Ajker Patrika

চুরির অভিযোগে নির্যাতনের ভিডিও ‘ছাত্রলীগ করার অপরাধে মারধর’ দাবিতে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
চুরির অভিযোগে নির্যাতনের ভিডিও ‘ছাত্রলীগ করার অপরাধে মারধর’ দাবিতে প্রচার
রাজশাহীতে ছাত্রলীগ করার অপরাধে যুবককে নির্যাতনের দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘এ কেমন নির্মমতা! এই ঘটনা নাকি রাজশাহীতে ঘটেছে। ছেলেটির অপরাধ সে ছাত্রলীগ করতো।’ ভিডিওটি নিয়ে নেটিজনদের মাঝে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই দাবিতে ভাইরাল কয়েকটি পোস্ট আছে এখানে , এখানে, এখানে , এখানে এবং এখানে

‘বাংলাদেশ আওয়ামী সংগ্রাম পরিষদ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১১ মে দুপুর ২টা ৮ মিনিটে ভিডিওটি শেয়ার করা হয়। আলোচিত দাবিতে সম্ভবত এটিই সবচেয়ে বেশি ছড়িয়েছে।

১৩ মে বেলা ১২টা ৪৪ মিনিট পর্যন্ত ভিডিওটি প্রায় ১ লাখ ৪ হাজার বার দেখা হয়েছে। এ ছাড়া এতে ২ হাজার রিয়েকশন, ২৫৫ কমেন্ট ও ৪০২টি শেয়ার রয়েছে। শেয়ার করা ভিডিওর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, বেশিরভাগ ব্যবহারকারী দাবিটিকে সত্য মনে করেছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বেঁধে এক যুবককে দুই যুবক লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছে। মারধর শুরুর আগে একজনকে বলতে শোনা যায়, ‘চালু করে দিয়েছি।’ এরপরই দাঁড়িয়ে থাকা দুজন ভুক্তভোগী তরুণকে লাঠিপেটা করতে শুরু করে।

এ ছাড়া ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বেঁধে রাখা যুবককে ১৩ বার লাঠি দিয়ে আঘাত করা হয়। মারধরের সময় ভুক্তভোগী ব্যথায় আর্তনাদ করে একপর্যায়ে বলেন, ‘হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।’ এরপরও নির্যাতন চলতে থাকে।

অনুসন্ধানে রাজশাহীতে ছাত্রলীগ করার কারণে মারধরের কোনো তথ্য কিংবা গণমাধ্যমে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। তবে ‘Md Alman Ali’ নামের একটি অ্যাকাউন্টে ১১ মে শেয়ার করা ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওর হুবহু মিল পাওয়া যায়। সেখানে দাবি করা হয়, রাজশাহীতে চুরির অপবাদে এক যুবককে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। ঘটনাটি মহানগরীর কাজলা এলাকার।

‘Md Alman Ali’ শেয়ার করা ভিডিও। ছবি: স্ক্রিনশট
‘Md Alman Ali’ শেয়ার করা ভিডিও। ছবি: স্ক্রিনশট

অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও প্রতিবেদন এবং ১১ মে জাতীয় দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, গত ১০ মে রাজশাহীর মতিহার থানা এলাকায় চুরির অভিযোগে মো. তুষার (২২) নামের ওই তরুণকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির গণমাধ্যমকে জানান, আহত তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অভিযোগে তাঁকে মারধর করা হয়েছে।

প্রথম আলোর প্রতিবেদন।  ছবি: স্ক্রিনশট
প্রথম আলোর প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া ১২ মে আজকের পত্রিকায় প্রকাশিত ‘যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দুজন গ্রেপ্তার, একজনকে জামিন দিলেন ওসি’ শিরোনামের প্রতিবেদন থেকে জানা যায়, এ ঘটনায় তুষারের বাবা নাজির আলী বাদী হয়ে মামলা করেছেন এবং পুলিশ মুহিন (১৮) ও মুজাহিদ (২২) নামের দুজনকে গ্রেপ্তার করেছে।

আজকের পত্রিকার প্রতিবেদন।  ছবি: স্ক্রিনশট
আজকের পত্রিকার প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

ওই মামলার এজাহার বলা হয়, ৯ মে রাত থেকে অভিযুক্ত হৃদয় ও তাঁর সহযোগীরা তুষারকে খুঁজছিলেন এবং ১০ মে সকালে তুষার কারণ জানতে হৃদয়ের বাড়িতে গেলে তাঁকে বেঁধে নির্যাতন করা হয়। এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ সংগঠন।

ভিডিওটি প্রচারকারী অ্যাকাউন্ট ও পেজগুলো পর্যালোচনা করে দেখা যায়, এগুলোর বেশিরভাগই আওয়ামী লীগ সমর্থিত। এসব প্ল্যাটফর্ম থেকে প্রায়শই কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই বিভিন্ন স্পর্শকাতর দাবিতে পোস্ট শেয়ার করা হয়।

সিদ্ধান্ত

রাজশাহীতে চুরির অপবাদে যুবককে নির্যাতনের ভিডিওটি ‘ছাত্রলীগ করার অপরাধে মারধর’ দাবিতে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেষ বিদায়ে সহকর্মীদের ব্যতিক্রমী শ্রদ্ধা: অ্যাম্বুলেন্সের সাইরেনে থমকে গেল জনপদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ থেকে ২৩ দিনের টানা ছুটি আসছে

চট্টগ্রাম নগরীর ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ

জাবিতে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

বাফুফের সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচের পদত্যাগ, গন্তব্য কি বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত