শুনলে মনে হয় রসিকতা। কিন্তু বাস্তবটা এতটাই তিক্ত যে চোখ কপালে ওঠে। গাজীপুরের শ্রীপুরে এক্স সিরামিকস লিমিটেড নামের একটি কারখানা, যাদের বিরুদ্ধে নদী দখল ও দূষণের একাধিক অভিযোগ প্রমাণসহ রয়েছে পরিবেশ অধিদপ্তরের নথিতে, তারা কিনা পেয়েছে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’। হ্যাঁ, ঠিকই পড়ছেন—পরিবেশবান্ধব শিল্পের সম্মাননা! এই দেশে সম্ভবত আমরা এমন এক যুগে প্রবেশ করেছি, যেখানে কুমিরদের মাঝেও শাকাহারীর খেতাব বিলিয়ে দেওয়া হয়।
আজকের পত্রিকায় ২৮ জুন ‘খালদূষণকারী কারখানা পেল পরিবেশবান্ধব পুরস্কার’ শিরোনামে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, লবলঙ্গ নদ, একসময় যা ছিল শ্রীপুর অঞ্চলের প্রাণ, আজ তা শুধু মানচিত্রে নামমাত্র টিকে আছে। কারণ, এক্স সিরামিকস কারখানা তাদের প্রাচীর টানতে টানতেই নদের বুকের ওপর দিয়ে চলেছে। নদের গতিপথ পরিবর্তন, দখল, কালভার্ট নির্মাণ এবং চাষযোগ্য জমি অনাবাদি করে তোলা—সবই হয়েছে চোখের সামনে, প্রশাসনের নাকের ডগায়। এলাকার মানুষ, পরিবেশকর্মী, নদী আন্দোলনকারী সবাই বারবার প্রতিবাদ করেছেন, সোচ্চার হয়েছেন। পরিবেশ অধিদপ্তর তদন্ত করে বলেছে, ‘হ্যাঁ, দখল ও দূষণের প্রমাণ পাওয়া গেছে।’ এরপরও এই কারখানা কীভাবে ‘পরিবেশবান্ধব’ হয়ে উঠল?
শুধু কি সম্মাননা দেওয়া হয়েছে? তা-ও আবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে, ফুলেল শুভেচ্ছা, হাততালি, টুপি-চশমা পরে অভিজাত মেজাজে। উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টা। পুরস্কার গ্রহণ করছে সেই কারখানা, যাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের নথিতে ‘নদ গিলে ফেলার’ অভিযোগ উঠেছে। যেন বাঘকে পাঁঠার দেখভালের দায়িত্ব দিয়ে শান্তির প্রতীক বানানো হলো।
এই ‘গ্রিন অ্যাওয়ার্ড’ আসলে কিসের প্রতীক? পরিবেশ রক্ষার, নাকি ঢাকঢোল পিটিয়ে দায়মুক্তির উৎসবের? পুরস্কার কমিটিতে কারা ছিলেন, তাঁরা কার হয়ে কাজ করেছেন, কোন নথি তাঁরা দেখেছেন—এসব প্রশ্নের জবাব দেওয়া কি জরুরি নয়? নাকি এখন থেকে দখল-দূষণ করেও সম্মাননা পাওয়ার পথটাই হবে নতুন ‘টেকসই’ মডেল?
আরও অবাক করার মতো ব্যাপার হলো, যখন পরিবেশ অধিদপ্তর রিপোর্ট দিচ্ছে, তখন এক্স সিরামিকস কর্তৃপক্ষ ফোন ধরছে না, কোনো ব্যাখ্যাও দিচ্ছে না। তাদের ছাড়পত্র স্থগিত রাখা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, তবু জবাব নেই। তাহলে কি পুরস্কার পেলেই তারা দায়মুক্ত? এই প্রশ্ন শুধু লবলঙ্গ নয়, দেশের প্রতিটি নদ-নদী, প্রতিটি গাছ, প্রতিটি পরিবেশকর্মীর কণ্ঠে এখন।
সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়ে চলছে তীব্র সমালোচনা। ‘রিভার ফাউন্ডেশন’, ‘নদী পরিব্রাজক দল’, ‘রিভার অ্যান্ড ন্যাচার ফাউন্ডেশন’সহ একাধিক সংগঠনের শীর্ষস্থানীয়রা লিখেছেন, তাঁরা হতবাক, ক্ষুব্ধ এবং অপমানিত। এ যেন ঠিক আগুন লাগিয়ে দেওয়া লোককে আগুন নেভানোর পদক দেওয়া।
আমরা চাই, যে সম্মাননা দেওয়া হয়েছে, তার ব্যাখ্যা জনসমক্ষে আসুক। যদি ভুল হয়ে থাকে, তা সংশোধন করা হোক। যদি ইচ্ছাকৃত হয়, তবে জবাবদিহি করা হোক। না হলে ‘পরিবেশবান্ধব শিল্প’ শব্দটি একদিন ‘পরিবেশ-বিদ্রূপ শিল্প’ হিসেবেই ইতিহাসে ঠাঁই পাবে।

তৃষ্ণার্তকে পানি পান করানো যে একটি ভালো কাজ, তা নিশ্চয়ই সচেতন পরিবারের শিশুদের শিক্ষা দেওয়া হয়। একই শিক্ষা হয়তো পেয়েছিল ময়মনসিংহের গফরগাঁওয়ের এক প্রবাসীর ছেলে। তৃষ্ণার্ত ভেবে যাদের পানি খাওয়াতে চেয়েছিল সে, তারাই তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার ঘরে ঢুকে লুটপাট চালায়।
১৪ ঘণ্টা আগে
নয়াদিল্লিতে অনুষ্ঠিত এবারের ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর যোগদান না করার সিদ্ধান্তটিকে আমি এখনই কোনো চূড়ান্ত রায় দিয়ে মূল্যায়ন করতে চাই না। এ ধরনের সিদ্ধান্তকে শুধু আবেগ বা মুহূর্তের প্রতিক্রিয়া দিয়ে বিচার করলে চলবে না।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ঘোষিত ‘জাতীয় বেতনকাঠামো ২০২৬’ অনুমোদনের পর জাতীয় দৈনিকগুলোতে আসা হিসাব-নিকাশগুলো একটি প্রাতিষ্ঠানিক বাস্তবতাকে সামনে এনেছে। নতুন বেতনকাঠামো বাস্তবায়িত হলে সদ্য যোগ দেওয়া তরুণ কর্মকর্তাদের প্রারম্ভিক বেতন এক লাফে দ্বিগুণ হবে। সংবাদটি প্রাথমিকভাবে স্বস্তিদায়ক মনে হলেও এর আড়ালে যে গভীর....
১৬ ঘণ্টা আগে
সম্প্রতি উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ গিয়েছিলাম। প্রমত্তা যমুনার পারে এই শহরটির রয়েছে দীর্ঘ ভাঙাগড়ার ইতিহাস। আজ থেকে ৩৯ বছর আগে প্রথম এই শহরে যাওয়ার কথা বারবার মনে পড়ছে। মনে মনে হিসাব করে দেখলাম, দেশে ও বিদেশে যেখানেই গিয়েছি, তার প্রধান কারণ একটাই ছিল, সেটা হলো শিল্পকলার প্রেরণা, নাটক।
২ দিন আগে