আফগানিস্তানে স্কুলের পাশে বাড়িতে বিস্ফোরণ, ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৭

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে আবাসিক বাড়িতে বিস্ফোরণে অন্তত সাত শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৭ জন। শনিবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতিবিষয়ক পরিচালক মাওলভি সামি-উল-হক হক বায়ান পাজওক আফগান নিউজকে বলেন, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে (জিএমটি ৫টা ৩০ মিনিট) প্রদেশের দান্দ-ই-সির এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের আবাসিক বাড়িতে বিস্ফোরণটি ঘটে।
কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ আল-জাজিরাকে জানান, হতাহতের সংখ্যা প্রাথমিক হিসাব। আরও তথ্য পাওয়া গেলে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।
সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র পাজওককে জানায়, বিস্ফোরণে সাত শিক্ষার্থী নিহত এবং ৯৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে জালালাবাদের আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের কুনার প্রদেশেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, খননকাজে ব্যবহারের জন্য ওই বাড়িতে ডিনামাইটসহ বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। সেগুলো বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।
বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তে একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল কমপ্লেক্সে হ্যান্ড গ্রেনেড হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০টির বেশি শিশু আহত হয়েছিল।









