Ajker Patrika

জনপ্রিয় জলহস্তীর মৃত্যুতে অনলাইন বিতর্কের কেন্দ্রে এক শিশু

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২২: ১৭
জনপ্রিয় জলহস্তীর মৃত্যুতে অনলাইন বিতর্কের কেন্দ্রে এক শিশু
সিনসিনাতি চিড়িয়াখানায় একটি স্মারক স্থাপনের মাধ্যমে দর্শনার্থীরা জলহস্তী ফিওনার মৃত্যুতে শোক প্রকাশ করছেন। ছবি: ওয়াশিংটন পোস্ট

যুক্তরাষ্ট্রের সিনসিনাতি চিড়িয়াখানায় একটি দুর্ঘটনায় জনপ্রিয় জলহস্তী ফিওনার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের পাশাপাশি শুরু হয়েছে তীব্র বিতর্ক। দুর্ঘটনার জন্য দায়ী কে—তা নিয়ে বিতর্কের একপর্যায়ে নেটিজেনরা এক শিশু ও তার পরিবারকে লক্ষ্যবস্তু করেছে। শুধু তা-ই নয়, শিশুটিকে অনলাইনে আক্রমণ, হুমকি ও ব্যক্তিগত পরিচয় প্রকাশের দাবিও উঠেছে।

বুধবার (২৫ নভেম্বর) ওয়াশিংটন পোস্ট জানায়, ২০১৭ সালে জন্ম নেওয়া ফিওনার বয়স হয়েছিল মাত্র ৯ বছর। জন্মের নির্ধারিত সময়ের ছয় সপ্তাহ আগে পৃথিবীতে আসায় তার বেঁচে থাকার সম্ভাবনা ছিল খুবই কম। কিন্তু চিকিৎসক ও পরিচর্যাকারীদের প্রচেষ্টায় সে শুধু বেঁচেই থাকেনি, হয়ে উঠেছিল বিশ্বজুড়ে পরিচিত এক প্রাণী তারকা। মানুষের কাছে ফিওনা ছিল প্রতিকূলতা জয়, অধ্যবসায় ও আশার প্রতীক।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এক শিশু জলহস্তীর আবাসস্থলের দিকে একটি বোনা টুপি ছুড়ে মারে। অদ্ভুতভাবে টুপিটি ১২ ফুট উঁচু জানালার ওপরের ছোট ফাঁক দিয়ে ভেতরে গিয়ে পড়ে। সেখানে থাকা সিলিং ফ্যানের বাতাসে টুপিটি ছিটকে জলহস্তীদের আবাসস্থলে চলে যায়। পরে ফিওনা টুপিটির কিছু অংশ খেয়ে ফেলে। সেটি তার অন্ত্রে আটকে যাওয়ায় মৃত্যুঝুঁকি তৈরি হয়। কয়েক দিন ধরে চিকিৎসা ও পরিচর্যার চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ১৯ নভেম্বর ফিওনার মৃত্যু হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির বয়স ও আচরণ নিয়ে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ে। কেউ দাবি করেন শিশুটির বয়স চার, কেউ বলেন আট কিংবা ১২ বছর। শিশুটির মা তাকে টুপি ছুড়তে নিষেধ করেছিলেন কি না, এমনকি শিশুকে নিয়ন্ত্রণে রাখতে মা যথেষ্ট কঠোর ছিলেন কি না, তা নিয়েও শুরু হয় আলোচনা।

২০১৮ সালে এক বছর বয়সে জলহস্তী ফিওনা। ছবি: সংগৃহীত
২০১৮ সালে এক বছর বয়সে জলহস্তী ফিওনা। ছবি: সংগৃহীত

অনেকে শিশুটির পরিবারকে বিচারের মুখোমুখি করার দাবি জানান। কেউ কেউ শিশুটির পরিচয় প্রকাশ এবং তার মা-বাবার ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এমনকি প্রতিশোধ হিসেবে শিশুটিকে ক্ষতি করার হুমকিও দেখা যায় অনলাইনে।

নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ও অধ্যাপক উইলিয়াম ব্র্যাডি বলেন, কোনো মর্মান্তিক ঘটনা ঘটলে মানুষ সাধারণত তার ব্যাখ্যা খোঁজে। অনেক সময় ঘটনাটিকে সহজভাবে বোঝার জন্য কাউকে অপরাধী ও কাউকে ভুক্তভোগী হিসেবে চিহ্নিত করার প্রবণতা তৈরি হয়।

ব্র্যাডির মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমও এই প্রবণতা বাড়িয়ে দেয়। বিতর্কিত ও উসকানিমূলক বক্তব্য বেশি মানুষের মনোযোগ আকর্ষণ করায় সেগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে ভারসাম্যপূর্ণ মতামত আড়ালে চলে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কেভিন ব্ল্যানি এবিসি নিউজকে জানান, শিশুটিকে দেখে তার বয়স আনুমানিক সাত বছর বলে মনে হয়েছিল। তিনি জানান, ফিওনার অসুস্থতার খবর প্রকাশের আগে ঘটনার ভয়াবহতা বুঝতে পারেননি।

এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ গত সোমবার হিপো কোভ দর্শনার্থীদের জন্য আবার খুলে দিয়েছে। নিরাপত্তার জন্য জানালার ওপরের ফাঁক জাল দিয়ে বন্ধ করা হয়েছে এবং ওই এলাকার সিলিং ফ্যান সরিয়ে ফেলা হয়েছে।

চিড়িয়াখানার পরিচালক ডেভ জেনিকে বলেন, মানুষ ভিন্ন ভিন্নভাবে শোক প্রকাশ করে। কেউ কেউ রাগান্বিত হয়ে অন্যকে দোষারোপ করেন। তবে ফিওনাকে স্মরণ করার সবচেয়ে ভালো উপায় হলো পরস্পরের প্রতি সদয় হওয়া। তাঁর ভাষায়, ‘মানুষের জীবনে আশা ছড়িয়ে দেওয়া ফিওনার প্রকৃত উত্তরাধিকার বেঁচে থাকুক অন্যের প্রতি আমাদের আচরণের মধ্য দিয়ে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত