Ajker Patrika

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানস্থল ও বিদ্যালয়ে বিমান হামলা, নিহত অন্তত ৫১

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৮: ৫২
মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানস্থল ও বিদ্যালয়ে বিমান হামলা, নিহত অন্তত ৫১
মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হয় একটি ভবন। যে সময় এই হামলা চালানো হয়, তখন এখানে একটি বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। গতকাল শনিবার মিয়ানমারের শান ও কারেন্নি প্রদেশের মধ্যবর্তী মোয়ে বাই এলাকায়। ছবি: এএফপি

মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় দেশটির বিভিন্ন স্থানে অন্তত ৫১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একটি বিয়ের অনুষ্ঠানস্থলে থাকা মানুষ এবং একটি বিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন ভিক্ষু ও শিক্ষক রয়েছেন। শান, মাগওয়ে ও রাখাইন রাজ্যে সাম্প্রতিক এসব হামলায় বহু মানুষ আহত হয়েছেন।

আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারকে রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার এক সপ্তাহ পর এসব হামলার খবর এল। আন্তর্জাতিক আদালতে কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার ঘটনা এটিই প্রথম।

বিবিসি জানায়, গতকাল শনিবার বিকেলে দক্ষিণ শান রাজ্যের মোয়ে বাই গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানস্থলে হামলায় অন্তত ২১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উদ্ধারকর্মীরা। ওই হামলায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার মধ্য মিয়ানমারের মাগওয়ে অঞ্চলের ইন ইয়ন গ্রামের একটি বিদ্যালয়ে বিমান হামলায় অন্তত ২০ বেসামরিক নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে শিক্ষার্থী, নবীন ভিক্ষু ও শিক্ষক ছিলেন বলে জানিয়েছে মিয়ানমারের নির্বাসিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)। মাগওয়ে অঞ্চলে প্রতিরোধ বাহিনীগুলো সক্রিয়।

শনিবার সন্ধ্যায় পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ শহরেও বিমান হামলা চালায় সামরিক বাহিনী। স্থানীয় সময় রাত ৮টার দিকে শহরটির একটি আবাসিক এলাকায় বোমা হামলায় ১০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ম্রাউক-ইউ শহরটি আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণে রয়েছে। আরাকান আর্মি মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে লড়াইরত শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি।

২০২১ সালে অভ্যুত্থানে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাতের পর থেকে মিয়ানমারজুড়ে প্রায় প্রতিদিনই সামরিক বাহিনীর বিমান হামলা চলছে। ওই অভ্যুত্থানের পর দেশটিতে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ শুরু হয়। সামরিক বাহিনী নিয়ন্ত্রণে নিতে না পারা এলাকাগুলোয় গ্রাম পুড়িয়ে দেওয়া এবং স্থল অভিযানও চালিয়েছে। এসব এলাকার মধ্যে এনইউজি ও জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর নিয়ন্ত্রিত অঞ্চল রয়েছে।

২০১৭ সালে সামরিক দমন অভিযানে হাজারো মানুষ নিহত হন এবং ৭ লাখের বেশি মানুষ পালিয়ে যেতে বাধ্য হন। তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে বলেছিল, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে তাদের বাহিনী অভিযান চালিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত