্যে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার একটি কলোনির বাসার ওপর দেয়াল ধসে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের দুই বছরের শিশুসন্তান ও শাশুড়িসহ আরও দুজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে রহমান নগর আবাসিকের বি-ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শফিকুর রহমান (৩০)। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং চট্টগ্রামে দিনমজুর হিসেবে কাজ করতেন। আহতরা হলেন তাঁর দুই বছরের ছেলে সোহান ও শাশুড়ি মর্জিনা বেগম (৫৫)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, দেয়াল ধসে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা নিহতের ছেলে ও শাশুড়ি।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে সড়কের পাশে থাকা একটি পুরোনো উঁচু দেয়াল ধসে নিচের কলোনির একটি বাসার ওপর পড়ে। এতে বাসার ভেতরে থাকা শফিকুর রহমান চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

এদিকে টানা বর্ষণে চট্টগ্রাম নগরজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত সোমবার থেকে আরও তীব্র আকার ধারণ করে। মঙ্গলবারও দিনভর বৃষ্টি অব্যাহত থাকায় নগরের অন্তত ১৫টির বেশি এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা জানান, আজ মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী আরও দুই-এক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে পাহাড়ধসের আশঙ্কাও রয়েছে।

বৈরি আবহাওয়ার কারণে সম্ভাব্য পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে জেলা প্রশাসন কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত