Ajker Patrika

আফগানিস্তানে নারীর নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ডাকা হচ্ছে ‘গরু’ কিংবা ‘ছাগল’

আজকের পত্রিকা ডেস্ক­
আফগানিস্তানে নারীর নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ডাকা হচ্ছে ‘গরু’ কিংবা ‘ছাগল’
প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথি, চিকিৎসকের ব্যবস্থাপত্র ও চিকিৎসা রেকর্ডে নারীদের প্রকৃত নাম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েকজন আফগান নারী স্পেনের দৈনিক এল পাইসকে জানিয়েছেন, তালেবান কর্মকর্তারা নারীদের নামের বদলে ‘বিবি’ সম্বোধনের নির্দেশ দিয়েছেন। অধিকারকর্মীদের দাবি, কোনো কোনো ক্ষেত্রে নারীদের ‘ছাগল’ কিংবা ‘গরু’র মতো অবমাননাকর নামেও ডাকা হচ্ছে।

এ নিয়ে এল পাইস সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জার্মানিভিত্তিক আফগান অধিকারকর্মী লালাহ ওসমানি পত্রিটাকে বলেছেন, নাম মানুষের জন্য জন্মের উপহার এবং মৃত্যুর পরও টিকে থাকে। তাঁর ভাষায়, নাম হলো ‘একটি মুখ, একটি কণ্ঠ, একটি গল্প’।

আফগান সংবাদমাধ্যম জান টাইমস ও ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানে বলা হয়েছে, বালখের হাসপাতালকর্মী ও অন্য সরকারি কর্মচারীদের নারীদের ‘বিবি’ বলে সম্বোধনের নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে ‘বিবি’ বলতে দাদি বা বয়স্ক নারী বোঝায়। আফগান সমাজে, বিশেষত প্রকাশ্যে, কোনো নারীর প্রথম নাম উচ্চারণ করাকে ঐতিহ্যগতভাবে তাঁর স্বামী বা সন্তানের সম্মানের প্রতি আঘাত হিসেবে বিবেচনা করা হয়। তবে ওসমানি বলেন, বাস্তবতা আরও কঠিন।

নারী, চিকিৎসক ও নাগরিক অধিকারকর্মীদের বিভিন্ন সাক্ষ্যের বরাতে ওসমানি বলেন, তালেবান শুধু বালখের কর্মকর্তাদের নারীর প্রকৃত নাম লেখা ও উচ্চারণ বন্ধের নির্দেশই দেয়নি; অনেক ক্ষেত্রে নারীদের পশুর সঙ্গে সম্পর্কিত অবমাননাকর শব্দেও ডাকা হচ্ছে।

ওসমানি বলেন, ‘এটি পরিকল্পিতভাবে মানুষ হিসেবে মর্যাদা কেড়ে নেওয়ার প্রক্রিয়া। কোনো শাসকগোষ্ঠী যখন নারীর নামের বদলে পশুর নাম দেয়, তখন সে তাঁর মানবিক সত্তা কেড়ে নিয়ে তাঁকে কেবল জৈবিক প্রাণী বা একজন পুরুষের সম্পত্তিতে পরিণত করে।’

আফগানিস্তানে সরকারি নথিতে নারীদের পুরুষ আত্মীয়ের ‘স্ত্রী’ বা ‘কন্যা’ হিসেবে উল্লেখের প্রচলনের কথাও বলেন ওসমানি। কবরফলকেও নারীর নাম লেখা হয় না বলে জানান তিনি।

তালেবানের প্রথম শাসনামলে, ১৯৯৬ সাল থেকে ২০০১ সালের মধ্যে, রাস্তা ও জনপরিসরের নাম থেকে ‘নারী’ শব্দটি বাদ দেওয়া হয়েছিল। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর গত পাঁচ বছরে তালেবানের নারীসংক্রান্ত নীতির একমাত্র উদ্দেশ্য তাঁদের মানবিক মর্যাদা অস্বীকার করা বলে মনে করেন ওসমানি। তাঁর ভাষায়, একজন মানুষকে মানুষ হিসেবে উপেক্ষা করার প্রথম ধাপ হলো তাঁর নাম কেড়ে নেওয়া।

কাবুলের অধিকারকর্মী কারিশমা (ছদ্মনাম) হোয়াটসঅ্যাপে বালখের এ নির্দেশের কথা নিশ্চিত করেছেন। তবে তাঁর দাবি, এখন পর্যন্ত নারীর নাম ব্যবহারে নিষেধাজ্ঞা উপেক্ষিতই রয়েছে।

যুক্তরাষ্ট্রে বেসরকারি সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর আশঙ্কা করছেন, স্থানীয়ভাবে শুরু হওয়া এমন উদ্যোগ পরে দেশজুড়ে নারীর নাম নিষিদ্ধের ফরমান হয়ে উঠতে পারে। অন্যান্য ইস্যুতেও অতীতে এমন ঘটেছে বলে তিনি জানান।

আকবর ব্যঙ্গ করে বলেন, নারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপে তালেবান খুবই সৃজনশীল। ফেমেনার হিসাবে, আফগান নারীর অধিকার খর্ব করতে তালেবান ১৪৪টির বেশি ফরমান জারি করেছে। এর মধ্যে ১২ বছরের বেশি বয়সী মেয়েদের পড়াশোনা বন্ধ, অধিকাংশ চাকরি থেকে নারীদের নিষিদ্ধ করা এবং প্রকাশ্যে কথা বলায় বিধিনিষেধ রয়েছে।

চলতি বছরের ১৪ মে পাস হওয়া একটি আইন মেয়েশিশুদের ধর্ষণকে বৈধতা দেওয়া হয়েছে বলেও দাবি করেন আকবর। তালেবানের দণ্ডবিধিতে নারীর হাত ভাঙার শাস্তি ১৫ দিনের কারাদণ্ড, অথচ উটকে মারলে পাঁচ মাসের কারাদণ্ড হতে পারে।

ওসমানি বলেন, ‘নামহীন মানুষ স্বপ্ন দেখতে পারে না, সম্পত্তির মালিক হতে পারে না, ন্যায়বিচার দাবি করতে পারে না, ইতিহাসেও স্মরণীয় হতে পারে না।’

এক আফগান পুরুষের ঘটনা উল্লেখ করে ওসমানি বলেন, ওই ব্যক্তি তাঁকে জানিয়েছিলেন, তিনি তাঁর মায়ের নাম জানতে পারেননি। ঘরেও কেউ তাঁকে তাঁর নামে ডাকত না কেউ। মায়ের মৃত্যুর পর তিনি তাঁর নাম জানতে পারেন।

ওসমানি বলেন, আফগান নারীর নাম মুছে দেওয়ার প্রথা প্রাচীন উপজাতীয় রীতি। ২০২১ সালে মার্কিন সেনাদের আকস্মিক প্রত্যাহারের পর তালেবানের কাছে আত্মসমর্পণ করা পশ্চিমাপন্থী সরকারের আমলেও আফগানিস্তানে এ উপজাতীয় প্রথা চালু ছিল। পশ্চিমাপন্থী শাসনের ২০ বছরে নারীদের কবরফলক ও নিজেদের বিয়ের আমন্ত্রণপত্রেও তাঁদের পরিচয় অনুপস্থিত ছিল।

তবে আকবর বলেন, বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই সময়ের তুলনা চলে না। তখন নারীর নাম নিষিদ্ধ ছিল না এবং কিছু নথিতে তা থাকত। আফগান পাসপোর্টে এখনো নারী পাসপোর্টধারীর নাম উল্লেখ থাকে। নারীরা নিজেদের নামে প্রকাশ্যে কাজ করতে পারতেন এবং আরও অধিকারের জন্য লড়াই করতেন।

২০১৭ সালে লালাহ ওসমানি ‘আমার নাম কোথায়?’ শিরোনামে একটি প্রচার শুরু করেন। লক্ষ্য ছিল সন্তানের জন্মসনদসহ যেসব সরকারি নথিতে নারীর নাম থাকত না, সেখানে তাঁদের নাম অন্তর্ভুক্ত করা। তালেবান ক্ষমতায় আসার আগেই এ প্রচারের কারণে হুমকি পেয়েছিলেন ওসমানি। ২৫ বছর বয়সে উগ্রপন্থীদের হাতে চামড়া তুলে নেওয়া এক নারীর মরদেহের ছবি তাঁকে পাঠানো হয়। তাঁকে সতর্ক করে বলা হয়, প্রচার বন্ধ না করলে তাঁরও একই পরিণতি হবে।

