Ajker Patrika

লাতিন আমেরিকাজুড়ে মাদক কার্টেলের বিরুদ্ধে স্থল অভিযান চালাবে যুক্তরাষ্ট্র

আজকের পত্রিকা ডেস্ক­
লাতিন আমেরিকাজুড়ে মাদক কার্টেলের বিরুদ্ধে স্থল অভিযান চালাবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকায় মাদক পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জলসীমায় কথিত মাদকবাহী নৌযানে বিমান হামলার পর এবার স্থলভাগেও সরাসরি অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, মাদক কার্টেলগুলো যেখানে সক্রিয়, প্রয়োজনে সেখানেই হামলা চালানো হতে পারে। অর্থাৎ মাদকবিরোধী যুদ্ধ এবার সমুদ্র পেরিয়ে স্থলভাগেও নামছে, মানবজাতি আবারও সমস্যার সমাধানে বোমার পথটিই বেছে নিল।

হেগসেথ বলেন, মাদক পাচারকারী সংগঠনগুলোর বিরুদ্ধে স্থল অভিযান চালানোর পরিকল্পনা ট্রাম্পের নেতৃত্বাধীন ১৯ দেশের একটি জোটের আলোচ্যসূচিতে রয়েছে। প্রয়োজন হলে মাদক চক্রগুলো যেখানে সক্রিয়, সেখানেই এই অভিযান সম্প্রসারণ করা হতে পারে।

স্থানীয় সময় গত বুধবার রাতে পানামার জঙ্গলের এক অজ্ঞাত স্থানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হেগসেথ বলেন, ক্যারিবীয় অঞ্চল ও প্রশান্ত মহাসাগরে কথিত মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় যে ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করা হয়েছে, স্থল অভিযানেও একই ধরনের সক্ষমতা কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘স্থলভাগেও আমরা একই ধরনের প্রভাব তৈরি করতে চাই। তাই আমরা ইকুয়েডরের সঙ্গে কাজ করছি, কলম্বিয়ার সঙ্গে কাজ করছি এবং অংশীদার দেশগুলোর সঙ্গে মিলে স্থলভাগে মাদক পাচারকারী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই নিয়ে এগোচ্ছি।’

গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্যারিবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদকবাহী নৌযানের বিরুদ্ধে বোমা হামলার অভিযান শুরু করে। ওই অভিযানে এখন পর্যন্ত অন্তত ২১৫ জন নিহত হয়েছেন। তবে এই অভিযান নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পর্যায়ে পড়তে পারে।

পানামায় বার্ষিক যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে গিয়ে হেগসেথ এসব কথা বলেন। ওই মহড়ায় ২০ টিরও বেশি দেশের সামরিক বাহিনী অংশ নিচ্ছে। সৈন্যদের ঘিরে দাঁড়িয়ে জলপাই-সবুজ শার্ট পরা হেগসেথ বলেন, ‘আপনি যেখানেই মাদক পাচার করবেন, অথবা আমেরিকান জনগণ কিংবা আমাদের অংশীদারদের জন্য হুমকি তৈরি করবেন, সেখানেই আপনি লক্ষ্যবস্তু হবেন, ঠিক যেমন আইএসআইএস বা আল-কায়েদা।’

মাদক কার্টেলবিরোধী এই উদ্যোগে ‘আমেরিকানস কাউন্টার কার্টেল কোয়ালিশন’ নামে ১৯ দেশের একটি জোট কাজ করছে। জোটে ডানপন্থী সরকার পরিচালিত আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, হন্ডুরাস ও পেরুর মতো দেশ রয়েছে। তবে এই জোটে নেই মেক্সিকো। বামঘেঁষা সরকার পরিচালিত দেশটিতে শক্তিশালী মাদক কার্টেল সক্রিয় থাকলেও দেশটি মার্কিন নেতৃত্বাধীন এই জোটের অংশ হয়নি।

হেগসেথ বলেন, মাদক কার্টেলগুলোকে এখন ‘সতর্ক হয়ে যাওয়া উচিত।’ কথিত মাদকবাহী নৌযানে মার্কিন হামলার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে হেগসেথ বলেন, মাদক পাচারকারী নেটওয়ার্কগুলোকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র তার সরকারের হাতে থাকা সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে। তাঁর ভাষায়, ‘মার্কিন সরকারের হাতে থাকা প্রতিটি সক্ষমতা ব্যবহার করে আমরা এসব নেটওয়ার্ককে চূড়ান্তভাবে ঘিরে ফেলব এবং ধ্বংস করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত