চীন ও পাকিস্তান যৌথভাবে এমন একটি স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে, যার মাধ্যমে ভারতের ভূখণ্ডের ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো সম্ভব হতে পারে। ২০২৫ সালে ভারত-পাকিস্তান সংঘাতের সময় মহাকাশভিত্তিক নজরদারিতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হয় বলে একটি মহাকাশ নজরদারি প্রতিবেদনে উঠে এসেছে।
ভারতের বেঙ্গালুরুভিত্তিক মহাকাশ নজরদারি প্রতিষ্ঠান দিগন্তরার (Digantara) তৈরি ওই প্রতিবেদনটির অনুলিপি পেয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য প্রিন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন সিঁদুর চলাকালে ভারতের সামরিক স্থাপনা ও অন্যান্য কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানের ওপর নজর রাখতে চীনের মহাকাশ সক্ষমতা, বিশেষ করে স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য, ব্যবহার করা হয়ে থাকতে পারে।
ভারত ও পাকিস্তানের মধ্যে ৮৮ ঘণ্টার সামরিক সংঘাতের সময় চীনের উচ্চক্ষমতাসম্পন্ন অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ইয়াওগান-৪১ (Yaogan-41) কী ভূমিকা রেখেছিল, তা প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুসন্ধান। প্রতিবেদনে বলা হয়েছে, ‘চীনা স্যাটেলাইট ইয়াওগান-৪১ পুরো ভারতীয় উপমহাদেশজুড়ে ধারাবাহিক নজরদারি চালাতে পারে। দ্বৈত ব্যবহারের উপযোগী এই স্যাটেলাইটটি অপারেশন সিঁদুর চলাকালে ভারতের বিমানঘাঁটিগুলো পর্যবেক্ষণ করেছে।’
অপারেশন সিঁদুরে ভারতের বিরুদ্ধে ইয়াওগান-৪১-এর নির্দিষ্ট ব্যবহারের কথা তুলে ধরার পাশাপাশি প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়েছে, চীন ও পাকিস্তান কীভাবে পরিপূরক মহাকাশ নজরদারি নেটওয়ার্ক গড়ে তুলছে। এর লক্ষ্য হলো, ভারতের কোনো অংশই যেন নজরদারির বাইরে না থাকে।
২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুনের মধ্যে পাকিস্তান ছয়টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। এর মধ্যে পাঁচটি—পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-আর্থ অবজারভেশন ১ (PRSC-EO1), পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-২ (PRSS-2), এইচএস-১ (HS-1), PRSC-EO 2 এবং PRSC-EO3—চীনা রকেটে করে চীনের উৎক্ষেপণকেন্দ্র থেকে পাঠানো হয়।
এই স্যাটেলাইটগুলোর প্রতিটিই আলাদাভাবে ভারতের ভূখণ্ডের ওপর নজরদারির জন্য স্থাপন করা হয়েছে। একই সঙ্গে এগুলো চীনের বিদ্যমান স্যাটেলাইট নেটওয়ার্কের পরিপূরক হিসেবেও কাজ করছে। পাকিস্তান ও চীনের স্যাটেলাইটগুলোর সম্মিলিত পৃথিবী পর্যবেক্ষণ সক্ষমতার ফলে ভারতের সামরিক অবকাঠামো, সেনা চলাচল, সীমান্তবর্তী স্থাপনা, বিমানঘাঁটি, নৌ-স্থাপনা এবং কৌশলগত সম্পদের বিষয়ে আরও ধারাবাহিক ও বিস্তারিত চিত্র পাওয়া সম্ভব।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘চীন পাকিস্তানের জন্য পাঁচটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এর ফলে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও অনুসন্ধান (ISTAR), ভারতের গুরুত্বপূর্ণ সম্পদ পর্যবেক্ষণ এবং মহাকাশ নজরদারির সক্ষমতা বেড়েছে।’ আইএসটিএআর হলো একটি সামরিক ব্যবস্থা। স্যাটেলাইট, ড্রোন, উড়োজাহাজ, রাডার, ভূমিতে স্থাপিত সেন্সর এবং গোয়েন্দা নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্য একত্র করে এই ব্যবস্থা প্রতিপক্ষের কর্মকাণ্ড ও সক্ষমতা সম্পর্কে সামরিক বাহিনীকে বিস্তারিত চিত্র দেয়।
বিশেষজ্ঞদের মতে, চীন যখন মহাকাশে নিজেদের সক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষা বাড়াচ্ছে, তখন ভারতেরও মহাকাশে নিজেদের উপস্থিতি ও সক্ষমতা বাড়ানোর দিকে কাজ করা প্রয়োজন।
পাকিস্তানের স্যাটেলাইট
দিগন্তরার প্রতিবেদনে দেখা গেছে, চীনের সহায়তায় পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রম ২০২৫ সালের অনেক আগেই শুরু হয়েছিল। ২০১৮ সাল থেকে PRSC-EO 1, পাকস্যাট এমএম ১ (PakSat MM1), আইকিউব-কিউ (ICUBE-Q), PRSS-1 এবং পাক টিইএস ১এ (Pak TES 1 A)-এর মতো স্যাটেলাইট ভারতের ভূখণ্ডকে লক্ষ্য করে কাজ করছিল। এগুলো এমন কক্ষপথে স্থাপন করা হয়েছিল, যা চীনের বিদ্যমান স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারে।
স্যাটেলাইটগুলোর এই পরিকল্পিত সমন্বিত কার্যক্রমকে একটি সুচারুভাবে সাজানো নৃত্যের সঙ্গে তুলনা করা যায়। পুরো নেটওয়ার্ক একসঙ্গে বিবেচনা করলে দেখা যায়, একটি স্যাটেলাইট যখন কোনো নির্দিষ্ট অঞ্চল থেকে নজরদারির সীমার বাইরে চলে যায়, তখন অন্য একটি স্যাটেলাইট সেখানে অবস্থান নিয়ে নজরদারি চালায়। এর ফলে ওই অঞ্চলে ধারাবাহিক পর্যবেক্ষণ নিশ্চিত করা সম্ভব হয়।
পাকিস্তানের স্যাটেলাইটগুলো একভাবে চীনের বিস্তৃত স্যাটেলাইট নেটওয়ার্কে থাকা ছোট ছোট ফাঁক পূরণ করছে। এসব স্যাটেলাইটের কক্ষপথও এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো বিভিন্ন দিক, দূরত্ব ও স্পষ্টতা থেকে পর্যবেক্ষণ করা যায়।
উদাহরণ হিসেবে বলা যায়, পিআরএসএস–১ পাকিস্তানের একটি পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট। ২০১৮ সালের জুলাইয়ে পাক টিইএস-১ এ-এর সঙ্গে এটি উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটটিতে ইলেকট্রো-অপটিক্যাল ইমেজিং প্রযুক্তি রয়েছে। এর মাধ্যমে প্রধানত দুই ধরনের ছবি পাওয়া যায়—প্যানক্রোম্যাটিক এবং মাল্টিস্পেকট্রাল। প্যানক্রোম্যাটিক ছবির মাধ্যমে উপযুক্ত পরিস্থিতিতে প্রায় এক মিটার প্রশস্ত বস্তু বা বৈশিষ্ট্য আলাদা করে শনাক্ত করা সম্ভব। অন্যদিকে, মাল্টিস্পেকট্রাল ছবিতে তড়িৎচুম্বকীয় বর্ণালির বিভিন্ন অংশের তথ্য ধারণ করা হয়। এর মাধ্যমে উদ্ভিদ, ভূমির ব্যবহার, জলাশয় এবং ভূ-পৃষ্ঠের অন্যান্য বৈশিষ্ট্য শনাক্ত করতে সহায়তা পাওয়া যায়।
পাকিস্তানের মহাকাশ সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) জানিয়েছে, পিআরএসএস–১ পৃথিবীর যেকোনো স্থানের ছবি চার দিন পরপর ধারণ করতে পারে। উদাহরণস্বরূপ, পিআরএসএস–১ যদি সোমবার দিল্লির ছবি তোলে, তাহলে প্রায় চার দিন পর আবার দিল্লির ছবি তুলতে পারবে। বিশ্বের অন্য যেকোনো স্থানের ক্ষেত্রেও একইভাবে কাজ করতে পারে স্যাটেলাইটটি।
