Ajker Patrika

প্রত্যেকটা গ্র্যান্ড স্লাম জয়ই আলাদা, উইম্বলডন জয়ের পর সিনার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৬: ১৬
প্রত্যেকটা গ্র্যান্ড স্লাম জয়ই আলাদা, উইম্বলডন জয়ের পর সিনার
উইম্বলডন শিরোপা ধরে রাখার পর এভাবেই হাত নেড়ে দর্শকদের অভিবাদনের জবাব দিয়েছেন ইয়ানিক সিনার। এই নিয়ে ক্যারিয়ারে পঞ্চমবার জিতলেন গ্র্যান্ড স্লাম শিরোপা। ছবি: এএফপি

উইম্বলডন শিরোপা ধরে রাখলেন ইয়ানিক সিনার। লন্ডনে গতকাল আলেকজান্ডার জভেরেভের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে ফের এই টুর্নামেন্টের শিরোপা জিতলেন সিনার। টানা দুইবার উইম্বলডন জিতে সিনার আবেগপ্রবণ হয়ে পড়েছেন। রুদ্ধশ্বাস জয় বলে নয়, মাস দুই আগেও যে অবস্থায় ছিলেন, সেখান থেকে প্রত্যাবর্তনে আবেগ ধরে রাখাই কঠিন হয়ে পড়ে তাঁর জন্য।

এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বাছাই সিনার দুই মাস আগেও ফ্রেঞ্চ ওপেনে বিদায় নিয়েছিলেন দ্বিতীয় রাউন্ড থেকেই। এ বছরের মে মাসে হুয়ান ম্যানুয়েল সেরুন্দোলোর কাছে হেরে সিনারের বিদায় নেওয়াটা ছিল অবাক করার মতোই। গত রাতে ইতালিয়ান শীর্ষ বাছাই যেন সব হতাশা ঝেড়ে ফেলার মিশনেই নেমেছিলেন। তবে জভেরেভের বিপক্ষে প্রথম সেটই হার দিয়ে শুরু করেন সিনার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হওয়া প্রথম সেট জভেরেভ জেতেন ৭-৬ (৭-৯) গেমে। সিনারের প্রত্যাবর্তন শুরু এখান থেকেই। টানা তিন সেট জিতে ৬-৭ (৯-৭), ৭-৬ (৭-২), ৬-৩, ৬-৪ গেমে উইম্বলডন শিরোপা নিজের কাছেই রেখে দেন ইতালিয়ান শীর্ষ বাছাই।

টানা দুইবার উইম্বলডন শিরোপা জিতে সোনালি ট্রফিতে চুমু খেলেন সিনার। চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে যেন ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। ইতালিয়ান শীর্ষ বাছাই বলেন, ‘আমার মতে প্রত্যেক গ্র্যান্ড স্ল্যামই আলাদা। প্রত্যেকের গল্প আলাদা, পরিবেশ আলাদা, টুর্নামেন্টের আগে অনুভূতিগুলোও আলাদা। আমার কাছে এই শিরোপার গুরুত্ব অনেক বেশি। কারণ, প্যারিসের পর এটা ছিল কঠিন এক সময়।’

প্রথম সেটে টাইব্রেকারে জভেরেভ জেতার পর সিনার যেন তখনই প্রত্যাবর্তনের গল্প লেখার প্রতিজ্ঞা করেন। কিন্তু জভেরেভও যে ছেড়ে দেবার পাত্র নন। সমান তালে লড়াইয়ের পর টাইব্রেকারে এবার হেরে গেছেন জার্মান টেনিস তারকা। তবে দুই সেটে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিনারের সঙ্গে আর পেরে ওঠেননি জভেরেভ। চতুর্থ সেটে ফোরহ্যান্ড মেরে টানা দুইবার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন সিনার। শিরোপা জিতে ইতালিয়ান শীর্ষ বাছাই বলেন, ‘এখানে এসে নিজেকে যতটা সম্ভব সেরা অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, যাতে সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটা খেলতে পারি।’

প্রথম সেটে রুদ্ধশ্বাস জয়ের পর বুনো উল্লাসে মাতেন জভেরেভ। কিন্তু সিনার যে তখনই শিরোপা ধরে রাখার দৃঢ় প্রতিজ্ঞা করেছেন। টানা তিন সেট জিতে উইম্বলডন শিরোপা ধরে রাখলেন সিনার। যেটা তাঁর ক্যারিয়ারে পঞ্চম গ্র্যান্ড স্লাম শিরোপা। ২০২৬ উইম্বলডন জিতে ইতালিয়ান শীর্ষ বাছাই বলেন, ‘মোনাকোতে আমরা অসংখ্য দীর্ঘ কর্মদিবস কাটিয়েছি। এই অবস্থানে পৌঁছাতে আমি অবশ্যই অনেক সময় এবং আরও অনেক কিছু ত্যাগ করেছি। এই অর্জন আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আজকের (গতকাল) দিনটি ছিল অসাধারণ।’

সিনারের গ্র্যান্ড স্লাম জেতা শুরু হয়েছে ২০২৪ সাল থেকেই। সে বছর অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ২০২৫ সালে জেতেন অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডনের শিরোপা। সেই ধারাবাহিকতায় এবার জিতলেন উইম্বলডন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত