
দক্ষিণ লেবাননের বিধ্বস্ত ভবনের ওপর দিয়ে নিঃশব্দে উড়ে আসছে একটি বিস্ফোরকবাহী কোয়াডকপ্টার। নিচে ইসরায়েলি ট্যাংক, তার আশপাশে দাঁড়িয়ে রয়েছে সেনারা। ড্রোনটির নিয়ন্ত্রণকারী অপারেটরের কাছে তখন লক্ষ্যবস্তুর প্রথম সারির দৃশ্য স্পষ্ট, স্ক্রিনের ওপরের দিকে সাদা অক্ষরে লেখা—‘বোম্ব রেডি’। এটি হিজবুল্লাহর নতুন মারণাস্ত্র ফাইবার অপটিক ড্রোন, যা বর্তমানে ইসরায়েলি প্রতিরক্ষাব্যবস্থার জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ড্রোনগুলো অত্যন্ত প্রাণঘাতী এবং নিখুঁত লক্ষ্যভেদী। এগুলো ইসরায়েলের প্রযুক্তিনির্ভর আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিয়ে হামলার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে।
এই ড্রোনগুলোর কার্যপদ্ধতি বেশ সহজ, কিন্তু অত্যন্ত কার্যকর। সাধারণ ড্রোনগুলো রিমোট কন্ট্রোলে বা বেতারসংকেতের মাধ্যমে চলে, যা ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে আটকে দেওয়া বা চিহ্নিত করা সম্ভব। কিন্তু ফাইবার অপটিক ড্রোনের ক্ষেত্রে কোনো বেতারসংকেত ব্যবহৃত হয় না। ড্রোনটি একটি অতি সূক্ষ্ম ও প্রায় অদৃশ্য ফাইবার অপটিক তারের মাধ্যমে অপারেটরের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে।
ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, এই তার ১৫ কিলোমিটার (৯.৩ মাইল) বা তার বেশি দীর্ঘ হতে পারে। ফলে অপারেটর নিরাপদ দূরত্বে থেকেও ড্রোন থেকে আসা লক্ষ্যবস্তুর হাই-ডেফিনিশন দৃশ্য দেখতে পান। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ইয়েহুশা কালিস্কি বলেন, এগুলো রেডিও সংকেত জ্যামিংয়ের বিরুদ্ধে সম্পূর্ণ সুরক্ষা দেয়। এ ছাড়া এগুলোর কোনো ইলেকট্রনিক সাইন না থাকায় এগুলো কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে, তা শনাক্ত করা অসম্ভব।
সম্প্রতি হিজবুল্লাহর প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, কয়েক কেজি ওজনের এই কোয়াডকপ্টারটি ইসরায়েলি সেনাদের ওপর আঘাত হানছে। ইসরায়েলি সেনারা কোনো কিছু টের পাওয়ার আগেই এটি বিস্ফোরিত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্যমতে, এই হামলায় ১৯ বছর বয়সী সার্জেন্ট ইদান ফুকস নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। তবে হিজবুল্লাহ এখানেই ক্ষান্ত হয়নি, আহত ব্যক্তিদের উদ্ধারে আসা হেলিকপ্টার লক্ষ্য করে তারা আরেকটি ড্রোন হামলা চালায়।
ইসরায়েলি বাহিনী সাধারণত ড্রোন ধ্বংস করতে বেতার ফ্রিকোয়েন্সি জ্যাম করে থাকে। কিন্তু ফাইবার অপটিক ড্রোনের ক্ষেত্রে কোনো সংকেত না থাকায় তাদের প্রযুক্তি এখানে অকার্যকর। ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা স্বীকার করেছেন, জালে আটকানো বা শারীরিক বাধা ছাড়া এগুলো ঠেকানোর উপায় খুব কম। এটি অপ্রতিসম যুদ্ধের জন্য অভিযোজিত একটি লো-টেক বা কম প্রযুক্তির ব্যবস্থা।
এই প্রযুক্তির ব্যবহার প্রথম ব্যাপকভাবে দেখা গিয়েছিল ইউক্রেন যুদ্ধে, যেখানে রুশ বাহিনী এর মাধ্যমে ইউক্রেনের সরবরাহ লাইন বিচ্ছিন্ন করেছিল। হিজবুল্লাহ এখন সেই পদ্ধতি ব্যবহার করে ইসরায়েলের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, হিজবুল্লাহ চীন বা ইরান থেকে সাধারণ ড্রোনগুলো আমদানি করে তাতে বিস্ফোরক যুক্ত করছে। চীন অবশ্য অস্ত্র সরবরাহের বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে।
গাজা যুদ্ধের আগে ইসরায়েলি গোয়েন্দাদের হিসাব অনুযায়ী, হিজবুল্লাহর ভান্ডারে প্রায় ১ লাখ ৫০ হাজার রকেট ছিল। যুদ্ধের এই সময়ে ইসরায়েলের হামলা ও হিজবুল্লাহর পাল্টা আক্রমণে এখন তাদের হাতে মূল ভান্ডারের মাত্র ১০ শতাংশ অবশিষ্ট আছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সামরিক শক্তির সঙ্গে সরাসরি পাল্লা দিতে না পেরে হিজবুল্লাহ এখন এই অপ্রতিসম যুদ্ধকৌশল বেছে নিয়েছে।
সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির জ্যেষ্ঠ ফেলো স্যামুয়েল বেন্ডেট বলেন, যিনি ড্রোনটি নিয়ন্ত্রণ করছেন এবং যিনি আক্রমণ সম্পর্কে অবগত নন—এমন শক্তির বিরুদ্ধে এটি অত্যন্ত কার্যকর। এমনকি যারা এ সম্পর্কে জানে এবং সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে, তাদের ক্ষেত্রেও এটি প্রাণঘাতী হতে পারে।
ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর এই ড্রোন রুখতে বর্তমানে জাল ও অন্যান্য ভৌত বাধা ব্যবহার করছে, কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান নয়। আইডিএফের এক সামরিক কর্মকর্তা বলেন, ‘এটি শতভাগ কার্যকর নয়। হিজবুল্লাহ দ্রুত শিখছে এবং একাধিক ড্রোন একসঙ্গে ব্যবহার করে আমাদের প্রতিরক্ষাব্যবস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটি এমন একটি হুমকি, যার সঙ্গে মানিয়ে নিতে আমাদের এখনো অনেক কাজ করতে হবে।’

বিশ্বখ্যাত পপ গায়িকা শাকিরার এক নজিরবিহীন কনসার্টে ব্রাজিলের কোপাকাবানা সৈকত পরিণত হলো বিশাল এক নৃত্যমঞ্চে। শনিবার রাতে রিও ডি জেনেইরোর এই বিখ্যাত সমুদ্রসৈকতে অনুষ্ঠিত বিনামূল্যের কনসার্ট দেখতে প্রায় ২০ লাখ মানুষ জড়ো হন বলে জানিয়েছেন শহরের মেয়র এডুয়ার্ডো ক্যাভালিয়ারে।
৩৮ মিনিট আগে
উত্তর আফ্রিকার দেশ মরক্কো-তে অনুষ্ঠিত বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিয়ে দুই মার্কিন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। রোববার (৩ মে) ‘মার্কিন আফ্রিকা কমান্ড’ (আফ্রিকম)-এর বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)।
১ ঘণ্টা আগে
ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের মান মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। তেহরানের খোলাবাজারে প্রতি ১ ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে ১৮ লাখ ৪০ হাজার রিয়াল। বাজার অস্থিতিশীল হওয়ায় মুদ্রা লেনদেনও কমে গেছে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সৈন্যদের ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে। শীর্ষ সামরিক কমান্ডারদের বারবার সতর্কবার্তা সত্ত্বেও সাধারণ নাগরিকদের ঘরবাড়ি ও দোকানপাট থেকে মূল্যবান সামগ্রী চুরির ঘটনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী।
৩ ঘণ্টা আগে