বাংলা ভাষায় অতিপরিচিতি শব্দ হলো ফ্যাঁকড়া। যাপিত জীবনে কমবেশি আমরা সবাই ফ্যাঁকড়ায় পড়েছি। কখনো ফ্যাঁকড়া থেকে উত্তীর্ণ হতে পেরেছি, আবার কখনো ফ্যাঁকড়াতেই জীবন অতিবাহিত করছি। কিন্তু আমরা কি জানি ফ্যাঁকড়া শব্দটির মূল অর্থ কী? কীভাবে শব্দটি বাংলা ভাষায় এমন নেতিবাচক রূপ লাভ করেছে? শব্দটির মূল অর্থই কি নেতিবাচক? এতসব প্রশ্নের বেড়াজালে না জড়িয়ে চলুন জেনে নিই ফ্যাঁকড়া শব্দের সাতসতেরো।
ফ্যাঁকড়া দেশি শব্দ। এটি বিশেষ্য পদ। ফ্যাঁকড়া শব্দের আক্ষরিক অর্থ হলো প্রশাখা; গাছের ডাল। অপরদিকে ফ্যাঁকড়া শব্দের আভিধানিক অর্থ হলো ফ্যাসাদ, ঝামেলা; বাধা, বিঘ্ন, ছলচাতুরী; মূল বিষয় থেকে উদ্ভূত অন্যান্য বিষয়। মূলত ফ্যাঁকড়া শব্দের আক্ষরিক অর্থ থেকেই ক্রমবিবর্তনের মধ্য দিয়ে নেতিবাচক অর্থটি জাত।
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ আমাদের বহুল প্রচলিত স্লোগানগুলোর একটি। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিপর্যস্ত পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এমনকি তীব্র তাপপ্রবাহের মুখে বাংলাদেশে বৃক্ষরোপণের পক্ষে সরব প্রচারণা প্রত্যক্ষ করেছি সামাজিক যোগাযোগমাধ্যমে। মূল কথা হলো, বৃক্ষ একেবারেই আলাদা এক প্রাণ, স্বতন্ত্র এক অস্তিত্ব। এ সত্যকে মনেপ্রাণে ধারণ করতে না পারলে, বৃক্ষকে ভালোবাসতে না পারলে কখনো বৃক্ষের প্রয়োজনীয়তাকে অন্তর থেকে অনুধাবন করা সম্ভব নয়। বৃক্ষ নিয়ে কেন এতগুলো কথা বললাম, তার কারণ হলো আমাদের আলোচ্য ফ্যাঁকড়া শব্দটি সরাসরি বৃক্ষের সঙ্গে সম্পর্কিত। মূলত বৃক্ষের উপশাখা তথা ছোট ছোট ডালপালাকে ফ্যাঁকড়া বলে। একটি গাছ যখন ছোট থেকে বড় হয় তখন এই ফ্যাঁকড়ার ধাপ অতিক্রম করে করেই বড় হয়। যত বড় গাছ তত বেশি ফ্যাঁকড়া। আমরা ছোটবেলায় দেখেছি বাড়ির মুরব্বিরা বছরে একবার গাছ ছেঁটে দিতেন। এই গাছ ছেঁটে দেওয়া বলতে প্রকৃতপক্ষে গাছের ফ্যাঁকড়াকে পর্যায়ক্রমে ঝেড়ে ফেলা বুঝায়। সচরাচর দেখা যায় বড় প্রজাতির গাছগুলোর গুঁড়ির দিকের ফ্যাঁকড়া ছাঁটাই করা না হলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয় না। গাছের স্বাভাবিক বৃদ্ধি এবং সুষম পুষ্টিগুণ অব্যাহত রাখতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফ্যাঁকড়া ছাঁটাই করার কোনো বিকল্প নেই। আশানুরূপ ফলন পেতেও যেমন আমরা খেতে নিড়ানি দিই, তেমনি নির্দিষ্ট সময় অন্তর অন্তর গাছের ফ্যাঁকড়া ছাঁটাইও অত্যাবশ্যকীয় কাজ।
কোনো পরিকল্পনা বা কোনো সুনির্দিষ্ট কাজে যদি গাছের ফ্যাঁকড়ার মতো ফ্যাঁকড়া বাধে তবে ওই কাজ আর সিদ্ধ হয় না। কেননা ফ্যাঁকড়া কাজের স্বাভাবিক বিকাশ বা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। অঞ্চলভেদে ফ্যাঁকড়া শব্দের নানান রূপভেদ রয়েছে। গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেমন ফ্যাঁকড়া ছেঁটে ফেলতে হয়, তেমনি কোনো পরিকল্পনা বা কাজে সফলতা অর্জন করতে হলে ওই কাজের ফ্যাঁকড়া ঝেড়ে ফেলতে হয়। নতুবা এই ফ্যাঁকড়া থেকে কাজে নতুন করে জটিলতা সৃষ্টি হবে।
প্রকৃতিজুড়েই রয়েছে প্রাণের মেলা। এই মেলার বড় অংশজুড়েই গাছ। প্রতিটি গাছই আলাদা। কারও কারও হাতের যত্নে গাছ যেমন তরতরিয়ে বেড়ে ওঠে, তেমনি কারও কারও নেতিবাচক ভূমিকার কারণে কাজের ফ্যাঁকড়াও বেড়ে যেতে পারে। এগুলো এড়াতে গাছের যেমন চাই বাড়তি যত্ন, তেমনি কাজেকর্মে ফ্যাঁকড়া এড়াতে চাই প্রয়োজনীয় সতর্কতা। ফ্যাঁকড়া শব্দটি গাছ থেকে জাত হয়ে এভাবেই আমাদের মুখের ভাষায় চলে এসেছে। তবে মনে রাখতে হবে, গাছের ফ্যাঁকড়া যেমন আকারে ছোট, তেমনি কোনো কাজের ফ্যাঁকড়াও ঝামেলা বা কোনো বিপদ থেকে অপেক্ষাকৃত ছোট। কিন্তু ফ্যাঁকড়া নির্মূল না করে কোনো কর্মে শতভাগ সফলতা অর্জন করা সম্ভব নয়।
লেখক: রাজীব কুমার সাহা
আভিধানিক ও প্রাবন্ধিক

দুঃখের সঙ্গে বলতে হয়, হামের এই প্রাদুর্ভাবের ঘটনা ঘটতে পেরেছে সরকার এবং প্রশাসনের অদূরদর্শিতার কারণে। অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে টিকা ক্রয় করার ব্যাপারে যে অপরিণামদর্শী কাণ্ড ঘটানো হয়েছে, তারই ধারাবাহিকতায় বিপাকে পড়েছে দেশের হাজার হাজার পরিবার, সে রকমটাই মনে করার যথেষ্ট কারণ..
১৭ ঘণ্টা আগে
বিচ্ছিন্নতা যেমন সত্য, তেমনি ক্ষতিকর। মানুষ বিচ্ছিন্ন হয় নানা কারণে এবং বিভিন্নভাবে। কিন্তু বড় সত্য এটাও যে মানুষ যেহেতু প্রকৃতি ও প্রবৃত্তি—দুদিক দিয়েই সামাজিক প্রাণী, তাই বিচ্ছিন্নতা তার জন্য স্বাভাবিক ও স্বাস্থ্যকরও নয়। বিচ্ছিন্নতাকে বরং অসুখ বলা চলে; যে জন্য তার চিকিৎসা আবশ্যক, পারলে তাকে....
১৮ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের অবহেলিত জেলা হিসেবে পরিচিত লালমনিরহাট এখন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। পাঁচ দশকের বেশি সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিমানবন্দরটি সচল করার স্বপ্ন এবার বাস্তবতার পথে এগোচ্ছে। সরকার বদলেছে বহুবার, কিন্তু বিমানবন্দরটি চালুর উদ্যোগ...
২০ ঘণ্টা আগে
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিশ্ব যখন নতুন শক্তির সমীকরণ খুঁজছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
২ দিন আগে