ওসমানি বলেন, ভয় পেলেও তিনি থামেননি। তাঁর প্রচারের ফলে ২০২০ সালের সেপ্টেম্বরে তালেবান-পূর্ব আফগান সরকারের অনুমোদনে সন্তানের জন্মসনদসহ নথিতে স্বেচ্ছায় মায়ের নাম অন্তর্ভুক্তির সুযোগ তৈরি হয়। ওসমানি বলেন, শহরগুলোয় এবং তরুণ প্রজন্মের মধ্যে নারীর নাম ব্যবহার আর নিষিদ্ধ বিষয় ছিল না; এটি সম্মান, আধুনিকতা ও ন্যায়বিচারের প্রতীকে পরিণত হচ্ছিল।

আফগান অ্যানালিস্টস নেটওয়ার্ক ২০১৭ সালে ‘নারীর নামে কী আছে? নাম নেই, জনপরিচয়ও নেই’ শিরোনামের প্রতিবেদনে আফগান নারীর প্রকৃত নাম ব্যবহার এবং জনপরিসরে তাঁদের উপস্থিতির সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছিল।

বর্তমান পরিস্থিতিতে নারীর নাম মুছে দেওয়ার সম্ভাবনা গুরুতর বাস্তব সমস্যাও তৈরি করতে পারে বলে আশঙ্কা ওসমানির। তিনি বলেন, একটি হাসপাতালে কয়েক ডজন প্রেসক্রিপশন ও চিকিৎসা নথি যদি একই নাম—‘বিবি’—বা একটি নম্বরের অধীনে থাকে, তাহলে চিকিৎসাগত ভুলের ঝুঁকি ব্যাপক।

নারীদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়াচ্ছে নারী ও মেয়েদের পুরুষ চিকিৎসকের চিকিৎসা দেওয়া নিষিদ্ধ করা এবং আফগান নারীদের স্বাস্থ্যসেবাসংক্রান্ত পেশায় পড়াশোনা বন্ধের বিধিনিষেধ। ওসমানির ভাষায়, উগ্রপন্থীরা মূলত নারীদের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করছে।

স্পেনে নির্বাসিত আফগান সাংবাদিক খাদিজা আমিনের প্রথম সন্তান জন্মের সময় তাঁর বয়স ছিল ১৯ বছর এবং তাঁর বিয়ে ছিল পারিবারিকভাবে ঠিক করা। সন্তানের জন্মসনদে খাদিজার নাম ছিল না। পরে জন্ম নেওয়া তাঁর যমজ সন্তানের জন্মসনদেও নাম অন্তর্ভুক্ত হয়নি। জনপ্রিয় আফগান টেলিভিশন উপস্থাপক হওয়ার পর ২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ায় খাদিজাকে পালিয়ে যেতে হয়। পরে তাঁর স্বামী তাঁদের তিন সন্তানকে তাঁর কাছ থেকে নিয়ে যান।

২০২৪ সালে খাদিজা জানতে পারেন, তাঁর সাবেক স্বামী সন্তানদের নিয়ে শরণার্থী হিসেবে জার্মানিতে বসবাস করছেন। সন্তানদের সঙ্গে দেখা করার আবেদন জানাতে এবং সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে তিনি বার্লিনে যান। খাদিজা থানায় অভিযোগ করতে গিয়েও পারেননি। কারণ, সন্তানদের মা হিসেবে তাঁর পরিচয় প্রমাণের কোনো নথি তাঁর কাছে ছিল না। আরও দুই বছর পর জার্মানির একটি আদালত তাঁর আবেদন গ্রহণ করে। তত দিনে সাবেক স্বামী পালিয়ে যাওয়ার সুযোগ পান। তিনি সন্তানদের আবার আফগানিস্তানে নিয়ে যান, ফলে তাঁরা খাদিজার নাগালের বাইরে চলে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত