বিচ্ছিন্নতা যেমন সত্য, তেমনি ক্ষতিকর। মানুষ বিচ্ছিন্ন হয় নানা কারণে এবং বিভিন্নভাবে। কিন্তু বড় সত্য এটাও যে মানুষ যেহেতু প্রকৃতি ও প্রবৃত্তি—দুদিক দিয়েই সামাজিক প্রাণী, তাই বিচ্ছিন্নতা তার জন্য স্বাভাবিক ও স্বাস্থ্যকরও নয়। বিচ্ছিন্নতাকে বরং অসুখ বলা চলে; যে জন্য তার চিকিৎসা আবশ্যক, পারলে তাকে মিথ্যা করে দেওয়াই ভালো। কিন্তু কাজটা বেশ কঠিন। কোনো কোনো অবস্থায় বিচ্ছিন্নতা একেবারেই অনিবার্য হয়ে পড়ে; সেসব ক্ষেত্রে ঘটনাটিকে মানুষ বিধিলিপি হিসেবে মেনে নেয়। বিচ্ছিন্নতা ঘটে দুঃখ ও যন্ত্রণা থেকে, যা সব কালে ও স্থানেই সত্য।
বিচ্ছিন্নতা অবশ্যই সামাজিক। এই বিচ্ছিন্নতায় সমাজ ও রাষ্ট্র যুক্ত থাকে এবং অর্থনীতির ক্ষেত্রে তার কার্যকর তৎপরতা থাকে। এর হাত থেকে পরিপূর্ণ অব্যাহতি সম্ভবপর। তবে তাকে নিয়ন্ত্রণে রাখা যায় এবং রাখাটা প্রয়োজনও বটে। সেটার প্রয়োজন জীবনকে সুস্থ ও স্বাভাবিক রাখার স্বার্থেই।
বিচ্ছিন্নতার কারণে বিশেষ করে এর প্রভাব পড়েছে স্বাধীনতা ও সাম্যের ওপর। আর বিষয়টিকে বিভিন্ন ক্ষেত্র ও পরিপ্রেক্ষিতে বিবেচনা করা যায়। স্বাধীনতা ব্যক্তির মুক্তির জন্যই আবশ্যক এবং ব্যক্তির মুক্তিই হওয়া চাই সামাজিক বিকাশের উৎকর্ষ ও উপযোগিতার নিরিখে। কিন্তু ব্যক্তির বিকাশ সমষ্টির সাহায্য, সহযোগিতা ও সমর্থন ছাড়া কখনোই সম্ভব নয়।
সমষ্টির জীবনই ব্যক্তির অবস্থান এবং মানের ভেতর প্রতিফলিত হয় বলাটা মোটেই অন্যায় হবে না। কিন্তু সমষ্টির জীবনীশক্তি দুর্বল হয়ে পড়ে বিচ্ছিন্ন ব্যক্তি যদি নিজেকে মস্ত বড় করে তুলতে চায়। বড় গাছ তার আশপাশের ছোট গাছদের মিত্র নয়, শত্রু বটে। ব্যক্তির অস্বাভাবিক বৃদ্ধি স্বৈরাচারের জন্ম দেয়; সে অন্যের জায়গা দখল করে নেয়। বাধা দেয় তাদের বৃদ্ধিকে। ফলে দেখা দেয় অনৈক্য, বিরোধ ও সংঘর্ষ; হতাশা আসে, আসে উদ্যমহীনতা—এসব কারণে পরিবেশটা হয়ে দাঁড়ায় অস্বাভাবিক।
সাম্য থাকলেই যে ব্যক্তির স্বাধীনতা নিশ্চিত হবে, এমনটাও অবশ্য বলা যাবে না। আদিম সাম্যবাদী সমাজের কথা আমরা জানি, সেখানে ব্যক্তিগত সম্পত্তির কোনো বোধ ছিল না, দার্শনিক রুশো যে ব্যবস্থাকে অনেকটা আদর্শায়িত করেছেন। কিন্তু আদিম সেই ব্যবস্থায় ব্যক্তি খুব একটা স্বাধীন ছিল না। জগৎ ছিল সীমাবদ্ধ, প্রকৃতি ছিল বৈরী এবং রোগের চিকিৎসা অকিঞ্চিৎকর। অনেক পরে ফরাসি বিপ্লব এবং তারপর রুশ বিপ্লবের ফলে সমাজে সাম্য প্রতিষ্ঠিত হয়েছিল, নাগরিকেরা স্বাধীনতা পেয়েছিল, কিন্তু সমাজতান্ত্রিক বিশ্বকে সব সময়ই সন্ত্রস্ত থাকতে হয়েছে পুঁজিবাদ, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের বহুবিধ আগ্রাসন ও নিরন্তর অপপ্রচারের দরুন। রাশিয়ার সমাজতান্ত্রিক ব্যবস্থার কাঠামোটি তো শেষ পর্যন্ত ভেঙেই পড়ল, যাতে বোঝা গেল যে সাম্য স্থানীয় হলে তার পক্ষে টেকা মুশকিল, তার হওয়া চাই আন্তর্জাতিক। এসবই সত্য; কিন্তু সত্য এটাও যে সমাজে বৈষম্য যত বাড়ে, ব্যক্তির স্বাধীনতা ততই কমে।
সাম্য থাকাটাই যথেষ্ট নয়, কিন্তু না থাকলে যে ভীষণ বিপদ। সাম্য হচ্ছে সেই অদৃশ্য বন্ধন, ব্যক্তির জন্য যা নিরাপত্তা ও বিকাশের আশ্বাস জোগায়। বারণ করে দৈত্য হতে, অসম্মত হয় পতঙ্গে পরিণত করতে। সাম্য আইনের চেয়ে বড়, প্রথার তুলনায় শক্তিশালী; তাকে উপাদান হতে হয় সংস্কৃতির, অংশ হতে হয় সমাজকাঠামোর। যে গণতান্ত্রিক ব্যবস্থার প্রশংসায় সবাই পঞ্চমুখ, তার ভিত্তি হওয়া চাই অধিকার ও সুযোগের সাম্য।
বৈষম্য যেখানে প্রধান সমস্যা, মানুষের দুর্দশা সেখানে যেকোনো পর্যায়ে যেতে পারে, তার দৃষ্টান্ত অন্যত্র খোঁজার প্রয়োজন নেই, আমাদের নিজেদের সমাজেই অতিশয় প্রত্যক্ষরূপে তা বিদ্যমান। তথাকথিত জঙ্গিবাদ যে প্রবল হয়ে উঠেছে, তার পেছনে বিদেশি টাকা কিন্তু তার লালনের ক্ষেত্রটা হচ্ছে সামাজিক বৈষম্যজাত ক্ষোভ ও ক্রোধ। জঙ্গিরা নিজেদের বঞ্চিত ও বিচ্ছিন্ন হিসেবে দেখে। তারা মনে করে, তাদের প্রতি অন্যায় করা হয়েছে। তাদেরকে ঠেলে রাখা হয়েছে প্রান্তসীমায়। ফলে তারা প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে এবং শিক্ষা ও মেধার অভাবের দরুন হিংস্র হয়ে পড়ে। দুঃসাহসিক কাজ করে নিজেদের কেড়ে নেওয়া বীরত্বকে তারা প্রতিষ্ঠা করতে চায়—অন্যের চোখে যেমন, তেমনি নিজের চোখেও।
জঙ্গিবাদ অবশ্যই একটা রোগ, কিন্তু সে আবার একটা বড় রোগের লক্ষণও বটে। সেই বড় রোগটা হচ্ছে বিচ্ছিন্নতা; সমাজে ন্যায়বিচার নেই, তাই খেপে ওঠা বিদ্যমান ব্যবস্থাটাকে বোমা মেরে উড়িয়ে দিতে চায়; যদিও এদের মোটেই জানা নেই, কোন বিকল্পের তারা প্রতিষ্ঠা চায়, অতটা জ্ঞান-বুদ্ধি থাকলে অবশ্য এতটা বিচ্ছিন্ন হতো না, নিজেদের জীবনের অভিশাপকে নিয়ে যেতে চাইত না অন্যের জীবনে। হরতালের সময় রাস্তার টোকাইরা যেভাবে চলন্ত বাস দেখলে তাতে ঢিল ছোড়ে, জঙ্গিরাও সেভাবেই বোমাবাজি করে, যদিও তাদের ওই আবরণটা খুবই আলাদা, নইলে অনুভূতিটা বেশ নিকটবর্তী।
বিচ্ছিন্নতার কেন্দ্রে আছে ক্ষমতা থাকা না থাকার বিষয়টা। পুঁজিবাদী আর্থসামাজিক ব্যবস্থাটা কাউকে কাউকে সুযোগ দেয় ক্ষমতা কুক্ষিগত করার; এই ক্ষমতাবানেরা নিজেদের প্রবল করে এবং অন্যদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়। ফলে বঞ্চনার বোধ দেখা দেয়। বঞ্চিতরা তো অবশ্যই, ক্ষমতাবানেরা নিজেরাও বিচ্ছিন্ন হতে থাকে। ক্ষমতাহীন মানুষেরা ক্রমাগত প্রান্তিকতার দিকে এগোতে থাকে। আর ক্ষমতাবানেরাই যেহেতু আদর্শ হয়ে বিদ্যমান রয়ে যায়, তাদের দৃষ্টান্ত তাই অন্য সবাই অনুসরণ করতে থাকে। এই আদর্শবাদিতার পথ ধরে এগোতে গিয়ে আমাদের সমাজে দেখা যায়, মানুষ নিজেকে শুধুই অমানুষ করে তুলছে।
ব্যাপারটা রাষ্ট্রীয় পর্যায়েও ঘটছে। রাষ্ট্রক্ষমতাও এক জায়গায় এসে জড়ো হয়েছে। সাধারণ মানুষের হাতে কোনো ক্ষমতা নেই। রাষ্ট্রীয় ক্ষমতা যারা পেয়েছে, তারা নিশ্চল বসে থাকে না, আরও ক্ষমতাবান হতে চায়; তারা লুণ্ঠন করে, জুলুম চালায়; তাদের নিপীড়নে ক্ষমতাবঞ্চিত মানুষেরা ম্রিয়মাণ হয়ে যায়। গণতান্ত্রিক ব্যবস্থার একেবারে প্রাথমিক শর্ত হচ্ছে অধিকার ও সুযোগের সাম্য, সেই শর্ত পূরণ করার জন্যই ক্ষমতার বিকেন্দ্রীকরণ অপরিহার্য। ক্ষমতার বিকেন্দ্রীকরণ যেখানে নেই, সব ক্ষমতা যেখানে কতিপয়ের হস্তগত, সেখানে সমন্বয়ের প্রতিষ্ঠা হবে—এই আশা দুরাশা ছাড়া অন্য কিছু হতে পারে না। বৈষম্যপূর্ণ ব্যবস্থায় নির্বাচন গণতন্ত্র আনে না, বড়জোর ক্ষমতাবানদের ভেতর ক্ষমতার আদান-প্রদান ঘটায়; এবং ভোটাভুটি মোটেই ঐক্য তৈরি করে না, কয়েক দিনের তামাশার মধ্য দিয়ে আতশবাজির মতো শেষ হয়ে যায়।
মানুষ স্বাভাবিকভাবেই ক্ষমতা চায়—হতে পারে সেই ক্ষমতা বলপ্রয়োগের, হতে পারে সৃষ্টিশীলতার। পুঁজিবাদী ব্যবস্থা সৃষ্টিশীলতায় আস্থা রাখে না, তার পক্ষপাত বলপ্রয়োগ করার প্রতি। এই সমাজে ব্যক্তির আকাঙ্ক্ষা দাঁড়ায় বলপ্রয়োগের পন্থা ধরে, সে লকলক করে বেড়ে উঠবে, কেউ তাকে বাধা দেবে না। সাম্যকে সে কোনোভাবেই পছন্দ করে না, সাম্য তাকে টেনে ধরবে—এই আশঙ্কায়। সাম্যের প্রশ্নে ভীতিটা তাই মোটেই অস্বাভাবিক নয়, বরং খুবই সংগত;
যদিও চূড়ান্ত বিচারে অন্য অনেক ভয়ের মতো এটাও অযৌক্তিক। অযৌক্তিক এই জন্য যে সাম্য ব্যক্তিকে কেটে সমান করে না, ব্যক্তির ভেতরে যে সম্ভাবনা নিহিত রয়েছে সেটা যাতে অন্যের চাপে পড়ে হারিয়ে না যায়, সেই লক্ষ্যে নীরবে সচেষ্ট থাকে। কয়েকটা মাত্র বড় বড় দালান থাকবে, আর সবই বস্তি—এই অবস্থা মেধাবিকাশের জন্য মোটেই উপযোগী নয়। বড় দালানের লোকেরা ভয়ে থাকে, বস্তির মানুষেরা না-জানি কখন হামলা করে। হামলা না করলেও বস্তিবাসীরা যে পুরো পরিবেশ নিতান্ত ‘কলুষিত’ করে ফেলবে, এই জ্ঞান দালানওয়ালাদের বড়ই পীড়িত করে রাখে। অন্যদিকে বস্তির মানুষদের জীবন যে কতটা দুঃসহ আর দুর্যোগপূর্ণ, সেটা তো বলার অপেক্ষাই রাখে না।
সিরাজুল ইসলাম চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক (ঢাকা বিশ্ববিদ্যালয়)

দুঃখের সঙ্গে বলতে হয়, হামের এই প্রাদুর্ভাবের ঘটনা ঘটতে পেরেছে সরকার এবং প্রশাসনের অদূরদর্শিতার কারণে। অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে টিকা ক্রয় করার ব্যাপারে যে অপরিণামদর্শী কাণ্ড ঘটানো হয়েছে, তারই ধারাবাহিকতায় বিপাকে পড়েছে দেশের হাজার হাজার পরিবার, সে রকমটাই মনে করার যথেষ্ট কারণ..
৫ মিনিট আগে
দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের অবহেলিত জেলা হিসেবে পরিচিত লালমনিরহাট এখন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। পাঁচ দশকের বেশি সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিমানবন্দরটি সচল করার স্বপ্ন এবার বাস্তবতার পথে এগোচ্ছে। সরকার বদলেছে বহুবার, কিন্তু বিমানবন্দরটি চালুর উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিশ্ব যখন নতুন শক্তির সমীকরণ খুঁজছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
১ দিন আগে
বর্তমান পৃথিবীতে মেধার বিকল্প কিছু নেই। এখন যা কিছু করবেন, যা কিছু ভাববেন, সবকিছুতেই মেধার দরকার। মেধার বিকল্প একমাত্র অধিক মেধাসম্পন্ন চিন্তাভাবনা। মেধার বিকাশ ঘটাতে হবে বিজ্ঞানভিত্তিক, বাস্তবভিত্তিক কাজকে সমাধান করার জন্য। মুক্তবুদ্ধির চিন্তা করতে হবে, যা চলমান আধুনিক বিশ্বের সঙ্গে মানানসই হয়।
১ দিন আগে