Ajker Patrika

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ: বন্ধু তুমি, শত্রু তুমি

রানা আব্বাস, কানসাস থেকে
আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ: বন্ধু তুমি, শত্রু তুমি
২৪ বছর পর ফুটবল বিশ্বকাপে মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড। এবার তারা মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে। ছবি: সংগৃহীত

সুইসদের বিপক্ষে মেসিদের দারুণ এক জয়ের পর কানসাস স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে দেখা হতেই আর্জেন্টিনার টেলিভিশন টেলেফের সাংবাদিক এমিলিয়ানো লাপোলা ভ্রু বাঁকিয়ে বললেন, ব্রিটিশ মিডিয়া তো ‘খেলা’ শুরু করে দিয়েছে, দেখেছেন? কী খেলা, জানতে চাইলে তাঁর উত্তর, ‘মনস্তাত্ত্বিক খেলা! আর্জেন্টিনা দলকে নিয়ে যত নেতিবাচক খবর প্রকাশ করা যায়, করছে।’

বেশ শঙ্কিত কণ্ঠে কথাগুলো বলার পর মুখে হঠাৎ হাসি ফুটিয়ে এমিলিয়ানো বললেন, ‘ইংলিশরা যা ইচ্ছা বলুক, বাংলাদেশের মতো দূরের একটা দেশ থেকে যে সাপোর্ট আমরা পাই, এটা আমাদের অনেক বড় শক্তি। ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচের আগে উত্তাপ, বিতর্ক থাকবেই।’

আবারও আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যেন ১৯৮৬ বিশ্বকাপের সেই স্মৃতি ফিরে এসেছে। ৪০ বছর আগে মেক্সিকো বিশ্বকাপে লড়াইটা ছিল কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচে ডিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক ‘হ্যান্ড অব গডে’র সৃষ্টি! মেক্সিকো সিটির এস্তাদিও আসতেকায় আর্জেন্টিনা ২-১ গোলে জয় পেয়েছিল ম্যারাডোনার জোড়া গোলের সুবাদে। এর একটি ছিল ‘হ্যান্ড অব গড’, অন্যটি অসাধারণ একক নৈপুণ্যে করা গোল, যা আজও বিশ্বকাপ ইতিহাসে সর্বকালের সেরা গোলগুলোর একটি হিসেবে বিবেচিত।

আর এবার লড়াইটা সেমিফাইনালে। ২০০২ বিশ্বকাপের পর প্রথমবার বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি। ২৪ বছর আগের সেই ম্যাচে ইংল্যান্ড ডেভিড বেকহামের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল এবং ওই হারে আর্জেন্টিনা গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। ২৪ বছর পর আবারও দুই দলের লড়াই। এবারের লড়াই বিশ্বকাপের ফাইনালে ওঠার টিকিট নিশ্চিত করার।

টানা তিন বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা। এবারই প্রথমবার র‍্যাঙ্কিংয়ের প্রথম চার দল খেলছে সেমিফাইনালে। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস
টানা তিন বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা। এবারই প্রথমবার র‍্যাঙ্কিংয়ের প্রথম চার দল খেলছে সেমিফাইনালে। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস

আর্জেন্টিনা-ইংল্যান্ডের লড়াই মানে অবধারিতভাবে চলে আসবে দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যেটাতে জড়িয়ে দীর্ঘদিনের সার্বভৌমত্ব বিরোধের প্রেক্ষাপট। শনিবার কানসাস সিটিতে অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেসের গোলে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারানোর পর ইংল্যান্ড ম্যাচ ঘিরে রাজনৈতিক উত্তাপ কমানোর চেষ্টা করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বললেন, ‘আমার বার্তা একটাই—এটি আরেকটি ফুটবল ম্যাচ। এর বেশি কিছু বলার নেই। আমরা খুবই শক্তিশালী এক প্রতিপক্ষের বিপক্ষে খেলব। তাদের একজন অসাধারণ কোচ (টমাস টুখেল) আছেন। এটি শুধুই একটি ফুটবল ম্যাচ, এর বেশি কিছু নয়।’

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ইংলিশদের যেন ‘ঘরের শত্রু বিভীষণ’। সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকা পাঁচ ফুটবলারই ইংলিশ প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবের অন্যতম প্রধান ভরসা। সুইজারল্যান্ড ম্যাচের নায়ক হুলিয়ান আলভারেস ইউরোপে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন ম্যানচেস্টার সিটির হয়ে। শুধু আলভারেসই নন, আরও খেলোয়াড় আছেন, যাঁদের বলা হচ্ছে ‘আর্জেন্টাইন বিটলস’—প্রতিপক্ষকে খুব ভালো করেই চেনেন, প্রিমিয়ার লিগের কঠিন প্রতিদ্বন্দ্বিতায় নিয়মিত লড়াই করতে করতে যথেষ্ট অভিজ্ঞ হয়ে উঠেছেন।

এনসো ফার্নান্দেস শুধু চেলসির অধিনায়কই নন; ক্লাবটির সমর্থকদের কাছে একজন নেতা ও আইকন। প্রিমিয়ার লিগের আরেক তারকা এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস। অ্যাস্টন ভিলার সমর্থকদের প্রিয় এই গোলরক্ষক সম্প্রতি দলকে নিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছেন। সুইজারল্যান্ডের এনদয়ের যে শট তাঁর দুই পায়ের ফাঁক দিয়ে জালে ঢুকে যায়, সেটি বাদ দিলে কোয়ার্টার ফাইনালে তিনি দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছেন।

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও প্রিমিয়ার লিগের আরেক পরিচিত মুখ। ব্রাইটনে খেলার পর এখন লিভারপুলে দারুণ করছেন। সপ্তাহের পর সপ্তাহ যেসব খেলোয়াড়ের বিপক্ষে তিনি খেলেন, আটলান্টার সেমিফাইনালেও তাঁদের অনেকে থাকবেন প্রতিপক্ষ হিসেবে। আরেকজন লিসান্দ্রো মার্তিনেস, ম্যানচেস্টার ইউনাইটেডের ভরসা। তাঁর সেন্টার-ব্যাক সঙ্গী ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরোর টটেনহাম হটস্পারের নির্ভরযোগ্য ডিফেন্ডার।

২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালের সূচি। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস
২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালের সূচি। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস

ইংল্যান্ড দলের অধিকাংশ খেলোয়াড়ই প্রিমিয়ার লিগে খেলেন। এমনকি তাঁদের কয়েকজন একই ক্লাবে আর্জেন্টাইন ফুটবলারদের সতীর্থও। এবার জাতীয় দলের জার্সিতে তাঁরা মুখোমুখি হতে যাচ্ছেন এক স্মরণীয় লড়াইয়ে। এ যেন আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি ‘প্রিমিয়ার লিগের’ আবহে মোড়া একটি ম্যাচ।

আর্জেন্টিনা দলে প্রিমিয়ার লিগে খেলা আরও দুজন ফুটবলার রয়েছেন। মার্কোস সেনেসি বোর্নমাউথের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পর চলতি দলবদলে টটেনহামে যোগ দিয়েছেন। ভ্যালেন্তিন বার্কোর চেলসিতে যোগ দেওয়া এখন প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে।

আর লিওনেল মেসি? প্রিমিয়ার লিগে না খেললেও তাঁর ইন্টার মায়ামির মালিক কে, তা তো জানেনই—স্যার ডেভিড বেকহাম। আটলান্টায় ‘প্রিয়’ বেকহামের বুকেই শেল ছুড়ে মারতে চাইবেন মেসি-দি পলরা! দুই দলের দ্বৈরথে চেনা বন্ধুরাই হয়ে যাচ্ছেন ‘শত্রু’—১৫ জুলাই তাঁরা আটলান্টায় ঝাঁপিয়ে পড়বেন ফাইনালের টিকিট নিশ্চিত করতে। আর দুই দেশের সমর্থকেরা খেলার সঙ্গে নেভাতে চাইবেন দীর্ঘদিন ধরে মনের ভেতর জ্বলতে থাকা রাজনৈতিক প্রতিশোধের আগুনও!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত