
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং এই পরিষদের অধিবেশন ডাকার দাবিতে ঈদের পর রাজপথে আসার আভাস মিলছে। গণভোটের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে এই পরিষদের অধিবেশন ডাকার সময়সীমা শেষ হচ্ছে আজ ১৫ মার্চ। অথচ এখন পর্যন্ত পরিষদই গঠিত হয়নি। ফলে পরিষদের অধিবেশন আহ্বানও অনিশ্চিত।
জাতীয় সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য আজ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। এই জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই দাবির সঙ্গে রাষ্ট্রপতির অভিশংসনের দাবি যুক্ত করে ঈদের পর রাজপথে নামার প্রস্তুতির কথা জানিয়েছে।
তবে সরকারি দল বিএনপি বলেছে, বিষয়টি (সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন) নিয়ে সংসদ অধিবেশনে আলোচনা হতে পারে। আইনমন্ত্রী বলেছেন, বিএনপির ভাবনা সংসদে জানানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ও বিগত অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘অহেতুক সমস্যা সৃষ্টি করল। এখানে জনগণ সার্বভৌম ক্ষমতা ব্যবহার করে গণভোটের পক্ষে রায় দিলেও তারা (সরকার) বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক। পরিণতি অমঙ্গলকর।’
বিগত অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে কয়েক মাসের সংলাপের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করা হয়। এটি চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন। নোট অব ডিসেন্টসহ (আপত্তি) গত বছরের ১৩ অক্টোবর এই সনদে স্বাক্ষর করে বিএনপি, জামায়াতসহ ২৫টি রাজনৈতিক দল। দলগুলোর দাবির মুখে সনদ বাস্তবায়নে আদেশ জারি করা হয়। ১৩ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করেন। যেখানে গুরুত্বপূর্ণ একাধিক প্রস্তাবে আপত্তি রাখা হয়নি।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন সনদ বাস্তবায়নের আদেশ প্রশ্নে গণভোটও অনুষ্ঠিত হয়। আদেশে বলা হয়, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে চলতি জাতীয় সংসদ একই সঙ্গে ১৮০ কার্যদিবস সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবে। সংসদ সদস্যরা একই সঙ্গে পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন। নির্বাচনের ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মতো সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করতে হবে। ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। সে অনুযায়ী পরিষদের অধিবেশন আহ্বানের ৩০ দিন শেষ হচ্ছে আজ ১৫ মার্চ।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ীদের সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ১৭ ফেব্রুয়ারি শপথ নিতে আহ্বান জানানো হয়। সেদিন ক্ষমতাসীন বিএনপির সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। দলটির পক্ষ থেকে বলা হয়েছিল, সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নেই। এটি সংবিধানে যুক্ত হলে তারপর হলেও হতে পারে। বিএনপি জোটের সদস্য এবং স্বতন্ত্র এমপিরা এখনো পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তবে ১৭ ফেব্রুয়ারি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ৭৭ ও ইসলামী আন্দোলনের একজন এমপি পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন।
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে গতকাল শনিবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটি জরুরি বৈঠক করে। বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ১৫ মার্চ সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধিবেশন না ডাকলে তাঁরা রাজপথে নামতে বাধ্য হবেন। জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডেকে কর্মসূচি দেওয়া হবে।
ক্ষমতাসীন বিএনপি সংসদে আলোচনার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের বিষয়টির সমাধান করতে চায়। গতকাল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে সাংবাদিকদের বলেন, আলোচনা ফ্লোরে (সংসদ অধিবেশনে) হতে পারে। এখানে (কার্য উপদেষ্টা পরিষদ) নয়। পরিষদের অধিবেশন না ডাকলে জামায়াত জোটের রাজপথে নামার হুঁশিয়ারির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি জামায়াতের কাছে জানতে বলেন।
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে জামায়াতের আন্দোলনের হুঁশিয়ারির বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘বিএনপি কী ভাবছে তা সংসদে বলব। সংসদ সব আলোচনার কেন্দ্রবিন্দু।’
এনসিপি সংবিধান সংস্কার পরিষদের পাশাপাশি রাষ্ট্রপতির অভিশংসনের দাবি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। দলটির নেতারা জানান, ঈদের পর কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ১১ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, ‘যদি সংস্কারের কোনো উদ্যোগই নেওয়া না হয়, গণভোটের রায় ও নাগরিক অধিকার রক্ষায় আমরা আবারও রাজপথে নামব।’
এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিন পার হলেও পরিষদ গঠন না হওয়ায় সমস্যা নেই বলে মনে করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, যেহেতু সংস্কার পরিষদকে সংবিধানের মৌলিক পরিবর্তনের মতো বড় ক্ষমতা দেওয়া হয়েছে, সেখানে ৩০ দিন পার হয়ে যাওয়ার বিষয়টি সংবিধানের মৌলিক পরিবর্তনের তুলনায় ক্ষুদ্র বিষয়। কাজেই বিএনপির এমপিদের শপথের মাধ্যমে পরিষদ গঠন করা গেলে, সে সময় পরিষদই সিদ্ধান্ত নিয়ে মার্জনা করতে পারে।
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের জন্য দেওয়া চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ৩ মার্চ রুল জারি করেন হাইকোর্ট। পৃথক রিটের পরিপ্রেক্ষিতে জারি করা এই রুলের জবাব আগামী চার সপ্তাহের মধ্যে দিতে বলা হয়েছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, বিষয়টি আদালতে চলমান। সেখানে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া বাঞ্ছনীয় নয়।
তবে ভিন্নমত পোষণ করে সুপ্রিম কোর্টের আরেক জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূঁইয়া বলেন, আদালত কোনো অন্তর্বর্তী আদেশ বা নিষেধাজ্ঞা না দেওয়ায় সংবিধান সংস্কার পরিষদ করতে বাধা নেই। জনগণ গণভোটের মাধ্যমে এই সংস্কার পরিষদ গঠনের পক্ষে মত দিয়েছে। নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান সংস্কারের ক্ষমতা জনগণের মাধ্যমে পেয়েছেন। সে ক্ষমতা প্রয়োগ করে সংবিধান সংস্কার করা উত্তম, সেটা না করলে জাতির জন্য দুর্ভাগ্যজনক।

ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট অনিয়মিত হয়ে পড়েছে। এর ফলে ছুটিতে বেড়াতে আসা প্রবাসীদের অনেকে আটকা পড়েছেন। কারও কারও ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কারও শেষের দিকে।
৪ ঘণ্টা আগে
সমরাস্ত্র উৎপাদন, জ্বালানি, বাণিজ্য, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। তুরস্কের আঙ্কারায় আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে উভয় পক্ষ এই ঐকমত্যে পৌঁছেছে। এ ছাড়া
৫ ঘণ্টা আগে
নবনিযুক্ত প্রশাসকরা হলেন— বরিশাল সিটি করপোরেশনে বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রোকনুজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা।
৬ ঘণ্টা আগে
সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। আজ শনিবার নোয়াবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগে