ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন। এ সময় কক্সবাজার জেলাও সফর করবেন তিনি। আজ রোববার সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী যাবেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গতকাল শনিবার বিকেলে এই তথ্য জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাবিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে তাঁর।
এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান।
বেলা দেড়টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তাঁর। এরপর মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নেবেন তারেক রহমান। এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
দিনের কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন। রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে আজ রোববার দুপুরে ফটিকছড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সরকার চলতি আগস্ট মাসে ১০ লাখ এবং চলতি বছরে ৪৭ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্যে সারা দেশের সব উপজেলায় একযোগে চলছে কৃষক নিবন্ধন কার্যক্রম। তবে সংশ্লিষ্টরা বলছেন, নিবন্ধন কার্যক্রমে অর্থছাড়ে বিলম্ব, ডিজিটাল ভূমি রেকর্ড না থাকা এবং লক্ষ্যমাত্রা অনুপাতে...
৮ ঘণ্টা আগে
বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি উন্মুক্ত করতে একটি নীতিমালা তৈরির খবরের সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে অনুমান নির্ভর কিছু প্রতিবেদন প্রকাশ হচ্ছে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়। তবে খবরের কোন অংশগুলো অনুমান নির্ভর সে বিষয়ে মন্ত্রণালয়ের বক্তব্যে কোনো ব্যাখ্যা নেই।
১২ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, এটি সর্বজনীন আন্দোলন ছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান কারও একক পৈতৃক সম্পত্তি নয়। আপনারা জুলাইকে বিক্রি করবেন না। জুলাই যে সর্বজনীন একটি আন্দোলন ছিল, সেটিকে সেভাবেই রাখতে হবে।
১৩ ঘণ্টা আগে