Ajker Patrika

এনভিডিয়ার জেনসেনকে নিজের কোম্পানিতে চাকরি দিতে চান মাস্ক

আজকের পত্রিকা ডেস্ক­
এনভিডিয়ার জেনসেনকে নিজের কোম্পানিতে চাকরি দিতে চান মাস্ক
ইলন মাস্ক ও জেনসেন হুয়াং। ছবি: সংগৃহীত

পরকীয়া ও গুপ্তচরবৃত্তির বিতর্কে জড়িয়ে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ছাড়ার প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে নিজের কোম্পানিতে নিয়োগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক ব্যবহারকারীর প্রস্তাবের জবাবে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক জানান, জেনসেন হুয়াংকে নিয়োগ দিতে পারলে তা তাঁর জন্য অত্যন্ত সম্মানের বিষয় হবে।

জেনসেন হুয়াংয়ের পেশাগত অনিশ্চয়তার মধ্যে এক এক্স ব্যবহারকারী মাস্ককে উদ্দেশ করে তাঁকে নিয়োগ দেওয়ার পরামর্শ দেন। এর তাৎক্ষণিক উত্তরে মাস্ক লেখেন, ‘এটি হবে অত্যন্ত সম্মানের বিষয়’ (That would be an honour)।

অন্তত দুটি বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে মার্কিন সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়।

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায়, হুয়াংয়ের ভবিষ্যৎ নির্ধারণে এনভিডিয়ার বোর্ড জরুরি বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছিল। পরবর্তীতে তিনি নিজেই পদত্যাগ করেন।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে জানানো হয়, জেনসেন হুয়াং তাঁর প্রতিষ্ঠানেরই এক অধস্তন নারী নির্বাহীর সঙ্গে দ্বিতীয় আরেকটি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। প্রতিবেদনে দাবি করা হয়, এনভিডিয়ার হেলথ কেয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট ৪৮ বছর বয়সী কিম্বার্লি পাওয়েলের সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও প্রমাণ রয়েছে।

ক্যালিফোর্নিয়ার সান হোসে-তে একটি সম্মেলনে অংশ নেওয়ার সময় একটি হোটেলে প্রত্যক্ষদর্শীরা তাঁদের অন্তরঙ্গ অবস্থায় দেখেছিলেন বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়। উল্লেখ্য, উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে এনভিডিয়ার চিপ প্রযুক্তি সম্প্রসারণের অন্যতম প্রধান মুখ ছিলেন কিম্বার্লি পাওয়েল।

এর আগে সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান ‘মেগাস্পিড’-এর জ্যেষ্ঠ নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন জেনসেন হুয়াং। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ২০২৪ এবং ২০২৫ সালে তাইপেতে তাঁদের যুগল ছবি তোলা হয়েছিল।

গত বসন্তে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক গোপন স্মারকে অভিযোগ করা হয়েছিল, অ্যালিস হুয়াং চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি) একজন গুপ্তচর বা এজেন্ট হিসেবে কাজ করছিলেন। এই স্পর্শকাতর তথ্য সামনে আসার পর থেকেই এনভিডিয়ার শীর্ষ নেতৃত্বে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত