
চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন মার্কিন দুই অর্থনীতিবিদ রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড। আজ সোমবার সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাঁদের নাম ঘোষণা করে।
রবার্ট হল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মাইকেল উডফোর্ড যুক্ত আছেন নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে ব্যষ্টিক অর্থনীতির ভিত্তি নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কারে ভূষিত হলেন তাঁরা।
উল্লেখ্য, ব্যষ্টিক অর্থনীতি (Microeconomics) ব্যক্তি, পরিবার বা একক প্রতিষ্ঠানের মতো ক্ষুদ্র পরিসরে অর্থনৈতিক কার্যক্রম নিয়ে আলোচনা করে আর সামষ্টিক অর্থনীতি (Macroeconomics) পুরো দেশ বা বিশ্বের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, রবার্ট হল ও মাইকেল উডফোর্ড এমন কিছু অর্থনৈতিক মডেল তৈরি করেছেন, যেগুলো অর্থনীতির অস্থিরতা সামাল দিতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে সাহায্য করে।
এসব মডেলের সাহায্যে প্রয়োজনের সময় সরকার কর ও সরকারি ব্যয়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। একইভাবে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ও অর্থের জোগান নিয়ে পদক্ষেপ নিতে পারে। সঠিক সময়ে এসব সিদ্ধান্ত নেওয়া গেলে অর্থনীতিতে বড় ধরনের উত্থান-পতনের প্রভাব কমানো সম্ভব।
অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদানকারী কমিটির চেয়ারম্যান জন হাসলার এক বিজ্ঞপ্তিতে বলেন, বিজয়ীদের গবেষণা এমন একটি স্থিতিশীল তাত্ত্বিক ভিত্তি দিয়েছে, যার ওপর এখন বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের ব্যবহৃত মডেলগুলো দাঁড়িয়ে আছে।
জন হাসলার আরও বলেন, ‘তাঁদের গবেষণার ফলে জ্বালানিসংকট কিংবা ভোক্তাব্যয়ের পরিবর্তনের মতো অর্থনীতির ওপর আসা বিভিন্ন ধরনের আকস্মিক ধাক্কা মোকাবিলায় আমরা আরও ভালোভাবে প্রস্তুত।’
অর্থনীতিতে এ পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অব সুইডেন পুরস্কার’।
গত বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন জোয়েল মোকির, ফিলিপ আগিয়ঁ ও পিটার হাউইট। নতুন প্রযুক্তি ও উৎপাদনপদ্ধতি কীভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রার মান বাড়ায়, তা নিয়ে গবেষণার জন্য তাঁদের পুরস্কৃত করা হয়। তাঁদের গবেষণায় ‘সৃজনশীল ধ্বংস’ ধারণাটিও গুরুত্ব পেয়েছে। এর অর্থ হলো, নতুন প্রযুক্তি ও পদ্ধতির কারণে পুরোনো পণ্য, কাজ বা ব্যবসাপ্রতিষ্ঠান পিছিয়ে পড়তে পারে, আবার নতুন সুযোগও তৈরি হয়।
এ পর্যন্ত অর্থনীতিতে নোবেল পুরস্কারজয়ীদের বেশির ভাগই যুক্তরাষ্ট্রের। এখন পর্যন্ত মাত্র তিনজন নারী এই পুরস্কার পেয়েছেন। তাঁদের মধ্যে সর্বশেষ ২০২৩ সালে পুরস্কার পান ক্লডিয়া গোল্ডিন। যুক্তরাষ্ট্রে সময়ের সঙ্গে সঙ্গে নারী-পুরুষের লিঙ্গভেদ কীভাবে বেতন ও চাকরির সুযোগে প্রভাব ফেলেছে, তা নিয়ে গবেষণার জন্য তাঁকে পুরস্কার দেওয়া হয়।
সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে এই পুরস্কারের প্রচলন করে। ১৯৬৮ সালে আলফ্রেড নোবেলের স্মরণে পুরস্কারটি চালু করা হয়। উনিশ শতকের সুইডিশ ব্যবসায়ী ও রসায়নবিদ আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন এবং পাঁচটি নোবেল পুরস্কার প্রবর্তন করেছিলেন।
নোবেল পুরস্কারের বিশুদ্ধতা নিয়ে যাঁরা কঠোর অবস্থান নেন, তাঁরা জোর দিয়ে বলেন, প্রযুক্তিগতভাবে অর্থনীতির এই পুরস্কার নোবেল পুরস্কার নয়। তবে ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিনটির বার্ষিকীতে অন্য নোবেল পুরস্কারগুলোর সঙ্গে একই অনুষ্ঠানে পুরস্কারটি দেওয়া হয়।
এ বছর পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলার। একজন ব্যক্তি, ছোট কোনো দল কিংবা প্রতিষ্ঠান—যে-ই পুরস্কার পাক না কেন, অর্থের পরিমাণ একই থাকবে।
গত সপ্তাহে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আজ এই পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো ২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা।

জিবুতির পূর্ব উপকূলে অভিবাসনপ্রত্যাশীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩৯ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। এ ঘটনায় আরও ৮৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। বেঁচে যাওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের বরাতে স্থানীয় সময় রোববার....
১ ঘণ্টা আগে
ভারতের সবচেয়ে ধনী পরিবারের পর্যায়ে থাকা মানুষদের জীবনযাত্রার মানও বেশ কয়েকটি উন্নত অর্থনীতির দেশের আয়ের দিক থেকে সবচেয়ে নিচের স্তরে থাকা মানুষের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
৪ ঘণ্টা আগে
চলন্ত স্কুটারে ধাক্কা দিয়ে তিন আরোহীকে হত্যার পর তরুণ বললেন, ‘বাবা সব সামলে নেবেন।’ এমনই দৃশ্য দেখা গেল ভারতের কেরালার কোচির নেদুম্বাসেরি বিমানবন্দরের কাছের এক সড়কে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযাগমাধ্যমে ছড়িয়ে গেছে।
৫ ঘণ্টা আগে
ভারতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগে ভারতের রাজধানী দিল্লিতে বিরোধী দল ও ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ অব্যাহত রয়েছে।
৭ ঘণ্টা আগে