Ajker Patrika

জিম্বাবুয়ে সিরিজে কখন খেলতে পারবেন লিটন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
জিম্বাবুয়ে সিরিজে কখন খেলতে পারবেন লিটন
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন লিটন দাস। ছবি: বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত দূরে লিটন দাস। মাংসপেশির চোটে ভুগতে থাকা এই উইকেটরক্ষক ব্যাটারকে ছাড়া বাংলাদেশ এরই মধ্যে চতুর্থ ম্যাচ খেলছে। তবে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খানের আশা শিগগিরই বাংলাদেশের জার্সিতে ফিরছেন লিটন।

চোটে পড়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের দল থেকে বাদ পড়েছেন লিটন। গতকাল শুরু হওয়া টেস্ট তাঁকে ছাড়া খেললেও ওয়ানডে সিরিজের দলে এই উইকেটরক্ষক ব্যাটারকে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ লিটনকে নিয়ে বিসিবির ভিডিও বার্তায় বায়েজিদুল বলেন, ‘প্রথম ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা খুবই কম। তবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে তার সম্ভাবনা রয়েছে। যদি সে তার সব ফিটনেস টেস্ট এবং অন্যান্য ক্ষেত্রে পাস করতে পারে, তাহলে ইনশা আল্লাহ সে খেলবে।’

১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় মাংসপেশির চোটে পড়েছিলেন লিটন। ৫৮ রানের অপরাজিত ইনিংস খেললেও উইকেটরক্ষকের কাজ করতে পারেননি। উইকেটরক্ষকের গ্লাভস পরেছিলেন নুরুল হাসান সোহান। পরবর্তীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মিস করেছিলেন লিটন। তাঁর পরিবর্তে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছিলেন তাওহীদ হৃদয়।

লিটন দ্রুত চোট থেকে সেরে উঠবেন বলে আশা বায়েজিদের। বিসিবির ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বলেন, ‘লিটন দাস বাঁ পায়ের মাংসপেশির চোটে ভুগছে। সেটা এখনো গ্রেড ওয়ান পর্যায়ে আছে। সাধারণত প্রায় দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সেরে ওঠার কথা। তার এর মধ্যে দুই সপ্তাহ হয়ে গেছে। আশা করি সে তিন সপ্তাহের মধ্যে সেরে উঠবে।’

লিটনের পরিবর্তে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে মাহিদুল ইসলাম অঙ্কনকে নেয় বিসিবি। তবে গতকাল শুরু হওয়া হারারে টেস্টের একাদশে অঙ্কনের জায়গা হয়নি। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলছেন অমিত হাসান। তাঁর এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে।

মে মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে লিটন করেছিলেন ২৩৯ রান। পাকিস্তানকে ধবলধোলাইয়ের অন্যতম কারিগরকে ছাড়া জিম্বাবুয়ে টেস্টে বাংলাদেশ গতকাল ২৭ রানে ৮ উইকেট হারিয়ে ১৪০ রানে গুটিয়ে যায়। ১ উইকেটে ১৩৬ রান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবে জিম্বাবুয়ে।

ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েকে হারালেই টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ। এর আগে মিরাজের নেতৃত্বে বাংলাদেশ চারটা সিরিজই ২-১ ব্যবধানে জিতেছিল। ৬, ৯ ও ১১ জুলাই হারারেতে হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত