‘বসকে ফিরিয়ে আনুন’—জেনসেনের পক্ষে ১৬০০ এনভিডিয়া কর্মীর পিটিশন

একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ও আকস্মিক পদত্যাগের পরও চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফিরিয়ে আনার দাবি তুলেছেন প্রতিষ্ঠানটির একদল কর্মী। মার্কিন প্রযুক্তি সাময়িকী ওয়্যার্ডের হাতে আসা অভ্যন্তরীণ নথিপত্র ও চিঠিপত্রে এ তথ্য উঠে এসেছে।
হুয়াংয়ের পদত্যাগের আগেই প্রতিষ্ঠানটির এক প্রবীণ প্রকৌশলী অভ্যন্তরীণ ‘সাজেশন বক্স’ বা পরামর্শ বাক্সে একটি পোস্ট দিয়ে পরিচালনা পর্ষদকে যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে কর্মীদের মতামত বিবেচনা করার অনুরোধ জানিয়েছিলেন। এর পর থেকে ওই পোস্টে ১ হাজার ৬০০-এর বেশি মন্তব্য জমা পড়েছে, যেখানে অনেকেই বোর্ড সদস্যদের কাছে হুয়াংকে ফিরিয়ে আনার পথ খোঁজার আহ্বান জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী মন্তব্য করেন, ‘আপনারা যদি প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যে বিশ্বাস করেন, তবে “বস”-কে ফিরিয়ে আনুন।’
আরও একজন লিখেছেন, ‘আমরা সবাই মানুষ এবং ভুল করতে পারি। জেনসেন প্রতিষ্ঠানের জন্য অনেক ভালো কাজ করেছেন এবং তাঁর আরও একটি সুযোগ পাওয়া উচিত।’
এক কর্মী তো এক ধাপ এগিয়ে পুরো কোম্পানির সবার উদ্দেশে একটি ই-মেইল পাঠিয়ে হুয়াংয়ের বিদায়ের পেছনের কারণ নিয়ে স্বচ্ছতা দাবি করেছেন। ওই কর্মী লিখেছেন, ‘আমি জেনসেনের পাশে আছি। আমি বিশ্বাস করি না যে, কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে, তবে ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোর অর্থ এমন একজন মানুষের কাছ থেকে দূরে সরে যাওয়া নয়, যাঁর নেতৃত্ব আমাদের কাছে অনেক কিছু।’
ওই কর্মী আরও উল্লেখ করেন, ‘আমেরিকা যদি এমন একজন মানুষকে ব্যর্থ করে দেয়, যিনি দেশটির ভবিষ্যৎ গড়তে সাহায্য করেছেন, তবে এই পৃথিবী জেনসেন হুয়াংয়ের যোগ্য নয়।’
তবে এ বিষয়ে মন্তব্যের জন্য সংশ্লিষ্ট কর্মী ও প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এনভিডিয়া ও প্রতিষ্ঠানটির নবনিযুক্ত বোর্ড চেয়ারম্যান হার্ভে জোনসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
যেভাবে ঘটনার সূত্রপাত
১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে টানা ৩৩ বছর এনভিডিয়াকে নেতৃত্ব দেওয়া ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং গত রোববার কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে স্ত্রীর প্রতি অবিশ্বস্ত থাকার কথা স্বীকার করে ক্ষমা চান। চীনা গোয়েন্দা সংস্থার সন্দেহভাজন এক এজেন্টের সঙ্গে তাঁর সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর তিনি এই স্বীকারোক্তি দেন।
এরপর প্রতিষ্ঠানেরই এক অধস্তন নারী নির্বাহীর সঙ্গে তাঁর দ্বিতীয় সম্পর্কের অভিযোগ উঠলে গতকাল বৃহস্পতিবার সকালে পরিচালনা পর্ষদ হুয়াংয়ের পদত্যাগের ঘোষণা দেয়। পরে বার্তা সংস্থা রয়টার্স এনভিডিয়ার আরও এক নারী কর্মীর সঙ্গেও তাঁর সম্পর্কের অভিযোগের খবর প্রকাশ করে। রোববারের ই-মেইলের পর হুয়াং এ নিয়ে আর কোনো মন্তব্য করেননি।
এই বিতর্ক সামনে আসার পর থেকে শেয়ারবাজারে এনভিডিয়ার বাজারমূল্য প্রায় এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলার কমে গেছে। পাশাপাশি বিষয়টি নিয়ে মার্কিন আইনপ্রণেতা ও এফবিআই তদন্ত শুরু করেছে এবং চিপ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা তৈরি হয়েছে।
বর্তমানে এনভিডিয়ার প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন সিইও ও সিনপসিসের সাবেক সিইও হার্ভে জোনসকে বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
চলতি সপ্তাহে কোম্পানির দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক থাকলেও হুয়াংয়ের আকস্মিক বিদায়ে অনেক কর্মীই স্তম্ভিত হয়ে পড়েছেন। পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় দুই ডজন কর্মী পেশাদার নেটওয়ার্কিং সাইট লিঙ্কডইনে হুয়াংয়ের নেতৃত্বের প্রতি অবিচল আস্থা জানিয়ে পোস্ট দিয়েছেন। বিপরীতে, তাঁর পদত্যাগকে সমর্থন করে কোনো কর্মীর পোস্ট খুঁজে পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এনভিডিয়ার এক কর্মী ওয়্যার্ডকে বলেন, জেনসেনের কারণেই আজকের এই এনভিডিয়া। অনেক কর্মীই আশা করেছিলেন যে, বোর্ডের তদন্ত শেষ হওয়ার পর ও কর্মীদের মতামত নেওয়ার পরই কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হবে; কিন্তু তদন্ত শুরুর পরপরই হুয়াং বিদায় নেওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ ও বিস্ময় তৈরি হয়েছে।











