
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুগে বিদ্যুতের চাহিদা মেটাতে একগুচ্ছ আধুনিক ও ক্ষুদ্রাকৃতির পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এই উচ্চাভিলাষী প্রকল্পের পাশাপাশি অত্যন্ত বিষাক্ত বর্জ্য অপসারণে সেই মান্ধাতা আমলের কৌশলেরই আশ্রয় নেওয়া হচ্ছে, সেটা হলো বর্জ্যগুলো মাটির নিচে বিশাল এক গর্তে পুঁতে ফেলা।
তবে সমস্যা হলো, এমন কোনো ‘অত্যন্ত গভীর গর্ত’ আদতে নেই যেখানে এত বর্জ্য ফেলা সম্ভব। আর যুক্তরাষ্ট্রজুড়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং অস্থায়ী স্থাপনাগুলোতে সাময়িকভাবে সংরক্ষিত প্রায় এক লাখ টন তেজস্ক্রিয় বর্জ্যের মজুত দিন দিন বাড়ছেই।
এই সংকট মোকাবিলায় মার্কিন প্রশাসন এবার অঙ্গরাজ্যগুলোর সামনে আনছে ধরনের ‘তেজস্ক্রিয় প্রলোভন’। গত সপ্তাহে জ্বালানি মন্ত্রণালয় (ডিওই) প্রকাশিত এক প্রস্তাব অনুযায়ী, স্থায়ী ভূগর্ভস্থ পারমাণবিক বর্জ্য ভান্ডার স্থাপনের জন্য অঙ্গরাজ্যগুলোকে স্বেচ্ছায় এগিয়ে আসতে আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় কেবল বর্জ্য কেন্দ্রই নয়, বরং সেখানে নতুন পারমাণবিক চুল্লি, বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ব্যবস্থা এবং বিশাল ডেটা সেন্টারের মতো সুযোগ-সুবিধাসম্পন্ন একটি পূর্ণাঙ্গ ‘ক্যাম্পাস’ তৈরি করা হবে।
জ্বালানি বিভাগের এই তথ্য অনুসন্ধানী অনুরোধ (আরএফআই) দেশটির নীতিতে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পারমাণবিক জ্বালানি বাড়ানোর পরিকল্পনার সঙ্গে এবার বর্জ্যের স্থায়ী সমাধানের বিষয়টিও যুক্ত করা হয়েছে এবং এই সিদ্ধান্তের ভার ছেড়ে দেওয়া হয়েছে স্থানীয় জনগোষ্ঠীর হাতে।
জ্বালানি বিভাগের পারমাণবিক শক্তি দপ্তরের এক মুখপাত্র জানান, এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত রয়েছে কয়েক দশ বিলিয়ন ডলারের বিনিয়োগ ও হাজার হাজার কর্মসংস্থানের সম্ভাবনা।
ইউএস নিউক্লিয়ার রেগুলেটরি কমিশন (এনআরসি) ও জ্বালানি বিভাগের সাবেক কর্মকর্তা লেক ব্যারেট বলেন, ‘পুরো বিষয়টিকে একটি প্যাকেজ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটি মূলত একটি কম আকর্ষণীয় বর্জ্য স্থাপনার পাশে বিশাল সব সুযোগ-সুবিধার প্রলোভন রাখা।’
ইউটা ও টেনেসির মতো অঙ্গরাজ্যগুলো এরইমধ্যে পারমাণবিক বিদ্যুৎ খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে দাবি করেন তিনি। তবে ইউটা ও টেনেসির কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
পারমাণবিক দপ্তরও দাবি করেছে, তাদের এই প্রস্তাবে ইতিমধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তবে নির্দিষ্ট অঙ্গরাজ্যগুলোর নাম তারা এখনই প্রকাশ করতে রাজি হয়নি। তারা জানিয়েছে, অঙ্গরাজ্যগুলোকে সাড়া দেওয়ার জন্য ৬০ দিন সময় দেওয়া হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং ডেটা সেন্টারের প্রসারের ফলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বাড়ছে। এই চাহিদা সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০৫০ সালের মধ্যে দেশটির পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা চার গুণ বাড়িয়ে ৪০০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছেন। গত বছরই দেশটির জ্বালানি বিভাগ দ্রুত লাইসেন্স প্রদানের জন্য ১১টি নতুন উন্নত পারমাণবিক চুল্লির নকশা অনুমোদন করেছে এবং আগামী ৪ জুলাইয়ের মধ্যে তিনটি পরীক্ষামূলক প্রকল্প নির্মাণের লক্ষ্য নিয়েছে।
তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় কমিশনের বিভিন্ন গবেষণা বলছে, পারমাণবিক শক্তির প্রসারে জনসমর্থন তখনই পাওয়া যাবে যখন মাটির নিচে বর্জ্য নিরাপদে সমাহিত করার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে। জ্বালানি বিভাগের মুখপাত্রের মতে, একটি পূর্ণাঙ্গ পারমাণবিক কৌশলে বর্জ্য অপসারণের নিরাপদ ও স্থায়ী পথ অন্তর্ভুক্ত থাকতেই হবে।
যদিও অতীতে এ ধরনের উদ্যোগ স্থানীয়দের তীব্র আপত্তির মুখে ভেস্তে গিয়েছিল। ১৯৮৩ সালে স্থায়ী বর্জ্যাগার খোঁজা শুরু করে জ্বালানি বিভাগ। ১৯৮৭ সালে নেভাদার ইউক্কা মাউন্টেনকে বেছে নেয়। কিন্তু নিরাপত্তার ঝুঁকি এবং ক্যাসিনো ও হোটেল ব্যবসায় নেতিবাচক প্রভাবের আশঙ্কায় এর বিরোধিতা করে নেভাদার আইনপ্রণেতারা। অবশেষে ২০১০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রকল্পটির অর্থায়ন বন্ধ করে দেন। ততদিনে সেখানে প্রায় ১৫ বিলিয়ন ডলার খরচ হয়ে গিয়েছিল।
পারমাণবিক বিদ্যুৎ প্রসারের গতি বাড়াতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, চীন এবং সুইডেন এখন ‘স্মল মডুলার রিঅ্যাক্টর’ বা এসএমআর (SMR) প্রযুক্তির প্রচার চালাচ্ছে। এই ক্ষুদ্র চুল্লিগুলোর বড় সুবিধা হলো এগুলো কারখানায় আগে থেকেই তৈরি করা যায়, ফলে সাধারণ বড় চুল্লির চেয়ে এগুলো দ্রুত ও সস্তায় স্থাপন করা সম্ভব।
তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন নকশাগুলোর কোনোটিই বর্জ্য সমস্যার স্থায়ী সমাধান দিতে পারবে না। নকশা তৈরির সময় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গভীরভাবে ভাবার বাধ্যবাধকতা নেই বলেই মত তাঁদের।
ওরচেস্টার পলিটেকনিক ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার ওয়েস্ট টেকনিক্যাল রিভিউ বোর্ডের সাবেক সদস্য সেথ টুলার বলেন, ‘পূর্ণাঙ্গ ব্যবস্থা নিয়ে চিন্তা না করে কেবল নতুন নকশা তৈরির এই প্রতিযোগিতা দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য চরম উদ্বেগের বিষয়।’
২০২২ সালে ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়, এই ক্ষুদ্র চুল্লিগুলো বর্তমানের বড় চুল্লির সমান বা তার চেয়েও বেশি বর্জ্য তৈরি করতে পারে।
রয়টার্স এই প্রকল্পে জড়িত ৯টি কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, বর্জ্যের বিষয়টি মূলত বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও সরকারের দায়িত্ব। ভবিষ্যতে প্রযুক্তি উন্নত হলে বর্জ্য পুনর্প্রক্রিয়াকরণ করা সহজ হবে বলে আশা করছেন তারা। তবে তারাও একটি স্থায়ী ভূগর্ভস্থ বর্জ্যাগারের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন।
নতুন এই চুল্লিগুলোর আগমনে বর্জ্য থেকে ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম আলাদা করে পুনরায় ব্যবহারের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। সরকারের দাবি, আধুনিক প্রযুক্তিতে বর্জ্যের আয়তন কমিয়ে আনা সম্ভব হলেও স্থায়ী অপসারণের কোনো বিকল্প নেই। তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা এই পদ্ধতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সাবেক সরকারি কর্মকর্তা রস ম্যাটকিন-ব্রিজার বলেন, ‘প্রতিবারই এই ব্যবস্থা ব্যর্থ হয়েছে। এটি বিশাল খরচ সাপেক্ষ এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি করে।’
বর্তমানে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অধিকাংশ দেশে পারমাণবিক বর্জ্য অনির্দিষ্টকালের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতেই স্টিল ও কনক্রিটের পাত্রে সংরক্ষণ করা হচ্ছে। বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রতি বছর প্রায় ২ হাজার টন বর্জ্য তৈরি করছে। ২০২৪ সালের শেষ নাগাদ পাওয়া তথ্যমতে, এই বর্জ্য সংরক্ষণের ক্ষতিপূরণ হিসেবে মার্কিন সরকার বিদ্যুৎ কোম্পানিগুলোকে ১১.১ বিলিয়ন ডলার প্রদান করেছে। কিছু বর্জ্য কয়েক লাখ বছর পর্যন্ত মানুষের জন্য ক্ষতিকর থাকতে পারে।
স্কটল্যান্ডের ডনরে পারমাণবিক কেন্দ্রটির সর্বশেষ চুল্লি ১৯৯৪ সালে বন্ধ হলেও এর বর্জ্য সরাতে গিয়ে জটিলতা দেখা দেওয়ায় এর ব্যয় ও সময়সীমা বারবার পিছিয়ে যাচ্ছে। ব্রিটেনের প্রথম বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্র চালুর ৭০ বছর পার হলেও এখন পর্যন্ত বিশ্বের কোথাও স্থায়ী বর্জ্যাগার চালু করা সম্ভব হয়নি।
তবে এই দৌড়ে ফিনল্যান্ড সবচেয়ে এগিয়ে আছে। ওলকিলুয়োটোতে তারা বিশ্বের প্রথম স্থায়ী পারমাণবিক বর্জ্যাগার চালুর দ্বারপ্রান্তে। চালু হলে আলাদা আলাদা ভূগর্ভস্থ সুড়ঙ্গে তামা ও লোহার ক্যানিস্টারে ভরা বর্জ্য রেখে চিরদিনের জন্য সিল করে দেওয়া হবে। ফিনল্যান্ডের এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে সুইডেন, কানাডা, সুইজারল্যান্ড এবং ফ্রান্সও ২০৩০ থেকে ২০৫০ সালের মধ্যে নিজেদের স্থায়ী বর্জ্যাগার চালুর পরিকল্পনা নিয়েছে।
সুইডেন ২০২৫ সালের জানুয়ারিতে তাদের স্থায়ী ভান্ডার নির্মাণ শুরু করেছে, লক্ষ্য ২০৩০-এর শেষ দিকে চালু করা। কানাডা অন্টারিওতে স্থান নির্ধারণ করেছে, চালুর লক্ষ্য ২০৪০-এর শেষ ভাগ। সুইজারল্যান্ড ও ফ্রান্সও স্থান নির্বাচন করেছে এবং ২০৫০ সালের দিকে চালুর আশা করছে। যুক্তরাজ্য ২০৫০-এর শেষের দিকে লক্ষ্য ধরলেও এখনো স্থান চূড়ান্ত হয়নি।
ব্রিটেন তাদের পরিত্যক্ত কেন্দ্রগুলোকে ডেটা সেন্টারের জন্য ব্যবহারের প্রচারণা চালালেও সেখানে পুরোপুরি পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হতে আরও দীর্ঘ সময় লাগবে। কয়েক দশক আগে সাগরে পারমাণবিক জ্বালানি ফেলার কারণে ডনরে উপকূলের একটি সৈকতে সম্প্রতি তেজস্ক্রিয় কণা পাওয়া গেছে। সেই এলাকায় এখন মাছ ধরাও নিষিদ্ধ। এই এলাকাটি পরিষ্কার করার সময়সীমা ২০৩৩ সাল থেকে বাড়িয়ে ২০৭০ সাল পর্যন্ত নির্ধারণ করেছে ব্রিটেন।

দীর্ঘ চার বছর ধরে চলা রক্তক্ষয়ী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে এবার একটি নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন জুনের মধ্যে এই সংঘাতের একটি সমাধান চায়। এ লক্ষ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার...
৪ ঘণ্টা আগে
চীনের বিরুদ্ধে ২০২০ সালে গোপনে একটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। চীন ও রাশিয়াকে নিয়ে ট্রাম্প প্রশাসনের বিস্তৃত একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আলোচনার মধ্যে গতকাল শুক্রবার এই অভিযোগ উঠল।
৫ ঘণ্টা আগে
ঘটনার শুরু ১৯৯৬ সালে। আহমেদাবাদে কর্মরত পুলিশ কনস্টেবল বাবুভাই প্রজাপতির বিরুদ্ধে সে সময় ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। দুর্নীতি দমন আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৭ সালে চার্জশিট দাখিল হয় এবং ২০০২ সালে শুরু হয় বিচার প্রক্রিয়া। দীর্ঘ শুনানি শেষে ২০০৪ সালে নিম্ন আদালত তাঁকে চার বছরের কারাদণ্ড...
৭ ঘণ্টা আগে
তদন্তে আরেকটি বিষয় জানা গেছে। চেতন কুমারের তিন স্ত্রী—সুজাতা, হিনা ও টিনা। চাঞ্চল্যকর বিষয় হলো, এই তিন স্ত্রীই আপন বোন। নিহত নিশিকা ছিল বড় বোন সুজাতার মেয়ে, আর প্রাচী ও পাখি ছিল মেজো বোন হিনার সন্তান। পুলিশের দাবি, মেয়েদের সঙ্গে তাদের মায়েদের চেয়ে বাবার আত্মিক টান বেশি ছিল।
৮ ঘণ্টা আগে