
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে ইরানের অর্থনীতি এখন ভয়াবহ সংকটের মুখে। দেশটিতে নিত্যপণ্যের দাম এখন আকাশচুম্বী এবং কর্মসংস্থান হারাচ্ছে লাখো মানুষ। যুদ্ধের ফলে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি অর্থনৈতিক স্থবিরতা জনজীবনকে করে তুলেছে বিপর্যস্ত।
গতকাল শনিবার (২ মে) সপ্তাহের প্রথম কর্মদিবসে ইরানের বাজারে মুদ্রাস্ফীতির ভয়াবহ চিত্র ফুটে ওঠে। খাদ্য, ওষুধ, গাড়ি এবং বৈদ্যুতিক সরঞ্জামের দাম গত সপ্তাহের তুলনায় কয়েক গুণ বেড়েছে। ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের মান মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। তেহরানের খোলাবাজারে প্রতি ১ ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে ১৮ লাখ ৪০ হাজার রিয়াল। বাজার অস্থিতিশীল হওয়ায় মুদ্রা লেনদেনও কমে গেছে।
একই অবস্থা দেখা যাচ্ছে অন্য বাজারেও। ব্যবসায়ী ও ক্রেতারা বুঝতে পারছেন না পরিস্থিতি কোথায় গিয়ে থামবে, নতুন পণ্য আসবে কি না, কিংবা আরও কত দাম বাড়তে পারে।
বাজারে পণ্য সরবরাহ কমে যাওয়ায় বিক্রেতারা ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন। অ্যাপলের ১ হাজার ২০০ ডলারের আইফোন ১৭ প্রো ম্যাক্স ইরানের বাজারে বিক্রি হচ্ছে প্রায় ৫০০ কোটি রিয়াল বা ২ হাজার ৭৫০ ডলারে। একইভাবে, ইরানে জনপ্রিয় ফ্রেঞ্চ গাড়ি ‘পিউজো ২০৬’-এর দাম বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার কোটি রিয়াল বা ১৬ হাজার ৫০০ ডলারে।
গত শুক্রবার (১ মে) রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে গাড়ির বাজারে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কথা স্বীকার করা হয়েছে। তবে কর্তৃপক্ষ এর জন্য বাজারের মনস্তাত্ত্বিক চাপ এবং অসাধু ব্যবসায়ীদের ‘ভুয়া দাম’ নির্ধারণকে দায়ী করেছে।
আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমানে ইরানে মাসিক ন্যূনতম মজুরি ১৭ কোটি রিয়ালের (প্রায় ৯২ ডলার) কম। গত ২১ মার্চ পারস্য বর্ষপঞ্জি শুরুর সময় সরকার মাসিক ন্যূনতম মজুরি প্রায় ৬০ শতাংশ বাড়িয়েছিল। ইরান সরকার জনপ্রতি মাসিক ১০ ডলার সমমূল্যের খাদ্য ভর্তুকিও দিয়ে থাকে।
তেহরানের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বেতন ও পণ্যের দামের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। যা আয় করছি, তা দিয়ে নিত্যপ্রয়োজনীয় কিছু কেনার চেষ্টা করছি, কারণ পরে হয়তো এগুলো আর কেনা সম্ভব হবে না।’
ইরানের ৯ কোটির বেশি মানুষের এই অর্থনৈতিক দুর্দশার পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। প্রথমত, ভৌগোলিক ও রাজনৈতিক কারণ। স্থানীয় অব্যবস্থাপনা, অবকাঠামোতে ক্রমাগত বোমা হামলা, মার্কিন নিষেধাজ্ঞা এবং নৌ-অবরোধ।
দ্বিতীয়ত, যোগাযোগ বিচ্ছিন্নতা। ইরানে গত ৬৪ দিন ধরে ইন্টারনেট শাটডাউন চলছে, যা ব্যবসায়িক কার্যক্রমে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে।
ঠিক কত মানুষ কর্মহীন হয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার তার কোনো বিস্তারিত দেয়নি। তবে তেহরানের প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে শুরু করে ইসফাহানের বড় ইস্পাত কারখানা পর্যন্ত প্রায় সব বড় প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে।
গত শুক্রবার ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি এক বিবৃতিতে দাবি করেছেন, ইসলামিক প্রজাতন্ত্র সামরিক ক্ষেত্রে তার সক্ষমতার প্রমাণ দিয়েছে। তিনি বলেন, ‘এখন আমাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক লড়াইয়ের মাধ্যমে শত্রুদের পরাজিত করতে হবে।’
তিনি ব্যবসায়ী ও কারখানার মালিকদের যতটা সম্ভব কর্মী ছাঁটাই না করার আহ্বান জানান এবং দাবি করেন, ইরান ‘উন্নতি ও অগ্রগতির শিখরের দিকে এগিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, যুদ্ধের প্রথম দিনে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনি নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নেন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁকে এখনো সরাসরি জনসমক্ষে দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) নিয়ে বসবাসরত অভিবাসীদের স্থায়ী বৈধ আবাসিক মর্যাদা অর্জন করতে হবে, অন্যথায় নিজ নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েইন মুলিন...
১ ঘণ্টা আগে
ইউরোপজুড়ে চলমান রেকর্ডভাঙা তাপপ্রবাহের কারণে ২১ জুন থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রোববার (২৮ জুন) সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য জানান।
২ ঘণ্টা আগে
কিম জং উন তাঁর একচ্ছত্র শাসন ও ক্ষমতা টিকিয়ে রেখেছেন কিম পরিবারের ‘পবিত্র’ রক্তধারার ওপর ভিত্তি করে। কিন্তু পিয়ংইয়ংয়ের গণমাধ্যমে এই পবিত্র বংশলতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সদস্য—কিম জং উনের নিজের মা কো ইয়ং-হুই সম্পূর্ণ অনুপস্থিত...
৩ ঘণ্টা আগে
কম্বোডিয়া ও মিয়ানমারে কঠোর অভিযান চালানোর পর চীনা নেতৃত্বাধীন আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রগুলো এখন নতুন আশ্রয়স্থল হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নিচ্ছে। দেশটির পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে দ্বীপরাষ্ট্রটিতে অনলাইন জালিয়াতি ও সাইবার অপরাধ চক্রের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে।
৩ ঘণ্টা আগে