এর ফলে বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভূমিতে ঘটে যাওয়া পরিবর্তন পর্যবেক্ষণ করতে পারেন। স্যাটেলাইটের তোলা ছবি গ্রহণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের জন্য ইসলামাবাদ ও করাচিতে পিআরএসএস-১-এর দুটি গ্রাউন্ড স্টেশন রয়েছে। ২০২৪ সালে উৎক্ষেপণ করা পাকস্যাট-এমএম ১ একটি যোগাযোগ স্যাটেলাইট। চীনের সহায়তায় এটি তৈরি করা হয়েছে। পাকিস্তান ও আশপাশের অঞ্চলে টেলিযোগাযোগ সেবা দেওয়ার জন্য স্যাটেলাইটটি নকশা করা হয়েছে।
অন্যদিকে, পিআরএসসি–ইও ১ পাকিস্তানের নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট কর্মসূচির অংশ। এই কর্মসূচিতে অপটিক্যাল সেন্সর ব্যবহার করে পৃথিবীর ভূ-পৃষ্ঠের ছবি সংগ্রহ করা হয়। এই সব স্যাটেলাইটই চীনের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা ও উৎক্ষেপণ-সংক্রান্ত সহযোগিতা পেয়েছে। ২০২২ সালে পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো এবং চায়না গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশন একটি বহুমাত্রিক উৎক্ষেপণ পরিষেবা চুক্তি স্বাক্ষর করে। গ্রেট ওয়াল হলো চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান।
চুক্তিটির লক্ষ্য ছিল, চীনের রকেট ও সংশ্লিষ্ট কারিগরি পরিষেবা ব্যবহার করে পাকিস্তানের একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিশ্চিত করা।
ভূমিভিত্তিক নজরদারির সহায়তা
দিগন্তরার মহাকাশ নজরদারি প্রতিবেদনে এশিয়া-প্যাসিফিক গ্রাউন্ড-বেসড স্পেস অবজেক্ট অবজারভেশন সিস্টেম প্রজেক্টে (এপিওএসওএস) পাকিস্তানের ক্রমবর্ধমান অংশগ্রহণ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই সংস্থাটি এশিয়া-প্যাসিফিক স্পেস কো-অপারেশন অর্গানাইজেশনের অধীনে চালু হওয়া একটি বহুজাতিক মহাকাশ নজরদারি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের পরিচালনা ও তথ্য ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রকল্পটিতে ভূমিতে স্থাপিত অপটিক্যাল টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশের বিভিন্ন বস্তুর ওপর নজর রাখা হয় এবং সেগুলোর গতিপথ অনুসরণ করা হয়। এর মধ্যে স্যাটেলাইটও রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এপিওএসওএস-এর প্রথম তিনটি পর্যবেক্ষণ কেন্দ্র বা স্টেশন যে তিনটি দেশে স্থাপন করা হয়েছিল, পাকিস্তান তার একটি।
প্রতিটি পর্যবেক্ষণ কেন্দ্রে ১৫ সেন্টিমিটার অ্যাপারচারের একটি অপটিক্যাল টেলিস্কোপ রয়েছে। বিভিন্ন কেন্দ্র থেকে সংগৃহীত পর্যবেক্ষণ-সংক্রান্ত তথ্য চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিজের কেন্দ্রীয় স্থাপনায় পাঠানো হয়।
অন্য দুটি পর্যবেক্ষণ কেন্দ্র পেরু ও ইরানে অবস্থিত।
পাকিস্তান শুধু এপিওএসওএস-এর সদস্যই নয়, বরং দেশটি এই প্রকল্পের একটি পর্যবেক্ষণ কেন্দ্রের আয়োজকও। ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত মহাকাশ পর্যবেক্ষণের তথ্য পাওয়ার ক্ষেত্রে পাকিস্তান ভৌগোলিক সুবিধা অর্জন করেছে। এই তথ্য ব্যবহার করে কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলোর গতিপথ অনুসরণ করা সম্ভব। এর মধ্যে ভারতের মহাকাশে থাকা সম্পদ বা স্যাটেলাইটও রয়েছে।










