
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক যুদ্ধের কারণে পারস্য উপসাগরে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার জন্য একটি বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও)।
আইএমও-র মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গোয়েজ জানিয়েছেন, ইরান, ওমান, যুক্তরাষ্ট্র এবং অঞ্চলের অন্যান্য উপকূলীয় দেশ ও সামুদ্রিক শিল্পের সহযোগিতায় এই ‘বৃহৎ আকারের কার্যক্রম’ পরিচালিত হবে।
তিনি বলেন, ‘আমরা প্রয়োজনীয় নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিত করেছি এবং এই উদ্ধার অভিযানকে সফল করতে নিরাপদ নৌচলাচলের পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেছি।’
গত সপ্তাহে সংঘাতের অবসান ঘটাতে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরিত হলেও, উভয় পক্ষই সমঝোতা স্মারকের (এমওইউ) খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে দ্বিমত পোষণ করছে। ফলে উদ্ধার অভিযান ও সামগ্রিক শান্তি প্রক্রিয়া নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
যুক্তরাষ্ট্র দাবি করেছে, সমঝোতা স্মারকে এমন গ্যারান্টি রয়েছে যার অধীনে ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শনের আওতায় আসবে।
গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে লেখেন, ‘ইরান সুদূর ভবিষ্যৎ (অনন্তকাল!!!) পর্যন্ত সর্বোচ্চ স্তরের পরমাণু পরিদর্শনে পুরোপুরি সম্মত হয়েছে। এটি “পরমাণু সততা” নিশ্চিত করবে।’
তবে ট্রাম্পের এই পোস্টের ঠিক আগেই ইরানের পক্ষ থেকে জানানো হয়, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেসব পরমাণু কেন্দ্রে বোমাবর্ষণ করেছিল, জাতিসংঘের এই পর্যবেক্ষণ সংস্থাটি তা পরিদর্শন করতে পারবে না।
এর প্রতিক্রিয়ায় একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ইরানিরা তাদের পরমাণু অস্ত্র কর্মসূচির অবশিষ্ট অংশগুলোর ওপর আইএইএ-র জোরালো পরিদর্শনের বিষয়ে সম্মত হয়েছে। তবে ইরানি প্রশাসন তাদের অভ্যন্তরীণ দর্শকদের শান্ত রাখতে নিজেদের মতো করে কথা বলবে।’
এদিকে পাকিস্তানের সফরে থাকা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল সাফ জানিয়ে দিয়েছেন, ‘ইরান আমাদের প্রতিরক্ষামূলক সক্ষমতা নিয়ে কোনো অবস্থাতেই, কারও সঙ্গে কখনো আলোচনা করবে না।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পেজেশকিয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো কথা হয়নি এবং এটি ‘টেবিলে একেবারেই ছিল না’। বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, সমঝোতা স্মারকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কোনো উল্লেখ নেই।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চুক্তিটি নিয়ে আলোচনার জন্য উপসাগরীয় দেশগুলোতে সফর শুরু করেছেন। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছানোর পর তিনি কুয়েত ও বাহরাইনেও যাবেন, এসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।
গতকাল মঙ্গলবার আমিরাতে পৌঁছে রুবিও সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে কোনো দেশকে টোল বা কর আদায় করতে দেওয়া হবে না। উল্লেখ্য, ইরান এই জলপথ ব্যবহারকারী জাহাজের ওপর টোল আদায়ের জন্য চাপ দিচ্ছে।
রুবিও বলেন, ‘এটি একটি আন্তর্জাতিক জলপথ। আন্তর্জাতিক জলপথে কোনো দেশের টোল বা ফি নেওয়ার অনুমতি নেই। এটি আন্তর্জাতিক আইন। আমার মনে হয় না এই অঞ্চলের কোনো দেশকে এ ব্যাপারে আমাদের বোঝাতে হবে, তারা আমাদের সঙ্গে একমত হবেন।’
আটকে পড়া নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টি হরমুজ প্রণালি উন্মুক্ত থাকার ওপর নির্ভর করছে।
আইএমও-র মহাসচিব ডোমিঙ্গোয়েজ বলেন, নাবিকদের সহায়তার এই চুক্তি ‘সামুদ্রিক নিরাপত্তা পুনরুদ্ধার এবং বেসামরিক জাহাজের ওপর অগ্রহণযোগ্য হামলা বন্ধ করার দিকে একটি বড় পদক্ষেপ’।
তিনি আরও বলেন, ‘হাজার হাজার নিরপরাধ নাবিকের কয়েক মাসের কষ্ট ও দুর্ভোগ এবং সমগ্র বিশ্বের ওপর নেতিবাচক প্রভাবের পর, আমি গভীর সন্তোষের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত এই শান্তি চুক্তিকে স্বাগত জানাই।’
ওমানের নৌ-কর্তৃপক্ষের বরাতে আইএমও জানিয়েছে, উদ্ধার পরিকল্পনার অংশ হিসেবে প্রণালিটি দিয়ে দুটি অস্থায়ী রুট ব্যবহার করা হতে পারে। প্রতিটি জাহাজের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করে নির্দেশনা দেওয়া হবে। আইএমও প্রতিদিন নিরাপদে চলে যাওয়া জাহাজের সংখ্যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা শুরু হওয়ার পর দেশটি হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ করে দেয়। এর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায় এবং সারসহ অন্যান্য জরুরি পণ্যের সরবরাহ ব্যাহত হয়।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলার-এর তথ্য অনুযায়ী, গত ১৮ জুন চুক্তি স্বাক্ষরের পর থেকে এ পর্যন্ত অন্তত ১৭২টি জাহাজ পুনরায় উন্মুক্ত হওয়া হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করেছে। এর মধ্যে শুধু শনিবারই পাড়ি দিয়েছে ৪২টি জাহাজ।
তবে এই সংখ্যাটি সংঘাতের আগের তুলনায় অনেক কম, যখন প্রতিদিন গড়ে প্রায় ১৩৮টি জাহাজ এই পথ দিয়ে চলাচল করত। বিবিসি ভেরিফাই-এর জাহাজ ট্র্যাকিং ডেটা বিশ্লেষণে দেখা গেছে, গতকাল মঙ্গলবারও প্রণালির ভেতরে প্রায় ২০০-র বেশি তেলের ট্যাংকার অপেক্ষমাণ ছিল।
তথ্যসূত্র: বিবিসি

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে অথবা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়ে একটি প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ৫০টি এ
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছেন প্রভাবশালী কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যান। প্রগতিশীল প্রতিদ্বন্দ্বী ব্র্যাড ল্যান্ডারের কাছে তাঁর এই পরাজয়কে দলটির ভেতরে বামপন্থী ধারার একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।
২ ঘণ্টা আগে
গত এপ্রিলে ইরানের আকাশে গুলি করে ভূপাতিত করা একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলট ইজেক্ট (বিমান থেকে জরুরি বহির্গমন) করার ঠিক আগমুহূর্তে আকাশে এক চাঞ্চল্যকর দৃশ্য দেখার দাবি করেছেন।
১৪ ঘণ্টা আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশির পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি নিজের ইচ্ছায় ঢাকায় ফেরেন বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়...
১৪ ঘণ্টা আগে