যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে শিশুসহ একই পরিবারের ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স লেকফ্রন্ট বিমানবন্দর থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে নিজেদের বাড়িতে ফিরছিলেন।
নিহতরা দুটি পরিবারের সদস্য। উদ্ধারকর্মীরা তাঁদের সবার মরদেহ উদ্ধার করেছেন। স্বজনেরা জানিয়েছেন, তাঁরা মাছ ধরার ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন।
কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, তা তদন্ত করছে কর্তৃপক্ষ। জ্যাকসন কাউন্টির করোনার ব্রুস লিন্ড জুনিয়র জানিয়েছেন, উড়োজাহাজের পাইলট ৫০ বছর বয়সী ব্রেন্ট স্টোকস ফোর্ট মায়ার্সভিত্তিক একটি সামুদ্রিক ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ছিলেন।
নিহত অন্য ব্যক্তিরা হলেন স্টোকসের ১৬ বছর বয়সী ছেলে হান্টার; তাঁর বোন ৪৩ বছর বয়সী আরলিন নক্স; আরলিনের স্বামী ৪৩ বছর বয়সী মাইকেল নক্স এবং তাঁদের দুই ছেলে ১২ বছর বয়সী চার্লস হোল্ডেন নক্স ও ১০ বছর বয়সী ট্রুয়েট নক্স।
করোনার লিন্ড জানিয়েছেন, ব্রেন্ট স্টোকস ও মাইকেল নক্সের ময়নাতদন্ত করা হচ্ছে। মাইকেলও উড়োজাহাজ চালানোর বৈধ লাইসেন্সধারী ছিলেন।
উদ্ধারকর্মীরা কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালান। কোস্টগার্ডের মুখপাত্র হুয়ান রসের ভাষ্য অনুযায়ী, শুরুতে তাঁরা পানিতে ভাসমান অবস্থায় কেবল তিনটি লাইফ জ্যাকেট, একটি লাইফ র্যাফট এবং উড়োজাহাজের কেবিনের অংশবিশেষ খুঁজে পান।
মেক্সিকো উপসাগরে মিসিসিপির পাসকাগুলা ও হর্ন আইল্যান্ডের মধ্যবর্তী এলাকায় সেসনা ২১০ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। হর্ন আইল্যান্ড গালফ আইল্যান্ডস ন্যাশনাল সিশোরের অংশ। পরে ডুবুরিরা উড়োজাহাজের মূল কাঠামোর ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন।
স্টোকস ও নক্স পরিবারের পক্ষ থেকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘তাঁরা যা ভালোবাসতেন, তা করতে গিয়েই মারা গেছেন। একসঙ্গে মাছ ধরার ভ্রমণের মধ্য দিয়ে তাঁরা আনন্দময় ছুটির মৌসুমের সূচনা উদ্যাপন করছিলেন। এরপর পরিবারের অন্য সদস্যদের কাছে বাড়ি ফেরার কথা ছিল তাঁদের।’
কোস্টগার্ড জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে (গ্রিনিচ মান সময় ২১টা ৪৫ মিনিট) আলাবামার মোবাইল শহরের আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার বিমানটির সঙ্গে যোগাযোগ হারানোর খবর জানায়।
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষণ আগে গালফপোর্ট–বিলোক্সি আন্তর্জাতিক বিমানবন্দরের একজন এয়ার ট্রাফিক নিয়ন্ত্রক পাইলটকে ওই এলাকায় বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন।
ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য বিশ্লেষণ করেছেন ৫০ বছরের উড্ডয়ন অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত বিমানচালক স্টিভেন অ্যারোইয়ো। তাঁর বিশ্লেষণ অনুযায়ী, উড়োজাহাজটি প্রায় ৯ হাজার ফুট (২ হাজার ৭৪৩ মিটার) উচ্চতায় উড়ছিল। এ উচ্চতা মেঘের নিচের স্তরের ওপরেই ছিল। এরপর উড়োজাহাজটি দ্রুত নিচে নামতে শুরু করে এবং ডান দিকে বাঁক নেয়।
এপি-কে অ্যারোইয়ো বলেন, ‘এটি অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। ধারণা করা হচ্ছে, বিমানটিতে গুরুতর কোনো সমস্যা দেখা দিয়েছিল।’
উড়োজাহাজ চলাচল বিশেষজ্ঞ এবং বোয়িংয়ের সাবেক নিরাপত্তা প্রকৌশলী টড কার্টিস বলেন, প্রকাশ্যে পাওয়া অডিও রেকর্ডিংয়ে অস্বাভাবিক কিছু ধরা পড়েনি।
তবে তিনি উল্লেখ করেন, হিমাঙ্কের নিচে তাপমাত্রায় বৃষ্টিপাত হলে উড়োজাহাজের গায়ে বিপজ্জনকভাবে বরফ জমতে পারে। এতে উড়োজাহাজের যন্ত্রপাতির ভুল তথ্য দেখানোর ঝুঁকি তৈরি হয়, এমনকি উড্ডয়নের জন্য প্রয়োজনীয় উত্তোলনক্ষমতাও (লিফট) কমে যেতে পারে। বিমানটিতে বরফ জমা প্রতিরোধের ব্যবস্থা ছিল কি না, তা এখনো জানা যায়নি।









