
অধিকৃত পশ্চিম তীরের কুসরা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সরিয়ে দেওয়ার অভিযানের মধ্যেই প্রায় এক ডজন ফিলিস্তিনি পরিবারকে নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সময়ে, বসতি স্থাপনকারীদের অবরোধে তিনটি ফিলিস্তিনি পরিবার কয়েক দিন ধরে বিদ্যুৎ ও পানি ছাড়া বাড়িতে আটকা পড়ে ছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, কুসরার মেয়র আবদেল আজিম ওয়াদি জানিয়েছেন, পুরো গ্রামকে ‘বন্ধ সামরিক এলাকা’ ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী। খালি করে দেওয়া কয়েকটি ফিলিস্তিনি বাড়িকে সেনারা ব্যারাক হিসেবেও ব্যবহার করছে বলে তিনি জানান। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, অভিযানটির উদ্দেশ্য ছিল ‘বাসিন্দাদের সুরক্ষা দেওয়া’ এবং এলাকায় নিরাপত্তা বজায় রাখা।
ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডকে ‘নিন্দনীয়’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, সরকার ঘটনাটি তদন্ত করবে, দায়ীদের গ্রেপ্তার করবে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
গত রোববার থেকে কুসরার আবু রিদি ও হাসান পরিবারের তিনটি বাড়ি ঘিরে রেখেছিল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তারা বাড়িগুলোর প্রবেশপথ আটকে দেয় এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। ফলে পরিবারগুলো কার্যত নিজেদের বাড়ির ভেতরেই অবরুদ্ধ হয়ে পড়ে। তিনটি বাড়ির মধ্যে দুটি বাড়ির বাসিন্দাদের বৃহস্পতিবার সরে যেতে বলা হয়। পরে তারা তৃতীয় বাড়িটিতে গিয়ে আশ্রয় নেন। কুসরার অন্যত্র আরও ১১টি বাড়ির বাসিন্দাকেও সেনাবাহিনী বাড়ি ছাড়ার নির্দেশ দেয়।
রাতভর ছড়িয়ে পড়া ভিডিওতে কুসরায় প্রায় এক ডজন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর যান দেখা যায়, যার মধ্যে একটি বুলডোজারও ছিল। দিনের আলোতে ধারণ করা পরবর্তী ফুটেজে গ্রামের দিকে যাওয়ার সড়কে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর দীর্ঘ সারি দেখা যায়। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, তারা দুটি ‘অবৈধ আউটপোস্ট’ ভেঙে দিয়েছে। কুসরা ও নাবলুসের কাছের জালুদ এলাকার উপকণ্ঠে একজন ইসরায়েলিকে আটক এবং কিছু সরঞ্জাম জব্দ করার কথাও জানিয়েছে তারা।
বাড়ি ছাড়ার নির্দেশ পাওয়া কুসরার বাসিন্দা কাহের ওদেহ বিবিসিকে জানান, বৃহস্পতিবার সকালে ২০ জনেরও বেশি ইসরায়েলি সেনা তার বাড়িতে ঢোকে। তিনি বলেন, ‘সকালে আমি ও আমার ভাই ঘুমিয়ে ছিলাম। তারা দরজা ভেঙে ঢুকে চিৎকার করে বলছিল, ‘খুলুন, দরজা খুলুন।’ এখনও আমি যা দেখেছি, তা পুরোপুরি বুঝে উঠতে পারছি না। সেখানে ২০ জনের বেশি ছিল, হয়তো ৩০ জন।’
ওদেহ জানান, তিনি ও তার ভাই বাড়ি থেকে বেরিয়ে পাড়ার নিচের দিকে চলে যান। কিছুক্ষণ পর সেনারা পুরো এলাকা ঘিরে ফেলে। তিনি বলেন, ‘মানুষকে তাদের বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হচ্ছিল। অনেক মানুষকে।’ প্রায় ১০ ঘণ্টা পর কয়েকটি পরিবারকে বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে তারা ফিরে গিয়ে দেখতে পান, ঘরের জিনিসপত্র তছনছ করা হয়েছে। এক বাসিন্দার অভিযোগ, সেনারা ফ্রিজের সব খাবার বাইরে ফেলে দেয় এবং ১ হাজার ৫০০ ডলার নগদ টাকা নিয়ে যায়, যার মূল্য প্রায় ১ হাজার ১১২ পাউন্ড।
বিবিসি এসব অভিযোগ সম্পর্কে আইডিএফের কাছে জানতে চাইলে বাহিনী এ বিষয়ে কোনো জবাব দেয়নি। আইডিএফ বলেছে, ‘সেনাদের নির্দেশ দেওয়া হয়েছিল যে কুসরার বাসিন্দারা তাদের বাড়িতেই থাকবেন।’ ইসরায়েলি
বাহিনী আরও দাবি করেছে, বসতি স্থাপনকারীদের অবরোধের শিকার ফিলিস্তিনি বাড়িটির ভেতরে ইসরায়েলি সেনারা অভিযান চালাবে না। তাদের ভাষ্য, ইসরায়েলি ‘লিয়াজোঁ কর্মকর্তারা’ কুসরার স্থানীয় নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং বাসিন্দাদের দৈনন্দিন জীবনে বিঘ্ন কমিয়ে আনার চেষ্টা করছেন।
অবরুদ্ধ পরিবারের সদস্য কুসাই আবু রিদি বিবিসিকে জানিয়েছেন, বুধবার রাতেও তাদের বাড়িতে আবার হামলা হয়েছে। কয়েকজন বসতি স্থাপনকারী সেনাবাহিনীর কাছ থেকে লুকিয়ে এখনও এলাকায় অবস্থান করছে বলেও তিনি জানান। আবু রিদির ভাই ওই সম্পত্তির মালিক। তিনি একজন ফিলিস্তিনি-আমেরিকান ব্যবসায়ী এবং বিষয়টি নিয়ে মার্কিন দূতাবাসে অভিযোগ করেছিলেন।
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি, যিনি দীর্ঘদিন ধরে ইসরায়েলি বসতি স্থাপনের সমর্থক হিসেবে পরিচিত, কুসরার পরিবারগুলোকে ভয় দেখানোর ঘটনাকে ‘ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘এই পরিবারকে ভয় দেখানো ও হয়রানি করার উদ্দেশ্যে যারা এই ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তাদের কর্মকাণ্ড ঘৃণ্য। এমন গুন্ডামিপূর্ণ আচরণের কোনো অজুহাত নেই।’
কুসরার সংকট শুরু হয় রোববার। সেদিন বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি পরিবারগুলোর বাড়ির প্রবেশপথের রাস্তা আটকে দেয় এবং পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। ঘটনাস্থলে প্রথম পৌঁছানো কয়েকজন ইসরায়েলি সেনাকে বসতি স্থাপনকারীদের সঙ্গে প্রার্থনা করতে দেখা যায়। পরে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ওই সেনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর আবু রিদি ও হাসান পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের আবেদন জানায়।
বুধবার বসতি স্থাপনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এ সময় বড় একটি দল বসতি স্থাপনকারীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ফিলিস্তিনিদের নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ভিডিওতে ইসরায়েলি সেনা ও সীমান্ত পুলিশের সঙ্গে বসতি স্থাপনকারীদের সংঘর্ষ এবং নিরাপত্তা বাহিনীর কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহারের দৃশ্য দেখা যায়।
অন্য এক ভিডিওতে দেখা যায়, বসতি স্থাপনকারীরা যে ছাউনির নিচে অবস্থান করছিল, ইসরায়েলি বাহিনী সেটি সরিয়ে বা জব্দ করেছে। তবে তাদের অন্যান্য সরঞ্জাম সেখানে রেখে দেওয়া হয়।
কুসরার বসতি স্থাপনকারীরা ঠিক কী অর্জন করতে চাইছে, তা স্পষ্ট নয়। তবে অতীতে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়ি থেকে উচ্ছেদ করে তাদের সম্পত্তি দখল করেছে। স্থানীয়দের মতে, বসতি স্থাপনকারীদের ঘোষিত লক্ষ্য হলো ওই এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের সরিয়ে দেওয়া। আন্তর্জাতিক আইনের অধীনে অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি বসতিগুলো অবৈধ। তবে ইসরায়েলি সরকার সাম্প্রতিক সময়ে বসতি সম্প্রসারণ দ্রুত বাড়িয়েছে। এর সঙ্গে বসতি স্থাপনকারীদের সহিংসতাও বেড়েছে।
কুসরার ঘটনা আবারও বসতি স্থাপনকারীদের তুলনামূলক দায়মুক্তি এবং ক্রমবর্ধমান সহিংসতা মোকাবিলায় ইসরায়েলি বাহিনীর অক্ষমতা বা অনিচ্ছার বিষয়টি সামনে এনেছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বয়স্ক ব্যক্তিদের লক্ষ্য করে সংঘটিত প্রতারণার দায় স্বীকার করেছেন ২৪ বছর বয়সী বাংলাদেশি ইফতেখার লতিফ নিয়ন। ডিজিটাল প্রতারণার (wire fraud) এই অপরাধে সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড হতে পারে তাঁর। মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট তথা বিচার বিভাগ এক অফিশিয়াল বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বলেছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়া, বৈশ্বিক তেল সরবরাহ কমে যাওয়া এবং আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকার মধ্যেও তারা অনির্দিষ্টকাল ইরানের ওপর নৌ অবরোধ বজায় রাখতে পারবে। একই সঙ্গে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর কথাও জানিয়েছে ওয়াশিংটন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে মরিয়া হয়ে উঠেছে ভারত। এই ইস্যুতে ঢাকার সঙ্গে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি। দুই দেশের সম্পর্কের পূর্ণ স্বাভাবিকীকরণের লক্ষ্যে চলতি মাসের শেষ নাগাদ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে এই সফর আয়োজনের চেষ্টা চলছে।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের ভেতরের দুরবস্থা নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ‘সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত হয়েছে’ বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
১১ ঘণ্টা আগে