বিশ্বের বিভিন্ন দেশ তাদের ঐতিহাসিক স্থাপনাগুলো যথাসাধ্য রক্ষণাবেক্ষণ করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়। দেশ-বিদেশের জ্ঞানপিপাসু পর্যটকেরা সেসব দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পান। এ ক্ষেত্রে আমাদের দেশ বেশ পিছিয়ে আছে বলেই মনে হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিরলস প্রচেষ্টা মাঝে মাঝে চোখে পড়লেও সাধারণ মানুষ কিন্তু এ ব্যাপারে থোড়াই কেয়ার করে! এ দোষটাও কেউ কেউ প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে দিতে পারেন এই বলে যে তারা এ দেশের জনগণকে ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক সম্পদের গুরুত্ব বোঝাতে ব্যর্থ।
রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি কমপ্লেক্সের ভেতরে যখন ২০০ বছর বয়সী প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বহন করা এক ভবন ভাঙার খবর আজকের পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয়, তখন পাঠকের মনে নিশ্চয়ই ওপরের কথাগুলো খেলা করতে পারে। অবাক হতে হয় এই ভেবে যে আমরা একটা রাজবাড়ির ২০০ বছরের স্মৃতিচিহ্নকে সামলাতে পারি না। অথচ দেখুন, তুরস্কে ৪০০ বছর পুরোনো তোপকাপি প্রাসাদ এখনো চকচক করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার ক্যাথরিন প্যালেস ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তা পুনরুদ্ধার করা হয়।
পুঠিয়ার ওই ভবনের ওপর একটু নজর দেওয়া যাক। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও গবেষকদের মতে, ভবনটি ১৮২৩ থেকে ১৮৩০ সালের দিকে নির্মিত হয়েছে। রয়েছে এর প্রত্নতাত্ত্বিক মূল্য। তাই ভবনটি ভাঙার বিপক্ষে তারা। অপরদিকে, বর্তমানে ভবনের মালিকানা দাবি করা পুঠিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম সাবু বলছেন, তাঁর দাদা পাকিস্তান আমলে এটি কিনেছেন এবং তাঁর কাছে দলিল আছে। ভবনটি পুরোনো ও বসবাসের অযোগ্য হওয়ায় তিনি এটি ভেঙে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করছেন।
স্থানীয়রা জানান, একসময় এই ভবনে রাজবাড়ির দারোয়ান নিতাই সিং বাস করতেন। রাজবাড়ির কাস্টডিয়ান হাফিজুর রহমান তথ্য দেন, মহারানি হেমন্ত কুমারীর মৃত্যুর পর
অনেক সম্পত্তি স্থানীয় লোকজন নানা কৌশলে নিজেদের নামে করে নেয় এবং এই ভবনটির ক্ষেত্রেও নাকি তা-ই হয়েছে। অধিদপ্তর এর আগে দুবার ভবনটি ভাঙতে নিষেধ করলেও কোনো লাভ হয়নি। সংস্থাটিকে বুড়ো আঙুল দেখাতে কালক্ষেপণ করেননি মনিরুল ইসলাম। স্বাভাবিকভাবেই তাহলে এখানে একটা আইনি লড়াই চলতে পারে।
২০০ বছরের ভবনটির ভাগ্যে অদূরভবিষ্যতে কী লেখা হবে আমাদের জানা নেই। আমরা হয়তো আহসান মঞ্জিল বা লালবাগ কেল্লার মতো অল্প কিছু স্থাপনার গুরুত্ব বুঝেই ইতিহাসের দরজা বন্ধ করে দিই। তবে এটুকু আশা করাই যায় যে দেশে যত প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করা স্থাপনা বা সম্পদ আছে, সেগুলোকে দ্রুত প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে গেজেটভুক্ত করা হবে। সে জন্য আগে সংশ্লিষ্টদের এসব খুঁজে বের করা জরুরি। কালের গর্ভে নয়তো অনেক ইতিহাস বিলীন হয়ে যাবে, যেগুলো সম্পর্কে কারও কখনো ধারণাই হয়তো ছিল না। আর যদি প্রত্নতত্ত্ব অধিদপ্তর সঠিক গবেষণা, রক্ষণাবেক্ষণ ও সচেতনতামূলক প্রচারণা চালাতে সফল হয়, তাহলে সাধারণ জনগণও ইতিহাস রক্ষায় এগিয়ে আসবে।

একটি জাতির সর্বোচ্চ সম্পদ তার ভৌগোলিক আয়তন কিংবা প্রাকৃতিক সম্পদ নয়, বরং তার দক্ষ মানবসম্পদ। এই সত্য আরও বেশি প্রযোজ্য হলো বাংলাদেশের জন্য এ কারণে যে আমাদের দেশ একটি বিশাল জনসংখ্যা এবং স্বল্প প্রাকৃতিক সম্পদসম্পন্ন। যেকোনো দেশের জন্য শ্রম ও উদ্যোক্তা হলো অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ উপাদান।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিস্তার নতুন কোনো ঘটনা নয়; বরং গত দুই দশকে এটি একধরনের প্রবণতায় পরিণত হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, তা শুধু একটি প্রতিষ্ঠানের প্রশ্ন নয়, বরং পুরো অনুমোদনপ্রক্রিয়া, নীতিমালা
২০ ঘণ্টা আগে
আরও একটি প্রতারণার ঘটনা ঘটল। কত ধরনের প্রতারণাই তো ঘটে চলেছে চারদিকে। এবারের ঘটনা গাইবান্ধার। সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি টাকা। এ রকম লোভনীয় প্রলোভনের ফাঁদে পড়েছেন শতাধিক গ্রাহক।
২০ ঘণ্টা আগে
বহু বছর ধরে একটা আলোচনা চলছে যে, দেশে কর-জিডিপির অনুপাত কিছুতেই বাড়ছে না। কোনো বছর সামান্য বাড়লেও, পরের বছর আবার তা কমে যায়। সে কারণে সেই অনুপাতের ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে পিছিয়ে থাকা দেশগুলোর একটি।
২ দিন আগে