চীনের প্রভাব কমাতেই বাংলাদেশসহ কয়েক দেশে ট্রাম্পের নতুন শুল্ক

বিশ্ব বাণিজ্যে চীনের প্রভাব কমিয়ে আনতে বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশে নতুন করে শুল্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, এমন অন্যান্য দেশকেও চীনের ওপর নির্ভরতা কমাতে চাপ দিচ্ছে ওয়াশিংটন।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রয়টার্স জানায়, নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যিক সমঝোতার সীমার মধ্যেই রয়েছে। তবে ভবিষ্যতে আরও শুল্ক বাড়ানোর সুযোগ রেখেছে ওয়াশিংটন। এতে আগামী মাসে মায়ামিতে দুই দেশের নেতাদের মধ্যে অনুষ্ঠেয় চতুর্থ শীর্ষ বৈঠক এবং ১০ জানুয়ারি বাণিজ্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে উত্তেজনা বাড়তে পারে।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, চীনা পণ্যের ওপর নতুন করে ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর সঙ্গে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা ২৫ শতাংশ শুল্কও বহাল থাকবে। ফলে বিদ্যমান বাণিজ্যিক সমঝোতা ভেঙে গেলে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের হার ৪০ শতাংশে পৌঁছাতে পারে।
ক্যাপিটাল ইকোনমিকসের এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ মার্ক উইলিয়ামস বলেন, বাণিজ্যযুদ্ধ আবার শুরু হলে যুক্তরাষ্ট্রের হাতে নতুন পদক্ষেপগুলো অতিরিক্ত চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে কাজ করবে। তৃতীয় দেশগুলোর বাণিজ্যসংক্রান্ত প্রতিবেদনে চীনের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি অন্য দেশগুলোকে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক কমাতে বাধ্য করার প্রচেষ্টারই প্রতিফলন।
নতুন শুল্ক আরোপের আগে আট মাস ধরে বৈশ্বিক বাণিজ্যে অন্যায্য চর্চা নিয়ে তদন্ত চালায় যুক্তরাষ্ট্র। এতে বিভিন্ন দেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা এবং এর প্রভাব পর্যালোচনা করা হয়। ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশকেও চীনের পণ্য আমদানি ও বিনিয়োগ নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার চাপ দিচ্ছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির প্রতিবেদনে ভিয়েতনামের প্রসঙ্গে ২৫০ বারের বেশি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রসঙ্গে ৩০০ বারের বেশি চীনের উল্লেখ করা হয়েছে।
তবে আপাতত দুই দেশের সম্পর্ক নতুন করে বড় ধরনের সংঘাতের দিকে যাচ্ছে না বলেই ইঙ্গিত মিলছে। চলতি সপ্তাহে চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ স্থগিত রাখার মেয়াদ বাড়ানো হয়েছে। পাশাপাশি চায়না সাউদার্ন এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান জিয়ামেন এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে ৫০টি ‘৭৩৭ ম্যাক্স ৮’ উড়োজাহাজ কেনার চুক্তি করেছে।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক চেন বো বলেন, চীন বা যুক্তরাষ্ট্র—কোনো পক্ষই নতুন করে বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না। উভয় দেশই একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।
এদিকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে শুল্ক বাড়ানোর প্রভাব পড়ছে অন্যান্য দেশের ওপরও। যুক্তরাষ্ট্র চীনা পণ্যে শুল্ক বাড়ালে চীনের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য ঘাটতি বাড়তে পারে। এতে নিজস্ব শিল্প ও কর্মসংস্থান রক্ষায় দেশগুলোও পাল্টা বাণিজ্যিক ব্যবস্থা নিতে পারে।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে চীনা গাড়ি আমদানির ক্ষেত্রে কিছু শর্ত ও কোটা নির্ধারণ করেছে। ভবিষ্যতে আরও বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে চীনকেও বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সমঝোতায় ছাড় দিতে হতে পারে। ফলে আগামী দিনে বিশ্ব বাণিজ্যে শুল্ক ও অশুল্ক—উভয় ধরনের বিধিনিষেধ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।









