
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড আইসিটি কোর্সকে আরও যুগোপযোগী, শিক্ষার্থীবান্ধব ও কর্মমুখী করতে মানসম্মত রিসোর্স ম্যাটেরিয়াল ও অনলাইন কনটেন্ট তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
আজ শুক্রবার সাভারের ব্র্যাক সিডিএমে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের অ্যাপ্লাইড আইসিটি কোর্সের ‘রিসোর্স ম্যাটেরিয়ালস ফাইনালাইজেশন’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
ভাইস-চ্যান্সেলর বলেন, বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি শুধু একটি বিষয় নয়; শিক্ষা, কর্মসংস্থান, গবেষণা, উদ্ভাবন ও দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে এটি যুক্ত। তাই শিক্ষার্থীদের এমন শিক্ষা দিতে হবে, যা তাঁরা শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন।
ভাইস-চ্যান্সেলর বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈচিত্র্য, তাঁদের শিক্ষাগত ও প্রযুক্তিগত সক্ষমতা এবং দেশের বিভিন্ন অঞ্চলের বাস্তবতা বিবেচনায় নিয়ে রিসোর্স ম্যাটেরিয়াল তৈরি করতে হবে। কনটেন্টের ভাষা সহজ, সাবলীল ও শিক্ষার্থীবান্ধব হওয়া প্রয়োজন। শিক্ষার সুযোগে বৈষম্য কমিয়ে আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করাই অন্যতম লক্ষ্য।
প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কথা তুলে ধরে ড. আমানুল্লাহ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, ডেটা ম্যানেজমেন্ট, সাইবার সিকিউরিটি ও ডিজিটাল কমিউনিকেশনসহ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত পরিবর্তন ঘটছে। তাই অ্যাপ্লাইড আইসিটি কোর্সের রিসোর্স ম্যাটেরিয়ালে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা ও ভবিষ্যৎ প্রযুক্তির চাহিদাকে গুরুত্ব দিতে হবে।
আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীরা যেন শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, বাস্তব জীবনের সমস্যা সমাধানেও প্রযুক্তি ব্যবহার করতে পারে—সেভাবেই বিষয়বস্তু তৈরি করা হবে। একই সঙ্গে ডিজিটাল মার্কেটিং ও গিগ ইকোনমির মতো বিষয় যুক্ত করার মাধ্যমে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতাকে কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং ও আয়মুখী কাজের সঙ্গে যুক্ত করার লক্ষ্য রয়েছে।
দুই দিনে চূড়ান্ত হবে রিসোর্স বুক ও অনলাইন কনটেন্ট
কর্মশালার প্রথম দিনে রিসোর্স বুকের প্রতিটি অধ্যায় ও টপিকের বিষয়বস্তুর যথার্থতা, শিক্ষার্থীদের উপযোগিতা, প্যাডাগজিক্যাল পদ্ধতি, ব্যবহারিক প্রয়োগ এবং অনলাইন কনটেন্টের সঙ্গে সামঞ্জস্য নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
বিশেষজ্ঞরা বিষয়বস্তুকে আরও সহজবোধ্য, সমৃদ্ধ ও প্রায়োগিক করতে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের সুপারিশ করেন। পরবর্তী দুই দিনে এসব মতামতের ভিত্তিতে রিসোর্স বুক ও অনলাইন কনটেন্টের চূড়ান্ত রূপ দেওয়ার কথা রয়েছে।
ভাইস-চ্যান্সেলর বলেন, ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এ ধরনের উদ্যোগ উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাসামগ্রীর সমান সুযোগ নিশ্চিত করতে পাঠ্যক্রম, রিসোর্স ম্যাটেরিয়াল ও ডিজিটাল কনটেন্ট নিয়মিত হালনাগাদ করা হবে।
কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীনের সঞ্চালনায় সংশ্লিষ্ট শিক্ষক, বিষয় বিশেষজ্ঞ, ডোমেইন এক্সপার্ট, প্যাডাগজি এক্সপার্ট, ফ্যাসিলিটেটর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সামার-২০২৬ সেমিস্টারের ৮৭তম ব্যাচের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে বেলা ৩টা পর্যন্ত।
১ দিন আগে
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।
১ দিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ‘ইফেক্টিভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ শীর্ষক ছয় সপ্তাহের সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোনো বিষয়ে স্নাতক এবং ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবীরা এ কোর্সে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
বিশ্ববিদ্যালয়জীবনে প্রেজেন্টেশন একটি পরিচিত বিষয়। ক্লাসের কাজ, সেমিনার কিংবা গবেষণার অংশ হিসেবে শিক্ষার্থীদের প্রায়ই প্রেজেন্টেশন দিতে হয়। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছে বিষয়টি কিছুটা কঠিন মনে হতে পারে। ভালো প্রস্তুতি ও নিয়মিত অনুশীলন এই ভয় অনেকটাই কমিয়ে দিতে পারে।
১ দিন আগে