ব্লুমবার্গের বিশ্লেষণ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে রিসিপ্রোক্যাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন গতকাল বুধবার রাতে। তাঁর আরোপ করা এই শুল্ক বাংলাদেশ–কম্বোডিয়াসহ বিশ্বের দরিদ্র দেশগুলোর ওপর সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে। এসব দেশে শ্রমঘন রপ্তানি শিল্পকে ঝুঁকির মুখে ফেলতে পারে এবং প্রতিদ্বন্দ্বী চীনের কাছ থেকে শুল্কের মাধ্যমে যুক্তরাষ্ট্র যে বৃহৎ অর্থনৈতিক সুবিধা পায়, নতুন করে সবার ওপর শুল্ক আরোপ করায় তা কমে যেতে পারে।
বুধবার ট্রাম্প এশিয়ার দেশগুলোর ওপর যে শুল্ক আরোপ করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি আরোপ করা হয়েছে কম্বোডিয়ার ওপর। দেশটির ওপর ট্রাম্প ৪৯ শতাংশ শুল্ক আরোপ করেছেন। অন্যতম শীর্ষ পোশাক উৎপাদনকারী দেশ বাংলাদেশ ৩৭ শতাংশ, লাওস ৪৮ শতাংশ এবং দক্ষিণ আফ্রিকার দেশ লেসোথো ৫০ শতাংশ শুল্কের কবলে পড়েছে। গত সপ্তাহে ভয়াবহ ভূমিকম্পে ৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি ও বিপর্যস্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে নিপতিত মিয়ানমারে ৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
শুল্ক আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষরের পর হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের পণ্যে কম্বোডিয়ার শুল্কের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘ওহ, কম্বোডিয়ার দিকে তাকান, ৯৭ শতাংশ!’ এ সময় তিনি হেসে একপ্রকার গড়িয়েই পড়েন যেন! তিনি বলেন, ‘তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করে প্রচুর টাকা কামিয়েছে।’
যদিও বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, একজন কম্বোডিয়ান দৈনিক গড়ে প্রায় ৬ দশমিক ৬৫ ডলার আয় করে, যা বৈশ্বিক মাথাপিছু গড় আয়ের পাঁচ ভাগের এক ভাগেরও কম।
যুক্তরাষ্ট্র যখন বেশ কয়েকটি দেশে সহায়তা বন্ধ করেছে, ঠিক সেই সময়ে এই বাণিজ্য পদক্ষেপ বিশ্বের দরিদ্রতম দেশগুলোকে আরও অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলতে পারে। ট্রাম্প প্রশাসন কয়েক হাজার গুরুত্বপূর্ণ সহায়তা চুক্তি বাতিল করেছে, যা কয়েক দশক ধরে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের একটি পরিচিতি তৈরি করেছিল। মিয়ানমারে ইতিমধ্যে সহায়তা বন্ধের প্রভাব অনুভূত হচ্ছে। চীনের মতো দেশগুলো দ্রুত সেই শূন্যস্থান পূরণ করছে বলে মনে করা হচ্ছে।
এশিয়াকেন্দ্রিক টেকসই উন্নয়ন ও বাণিজ্য সহায়তা নিয়ে কাজ করা হাইনরিখ ফাউন্ডেশনের বাণিজ্যনীতি বিষয়ক প্রধান ডেবোরা এলমস বলেন, ‘এটি এক বিপর্যয়। রাতারাতি প্রায় ৫০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি সামাল দেওয়া অসম্ভব।’
তিনি বলেন, ‘ওই (যাদের ওপর শুল্ক আরোপ করা হয়েছে) দেশগুলোর মধ্যে অনেক দেশই স্বল্পোন্নত দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা ভোগ করত।’ তিনি আরও বলেন, ‘চীনের মতো দুর্বল বাজারের পরিবর্তে দেশগুলো ইউরোপ, জাপান ও অস্ট্রেলিয়ার বাজারের দিকে ঝুঁকতে পারে।’
যুক্তরাষ্ট্র ২০২৪ সালের মার্কিন আদমশুমারি অধিদপ্তরের তথ্যের ওপর ভিত্তি করে একটি সূত্রের মাধ্যমে এই শুল্ক হার হিসাব করেছে। সূত্রটির সরল রূপ হলো, কোনো দেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্তকে সেই দেশটির যুক্তরাষ্ট্রে মোট রপ্তানি দিয়ে ভাগ করা এবং ফলাফলকে দুই দিয়ে ভাগ করে শুল্কের হার বের করা।
এই পদ্ধতির কারণে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে অন্যতম মাদাগাস্কার ৪৭ শতাংশ শুল্কের শিকার হয়েছে। দরিদ্র লাওসের ওপর এই আঘাত এসেছে, যেখানে গড়পড়তা মানুষ দৈনিক ৬ ডলারের কম আয় করে।
এই পদক্ষেপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার বাণিজ্যনীতির একটি বড় পরিবর্তন, যেখানে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করা এবং বিদেশে ওয়াশিংটনের স্বার্থ এগিয়ে নেওয়ার জন্য অর্থনৈতিক সহযোগিতাকে উৎসাহিত করা হতো।
২০০০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্টের মাধ্যমে আফ্রিকার সাব–সাহারা অঞ্চলের দেশগুলোকে ১ হাজার ৮০০ টিরও বেশি পণ্যের ওপর শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছিলেন। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০৪ সালে এটিকে সম্প্রসারিত করেন এবং এমন সব উদ্যোগ চালু করেন যা দেশগুলোকে তাদের পণ্য মার্কিন ভোক্তাদের কাছে পৌঁছে দিতে সহায়তা করে।
