Ajker Patrika

জ্বালানি আমদানি নীতিমালায় নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিশেষ সুবিধা নেই: জ্বালানি মন্ত্রণালয়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ২২: ৪৮
জ্বালানি আমদানি নীতিমালায় নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিশেষ সুবিধা নেই: জ্বালানি মন্ত্রণালয়

বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি উন্মুক্ত করতে একটি নীতিমালা তৈরির খবরের সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে অনুমান নির্ভর কিছু প্রতিবেদন প্রকাশ হচ্ছে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়। তবে খবরের কোন অংশগুলো অনুমান নির্ভর সে বিষয়ে মন্ত্রণালয়ের বক্তব্যে কোনো ব্যাখ্যা নেই।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে এ বিষয়ে আজ শনিবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি ও বিপণনের অনুমতি চেয়ে চারটি ব্যবসায়িক গ্রুপ সরকারের কাছে আবেদন করেছে। এর মধ্যে তিনটি কোম্পানি দেশে রিফাইনারি বসিয়ে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে তা পরিশোধনের মাধ্যমে বিক্রির অনুমতি চেয়েছে। একটি গ্রুপ পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়ে আবেদন করেছে।

রাতে জ্বালানি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমে পাঠানো এক ব্যাখ্যায় নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগের বিষয়টি স্বীকার করেন। তবে তিনি লেখেন, ‘সম্প্রতি প্রস্তাবিত এই নীতিমালা নিয়ে কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় অনুমান নির্ভর ও অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে, যা অনভিপ্রেত। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হলো।’

মন্ত্রণালয়ের ভাষ্য, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর একটি খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত নীতিমালা প্রণয়নের মূল উদ্দেশ্য হলো দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখা। এ ছাড়াও একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে বিদ্যমান সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে ব্যবহার করাও এই নীতিমালার লক্ষ্য। জ্বালানি খাত সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও পরামর্শ গ্রহণ করে নীতিমালাটি চূড়ান্ত করা হবে। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হলেই এ ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে। কাজেই এই নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত