Ajker Patrika

রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অগ্রহণযোগ্য’ অংশ মানবে না মিয়ানমার: প্রেসিডেন্ট

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৫: ৫৯
রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অগ্রহণযোগ্য’ অংশ মানবে না মিয়ানমার: প্রেসিডেন্ট
মিন অং হ্লাইং। ছবি: এএফপি

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত রায়ের ‘অগ্রহণযোগ্য’ অংশগুলো মিয়ানমার মানবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। আদালতের রায়ের পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গত সপ্তাহে এক ঐতিহাসিক রায়ে ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেন আইসিজের বিচারকেরা। ওই বছর দেশটির সেনাবাহিনীর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন এবং সাত লাখের বেশি মানুষ বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন। তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাব দিতেই সেনাবাহিনী ওই অভিযান চালিয়েছিল।

আজ বৃহস্পতিবার মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মিন অং হ্লাইং বলেছেন, ‘গণহত্যা’ শব্দটি মিয়ানমারের ভাবমূর্তির ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলেছে। গতকাল বুধবার এক বৈঠকে তিনি বলেন, একটি দায়িত্বশীল দেশ হিসেবে মিয়ানমার উপযুক্ত পদক্ষেপ নেবে, তবে যেসব শর্তকে দেশটি অগ্রহণযোগ্য মনে করবে, সেগুলো মেনে চলবে না। তবে আইসিজের রায়ের ঠিক কোন কোন অংশ মিয়ানমারের কাছে অগ্রহণযোগ্য, তা তিনি উল্লেখ করেননি।

২০১৯ সালে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার মামলা করে। মামলাটির মূল বিষয় ছিল ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর পরিচালিত কথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’। ওই এলাকায় বিপুলসংখ্যক রোহিঙ্গা মুসলিম বসবাস করতেন।

আইসিজের রায়ে বলা হয়েছে, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়। এ ছাড়া সাত লাখের বেশি রোহিঙ্গা পায়ে হেঁটে কিংবা সমুদ্রপথে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন বলে ধারণা করা হয়। আদালতের হিসাব অনুযায়ী, প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা কোনো না কোনোভাবে ওই অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন।

বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের নিয়ে গঠিত আইসিজের বিচারক প্যানেল ৯-৬ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় এ রায় দেন। একই সঙ্গে ১৯৪৮ সালের গণহত্যা সনদের আরও কয়েকটি ধারা লঙ্ঘনের দায়েও সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতামতে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করা হয়। আদালতের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। এর মধ্য দিয়ে মিয়ানমার প্রথম দেশ হিসেবে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হলো।

আইসিজে মিয়ানমারকে ক্ষতিগ্রস্তদের আনুপাতিক হারে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে ক্ষতিপূরণের সুনির্দিষ্ট পরিমাণ পরে নির্ধারণ করা হবে। এ ছাড়া গণহত্যা সনদ লঙ্ঘনের চলমান কর্মকাণ্ড বন্ধ এবং সনদ লঙ্ঘনের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে আদালত।

তবে আইসিজের নিজস্বভাবে রায় কার্যকর করার ক্ষমতা নেই। আদালতের নির্দেশ বাস্তবায়নের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক রাজনৈতিক চাপের ওপর নির্ভর করতে হয়। রায়টি বাস্তবায়নের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও রোহিঙ্গা জনগোষ্ঠী ও মানবাধিকার সংগঠনগুলো একে স্বাগত জানিয়েছে। দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও নিপীড়নের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার দাবি জানিয়ে আসছে এসব সংগঠন।

এ পর্যন্ত এক ডজনেরও বেশি দেশ আইসিজের রায়কে স্বীকৃতি দিয়েছে। এ ছাড়া যুক্তরাজ্য মিয়ানমারের সামরিক বাহিনীর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ২০২১ সালে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশটির বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়েছে। ওই অভ্যুত্থানের ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশটি অনেকটা একঘরে হয়ে পড়ে এবং সামরিক সরকারের ওপর বিভিন্ন দেশের ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এরপর থেকে মিন অং হ্লাইং মিয়ানমারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পুনরায় যুক্ত করার চেষ্টা চালিয়ে আসছেন। তবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরগুলোতে এখনো অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে দেশটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত