
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনা যেন উড়ছে। চার ম্যাচের চারটিতেই জিতে আলবিসেলেস্তেরা পৌঁছে গেছে শেষ ষোলোয়। কিন্তু টানা জয়ের মধ্যে থেকেও মাটিতে পা রাখছেন কোচ লিওনেল স্কালোনি। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন কিংবা ফেবারিট তকমা যে মাঠের লড়াইয়ে বিন্দুমাত্র নিশ্চয়তা দেয় না, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিদায় দেখে সেটিই সবাইকে মনে করিয়ে দিলেন তিনি।
শেষ ষোলোয় মিসরের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে স্কালোনি টেনে এনেছেন ব্রাজিলের ছিটকে যাওয়ার প্রসঙ্গ। নরওয়ের কাছে শেষ ষোলোয় ২–১ হেরে সেলেসাওদের বিদায় নেওয়াকে বিশ্বকাপের কঠিন বাস্তবতার উদাহরণ হিসেবে দেখছেন আর্জেন্টিনা কোচ।
ম্যাচটি পুরো দেখতে না পারলেও এর আবহ ঠিকই টের পেয়েছেন স্কালোনি, ‘ অনুশীলন চলার কারণে আমি ব্রাজিলের ম্যাচের কিছু অংশ ছোট ছোট খণ্ডে দেখেছি। এটি আসলে টুর্নামেন্টের কঠিন বাস্তবতাই তুলে ধরে। নরওয়ে খুবই ভালো দল। (ম্যাচের শেষ দিকে) এনদ্রিক যদি ওই গোল করে ফেলত, তবে আজ আমরা সম্পূর্ণ ভিন্ন কিছু নিয়ে কথা বলতাম। ’
ব্রাজিলের ট্র্যাজেডি যে যেকোনো দলের সঙ্গেই ঘটতে পারে, সেই সতর্কবার্তা দিয়ে স্কালোনি যোগ করেন, ‘ওরা (ব্রাজিল) বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে। ঠিক যেমনটা সেদিন (কেপ ভার্দের বিপক্ষে) আমাদের ক্ষেত্রেও ঘটতে পারত, কিংবা এই বিশ্বকাপে যে কারও সঙ্গেই ঘটতে পারে।’
স্কালোনি মূলত শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে নিজেদের কঠিন ম্যাচটির কথাই বুঝিয়েছেন। যেখানে একপর্যায়ে খাদের কিনারায় চলে গিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের লড়াকু মানসিকতার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘কেপ ভার্দের বিপক্ষে দল যদি সেই দৃঢ়তা ও লড়াকু মানসিকতা না দেখাত, তবে আমরাও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতাম। যখন আপনি ভালো খেলবেন না, দলে এই মানসিকতা না থাকে, তবে আপনি টুর্নামেন্ট থেকে বাদ।’
এবারের বিশ্বকাপ যে দলগুলোর জন্য কতটা কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, তার চিত্রও ফুটিয়ে তোলেন স্কালোনি, ‘এই বিশ্বকাপ সবার জন্যই কঠিন প্রমাণিত হচ্ছে। এমন কোনো একক দল নেই যারা আলাদাভাবে আধিপত্য দেখাচ্ছে। সেদিনের কথাই ধরুন, শক্তিশালী ফ্রান্সকে প্যারাগুয়ের বিপক্ষে লড়াই করতে হয়েছে, স্পেন লড়াই করেছে পর্তুগালের বিপক্ষে। কোনো দলই তাদের পারফরম্যান্সের আগের স্তর বজায় রাখতে পারছে না; কারণ, প্রতিপক্ষরাও ভালো খেলছে।’
মঙ্গলবার শেষ আটের ওঠার লড়াইয়ে আফ্রিকার পরাশক্তি মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ব্রাজিলের মতো অঘটন এড়াতে মোহামেদ সালাহদের নিয়ে সর্বোচ্চ সতর্ক আলবিসেলেস্তেরা। প্রতিপক্ষকে সমীহ করে স্কালোনি বলেন, ‘আমরা উচ্চ সতর্কতায় আছি। কারণ, মিসর খুব কঠিন প্রতিপক্ষ। তাদের উঁচু মানের খেলোয়াড় আছে এবং কোচও দীর্ঘ সময় ধরে কাজ করছেন। সালাহ দুর্দান্ত খেলোয়াড়, তাঁর মুখোমুখি হওয়াটা আনন্দের। তবে আমরা সব সময় দলগতভাবে সতর্কতা অবলম্বন করি।’

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৩ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৪ ঘণ্টা আগে