চীনের উত্থান এশিয়ার অনেক দেশের জন্য যুক্তরাষ্ট্রের ওপর তাদের অর্থনৈতিক নির্ভরতাকে পর্যালোচনা করতে উৎসাহিত করেছে। অনেক দেশ অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ ও অর্থায়নের আশায় বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। এতে অনেক ছোট দেশ পক্ষ বেছে নিতে গিয়ে চাপের মুখে পড়েছে।
কম্বোডিয়ার দুটি বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন ও যুক্তরাষ্ট্র। কিন্তু দেশটি ইতিমধ্যে বেইজিংয়ের দিকে ঝুঁকেছে, যা এখন দেশটির বৃহত্তম বৈদেশিক বিনিয়োগের উৎস।
গত বছর যুক্তরাষ্ট্র–কম্বোডিয়ার মধ্যকার মোট ১৩ বিলিয়ন ডলার বাণিজ্যের বেশির ভাগ অংশ ছিল কম্বোডিয়ায় তৈরি পোশাক ও জুতার মতো শিল্পজাত পণ্য।
পোশাক রপ্তানির জন্য যুক্তরাষ্ট্রের বাজারের ওপর ব্যাপকভাবেই নির্ভরশীল বাংলাদেশ। দেশটির সরকার জানিয়েছে, তারা তাদের বাণিজ্য সুবিধা ধরে রাখার জন্য শুল্ক কমানোর উপায় খুঁজছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক পর্যালোচনা করছে।’ তিনি আরও বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্রুততার সঙ্গে শুল্ক যৌক্তিক করার বিকল্পগুলো চিহ্নিত করছে, যা এই বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয়।’
এদিকে বিশ্লেষকেরা যুক্তরাষ্ট্রের শুল্ক গণনা পদ্ধতির ‘ন্যায্যতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ, এর ফলে দরিদ্রতম দেশগুলোর ওপর বাড়াবাড়ি রকমের প্রভাব পড়বে। এ বিষয়ে থিংক ট্যাংক ওভারসিজ-চাইনিজ ব্যাংকিং করপোরেশনের এশিয়া ম্যাক্রো রিসার্চের প্রধান টমি শিয়ে ব্লুমবার্গকে বলেছেন, ‘এই সূত্র কার্যকরভাবে সেই দেশগুলোকে শাস্তি দেয়, যারা তাদের পণ্যের নিট ক্রেতা হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।’
শিয়ে আরও বলেছেন, ‘বিশেষ করে এই শুল্ক নির্ণয় পদ্ধতি কম্বোডিয়ার মতো ছোট উন্নয়নশীল দেশগুলোকে শাস্তি দেয়, যাদের যুক্তরাষ্ট্র থেকে বেশি কিছু কেনার সক্ষমতা নেই।’
কম্বোডিয়ার সরকারি মুখপাত্র পেন বোনা টেক্সট মেসেজের মাধ্যমে ব্লুমবার্গকে জানান, তিনি এখনো এই শুল্কের বিষয়ে কোনো মন্তব্য করতে পারছেন না। বিষয়টি পর্যালোচনা করছে তাঁর দেশের সরকার।
উচ্চ মার্কিন শুল্কের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে যে ওলটপালট হবে তাতে, এশিয়ার দেশগুলো তাদের অভ্যন্তরীণ বাজার সস্তা চীনা পণ্যে সয়লাব হয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন। চীনের ওপরও ৩৪ শতাংশ হারে শুল্ক ধার্য করা হয়েছে, যা এ বছর ট্রাম্প আরোপিত আগের ২০ শতাংশ শুল্কের সঙ্গে যোগ হবে।
হাইনরিখ ফাউন্ডেশনের এলমস বলেন, ‘যুক্তরাষ্ট্রে আগে থেকেই যেসব পণ্যের রপ্তানি হয়, চীনকে এখন সেগুলোর জন্য নতুন বাজার খুঁজে বের করতে হবে, অন্তত স্বল্প মেয়াদে হলেও।’ তিনি আরও বলেন, ‘এটি প্রতিবেশীদের সঙ্গে নতুন উত্তেজনা তৈরি করবে।’
অনুবাদ করেছেন আজকের পত্রিকার সহ–সম্পাদক আব্দুর রহমান
আরও খবর পড়ুন:

ইরান যুদ্ধ বিশ্বরাজনীতিকে যখন ওলটপালট করে দিচ্ছে, তখন ইউরোপীয় ইউনিয়নের অন্দরে এক অদ্ভুত নীরবতা ও বিভাজন লক্ষ করা যাচ্ছে। গত বুধবার সকালে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ টেলিভিশনে ১০ মিনিটের একটি ভাষণে যা বলেছেন, তা শুধু স্পেনের অভ্যন্তরীণ রাজনীতির জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য এক শক্তিশালী
১ ঘণ্টা আগে
ইরানের সাম্প্রতিক সামরিক তৎপরতা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে গভীর মতপার্থক্য তৈরি হয়েছে বলে ধারণা করছেন পর্যবেক্ষকেরা। বিশেষ করে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ‘নরম অবস্থান’ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) ‘কঠোর নীতি’র মধ্যে...
৫ ঘণ্টা আগে
সম্প্রতি কাতারে একটি বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি রেকর্ডকৃত ভিডিও বার্তা নতুন করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। ওই বার্তায় প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন, প্রতিবেশী দেশগুলোর মাটি ব্যবহার করে ইরানের ওপর হামলা না চালানো...
৮ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ সহস্রাধিক মানুষের প্রাণহানি এবং মধ্যপ্রাচ্যজুড়ে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় সৃষ্ট যুদ্ধের দামামা এখন দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানেও প্রবলভাবে অনুভূত হচ্ছে।
৯ ঘণ্টা আগে