Ajker Patrika

স্পেসএক্সের ১৮০০ কোটি ডলারের শেয়ার মার্কিন শিশুদের দেবেন মাস্ক

আজকের পত্রিকা ডেস্ক­
স্পেসএক্সের ১৮০০ কোটি ডলারের শেয়ার মার্কিন শিশুদের দেবেন মাস্ক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে নিজের মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। স্থানীয় সময় গতকাল বুধবার দেওয়া এ ঘোষণার আওতায় প্রতিটি শিশু কোম্পানির কাছ থেকে একটি এবং মাস্কের ব্যক্তিগত মালিকানা থেকে একটি শেয়ার পাবে। বুধবার শেয়ারবাজারে স্পেসএক্সের প্রতিটি শেয়ারের সমাপনী মূল্য ছিল ১২৭ দশমিক ৪৪ ডলার। সেই হিসাবে প্রতিটি শিশু প্রায় ২৫৪ দশমিক ৮৮ ডলার বা ২৫৫ ডলারের শেয়ার পাবে, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩১ হাজার টাকার মতো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, সব শিশুকে শেয়ার দেওয়ার এই উদ্যোগের মোট মূল্য প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ২৪ হাজার কোটি টাকার বেশি। প্রযুক্তি খাত নিয়ে তীব্র জনসমালোচনা ও রাজনৈতিক নজরদারির মধ্যে নিজের স্যাটেলাইট ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসার প্রতি জনসমর্থন বাড়ানোর চেষ্টা হিসেবে মাস্কের এই উদ্যোগকে দেখছেন বিশ্লেষকেরা।

বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া সংক্ষিপ্ত এক পোস্টে মাস্ক বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশু স্পেসএক্সের দুটি শেয়ার পাবে। একটি কোম্পানির পক্ষ থেকে, অন্যটি আমার ব্যক্তিগত পক্ষ থেকে।’ এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে একটি করে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। নতুন ঘোষণায় সেই প্রতিশ্রুতির পরিমাণ দ্বিগুণ করলেন।

মাস্ক জানান, কোম্পানির পক্ষ থেকে দেওয়া শেয়ার আগামী মাসে হস্তান্তর করা হবে। আর তাঁর ব্যক্তিগত শেয়ারটি আগামী বছরের জুনে হস্তান্তর করা হবে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার পক্ষ থেকে সরাসরি দেওয়া শেয়ারটি আগামী বছরের জুনে আমার শেয়ার বিক্রির ওপর থাকা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে হস্তান্তর করা হবে।’

বুধবার এর আগে স্পেসএক্স জানায়, যুক্তরাষ্ট্রের ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ কর্মসূচির আওতায় বর্তমানে সক্রিয় প্রতিটি অ্যাকাউন্টে তাদের নতুন ইস্যু করা ক্লাস এ সাধারণ শেয়ারের একটি করে দেওয়া হবে। কোম্পানির দেওয়া শেয়ারের সমপরিমাণ শেয়ার ব্যক্তিগতভাবে দেবেন মাস্কও।

১৮ বছরের কম বয়সী মার্কিন নাগরিকদের শেয়ারবাজারে অংশীদারত্ব দেওয়া এবং অল্প বয়স থেকেই তাদের সম্পদ গড়ে তুলতে সহায়তা করার উদ্দেশ্যে ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচি চালু করা হয়েছে। হোয়াইট হাউস গত অক্টোবরে জানিয়েছিল, এ কর্মসূচির আওতায় প্রায় ৭ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে।

তবে মাস্কের ব্যক্তিগত শেয়ার উপহারও ট্রাম্প অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে কি না, তা স্পষ্ট নয়। এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে যোগাযোগ করা হলেও স্পেসএক্স কোনো জবাব দেয়নি। ব্রোকারেজ প্রতিষ্ঠান মিট্রেড গ্রুপের বৈশ্বিক বাজারবিষয়ক পরামর্শক ক্রিস্টোফার ব্রাঙ্কিন বলেন, এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘমেয়াদে বিপুলসংখ্যক সাধারণ বিনিয়োগকারীকে কোম্পানিটির শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, ‘এটি তাৎক্ষণিকভাবে বাজারে অংশগ্রহণ বাড়াবে। একই সঙ্গে নতুন প্রজন্ম প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেডিং প্ল্যাটফর্মগুলোর জন্য বিপুলসংখ্যক আর্থিকভাবে সচেতন গ্রাহক তৈরি করবে।’

সিঙ্গাপুরভিত্তিক ওসিবিসি ব্যাংকের সম্পদ ব্যবস্থাপনা পরামর্শ বিভাগের প্রধান চেজ আনবু বলেন, এই উদ্যোগ স্পেসএক্সের কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে সহায়তা করবে। শিশুদের কোম্পানিটির সরাসরি অর্থনৈতিক অংশীদারত্ব দেওয়ার মাধ্যমে এআই ও মহাকাশ অর্থনীতির সুফলে বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণের একটি শক্তিশালী ধারণা তৈরি হবে।

মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট স্থাপনের অনুমতি

মাস্কের শেয়ার উপহারের ঘোষণার কয়েক ঘণ্টা আগেই মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট স্থাপনের অনুমতি পায় স্পেসএক্স। মহাকাশে তথ্যকেন্দ্র স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে এসব স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চায় প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) জানিয়েছে, এআই কম্পিউটিংয়ের দ্রুত বাড়তে থাকা চাহিদা পূরণে সহায়তার জন্য স্পেসএক্সের স্যাটেলাইট নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

তবে মহাকাশে এ ধরনের স্যাটেলাইটের বিস্তার নিয়ে উদ্বেগ রয়েছে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে। এফসিসির সিদ্ধান্তে ‘হতাশ ও মর্মাহত’ হওয়ার কথা জানিয়েছে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রস্তাবিত স্যাটেলাইট নেটওয়ার্ক জ্যোতির্বিজ্ঞান গবেষণার অবকাঠামোয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কয়েক দশকের বিনিয়োগকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। একই সঙ্গে রাতের আকাশ উপভোগ ও তা নিয়ে গবেষণা করার ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানী এবং সাধারণ মানুষের সক্ষমতাও কমিয়ে দিতে পারে।

এদিকে, কম্পিউটিং অবকাঠামোর দ্রুত সম্প্রসারণের পরিবেশগত প্রভাব এবং প্রযুক্তি খাতের ধনকুবেরদের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব নিয়েও উদ্বেগ বাড়ছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে তথ্যকেন্দ্র নির্মাণের বিরোধিতাকারীরা ডেমোক্র্যাটদের বড় ধরনের নির্বাচনী সাফল্য পেতে সহায়তা করেছেন।

মাস্কের সম্পদ ৮২৪ বিলিয়ন ডলার

বর্তমানে প্রায় ৮২৪ বিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক। গত জুন পর্যন্ত স্পেসএক্সে তাঁর মালিকানায় ছিল প্রায় ৬৪২ কোটি শেয়ার। গত মাসে এক্সে দেওয়া পোস্টে মাস্ক বলেছিলেন, ‘আগামী বছর আমি যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে আমার স্পেসএক্সের একটি করে শেয়ার দেব। এটি হবে এমন অনেক উদ্যোগের প্রথমটি।’ তিনি আরও বলেন, ‘ভবিষ্যৎ অর্থনীতিতে অংশীদারত্বের প্রতিনিধিত্ব করে এমন শেয়ার সরাসরি জনগণকে দেওয়াই সঠিক পথ।’

মাস্কের অধিকাংশ দাতব্য কার্যক্রম পরিচালিত হয় তাঁর প্রতিষ্ঠিত মাস্ক ফাউন্ডেশনের মাধ্যমে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফাউন্ডেশনটির সম্পদের পরিমাণ ১ হাজার ৪০০ কোটি ডলারের বেশি। এর আগে গত অক্টোবরে স্পেসএক্সের প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা গুইন শটওয়েল এবং তাঁর স্বামী ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচির আওতায় থাকা ২০ লাখের বেশি শিশুকে স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত