রমজান ইবাদতের মাস। এই মাসেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়। রাসুলুল্লাহ (সা.) ও তাঁর সাহাবিগণ এ মাসকে দারুণভাবে বরণ করতেন। এ মাসের মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্বের ভিন্নরকম আমেজ কাজ করত নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ—সবার মধ্যে। সবাই এ মাসে ইবাদতের প্রতিযোগিতায় লিপ্ত হতেন। রমজানে দিনের বেলায় সিয়াম সাধনার পর রাতের বেলায় চলত কিয়ামুল্লাইল তথা তারাবি ও তাহাজ্জুদ। দীর্ঘ তারাবির পাশাপাশি তাঁরা তাহাজ্জুদও পড়তেন রাত জেগে।
এ কাজে তাঁদের উদ্বুদ্ধ করত নবীজির সেই বিখ্যাত হাদিস, যেটি হজরত আবু হুরাইরা (রা.) নবী (সা.) থেকে বর্ণনা করেছেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি ইমান ও সওয়াব লাভের আশায় এর সঙ্গে রোজা রাখবে, তাঁর অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর যে ব্যক্তি রমজানে রাতের নামাজ আদায় করবে ইমান ও সওয়াবের আশায়, তাঁরও অতীতের সব গুনাহ (সগিরা) ক্ষমা করে দেওয়া হবে। আর যে ব্যক্তি কদরের রাতে ইমান ও সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করবে, তাঁরও অতীতের সব গুনাহ (সগিরা) মুছে দেওয়া হবে। (বুখারি ও মুসলিম)
এ বিষয়ে আরও একটি চমৎকার হাদিস বর্ণনা করেছেন হজরত আব্দুল্লাহ ইবনে আমর (রা.)। রাসুলুল্লাহ (সা) বলেছেন, ‘রোজা ও কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা আবেদন করে বলবে, হে রব, আমি তাঁকে দিনের বেলা খানাপিনা ও যৌনচাহিদা চরিতার্থ করা থেকে নিবৃত্ত রেখেছি। তাঁর পক্ষে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, ‘হে রব, আমি তাঁকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখে নামাজে ব্যস্ত রেখেছি। আপনি তাঁর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন।’ (শুআবুল ইমান)
রমজানের প্রথম দুই দশক সম্পর্কে হাদিসের ভাষ্য থেকে বোঝা যায়, এ সময়ে রাসুলুল্লাহ (সা) রাত জাগতেন। খুব অল্পসময়ই ঘুমাতেন; বাকি সময় ইবাদতে কাটাতেন। তবে রমজানের শেষ দশকে শুধু নিজেই রাত জাগতেন না, পরিবারকেও রাত জাগতে উৎসাহ দিতেন। এ প্রসঙ্গে হজরত আয়েশা রা. বলেন, ‘নবী (সা.) রমজানের শেষ দশকে এত বেশি পরিশ্রম করতেন, যা তিনি অন্যসময় করতেন না।’ (বুখারি ও মুসলিম)
হজরত আয়েশা রা. থেকে আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, ‘যখন রমজানের শেষ দশকের আগমন হতো, তিনি কোমর বেঁধে ইবাদত করতেন। নিজেও রাত জাগতেন এবং পরিবারের লোকদেরও জাগিয়ে দিতেন।’ (বুখারি ও মুসলিম)
সায়েব ইবনে ইয়াজিদ বলেন, হজরত ওমর (রা.)-এর নির্দেশে হজরত উবাই ইবনে কাআব ও তামিমে দারি (রা.) আমাদের তারাবি পড়াতেন। তিনি এক এক রাকাতে দুশ আয়াতও তিলাওয়াত করতেন। দীর্ঘক্ষণ দাঁড়ানোর ফলে আমরা ক্লান্ত হয়ে লাঠির ওপর ভর দিতাম। নামাজ শেষ হতে হতে সুবহে সাদিকের সামান্য সময় বাকি থাকত। (বায়হাকি)
হজরত আব্দুল্লাহ ইবনে আবুবকর বলেন, ‘আমি আমার বাবাকে বলতে শুনেছি, তিনি বলতেন, রমজানে তারাবির নামাজ থেকে যখন আমরা বাসায় ফিরতাম, তখন ভৃত্যরা সাহরির খাবার নিয়ে তাড়াহুড়ো করত সুবহে সাদিক উদিত হয়ে যাওয়ার ভয়ে।’ (মুয়াত্তা মালিক)
ইয়াজিদ ইবনে খুসাইফা সায়েব বিন ইয়াজিদ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ‘সাহাবায়ে কেরাম হজরত ওমর (রা)-এর শাসনামলে বিশ রাকাত তারাবি পড়তেন। তাঁরা দীর্ঘ দীর্ঘ কেরাত পড়তেন। হজরত ওসমান বিন আফফানের যুগে এসে প্রচণ্ড ক্লান্তিতে লাঠিতে ভর করতে হতো।’ (বায়হাকি)
সংক্রান্ত আরও বহু ঘটনা হাদিসগ্রন্থগুলোতে পাওয়া যায়। বর্তমান সময়ে এসে আমাদের শক্তি-সামর্থ্য কমে এসেছে। যাদের সুযোগ ও সামর্থ্য আছে তাঁদের রাত জেগে ইবাদত করা উত্তম। আর যাদের সে সামর্থ্য নেই, তাঁরা যতটুকু সম্ভব রাত জেগে তারাবি, তাহাজ্জুদ ও তিলাওয়াতে কাটানোর চেষ্টা করা উচিত।
লেখক: শিক্ষক

মানুষের মুখের একটি কথার মূল্য কত? পৃথিবীর ইতিহাসে যত সফল সম্পর্ক ও সভ্যতা গড়ে উঠেছে, তার মূলে ছিল একটি অদৃশ্য শক্তি—বিশ্বাস। আর এই বিশ্বাসের প্রধান ভিত্তি হলো ওয়াদা রক্ষা। মানুষের মুখের কথার মূল্য থাকলে সমাজে মামলা-মোকদ্দমা কমে, ব্যবসায় সততা আসে এবং পরিবারে প্রশান্তি বাড়ে।
৩২ মিনিট আগে
আমরা চলেছি জর্ডানের রাজধানী আম্মান থেকে উত্তরের দিকে। প্রথমে ইরবিদ, তারপর আরও উত্তর-পশ্চিমে। প্রশস্ত পথ, গাড়ির গতি ঘণ্টায় ১৩০-এর কাঁটা ছুঁইছুঁই করছে। ইতিমধ্যে সূর্য হেলে পড়ায় রোদের তাপও কমে এসেছে। ঘণ্টা দেড়েক চলার পর গাড়ি এসে থামল সিরিয়া সীমান্তের কাছাকাছি পাহাড়ের মাথায় একটি খোলা প্রান্তরের সামনে।
২ ঘণ্টা আগে
মোবাইল ফোন যেহেতু একটি মূল্যবান ইলেকট্রনিক সরঞ্জাম, তাই সাধারণ কাপড়ের মতো মোবাইলের সব অংশকে সরাসরি পানিতে ভিজিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না। তাই ফিকহি দৃষ্টিকোণ থেকে মোবাইল বা এই জাতীয় বস্তু ‘সাকিল’ (মসৃণ ও অছিদ্রযুক্ত বস্তু) হিসেবে গণ্য।
২ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৭ ঘণ্টা আগে