বিশ্ববিদ্যালয়জীবনে প্রেজেন্টেশন একটি পরিচিত বিষয়। ক্লাসের কাজ, সেমিনার কিংবা গবেষণার অংশ হিসেবে শিক্ষার্থীদের প্রায়ই প্রেজেন্টেশন দিতে হয়। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছে বিষয়টি কিছুটা কঠিন মনে হতে পারে। ভালো প্রস্তুতি ও নিয়মিত অনুশীলন এই ভয় অনেকটাই কমিয়ে দিতে পারে। একটি সুন্দর প্রেজেন্টেশনের জন্য ছয়টি বিষয় গুরুত্ব দিয়ে দেখা যেতে পারে।
প্রেজেন্টেশনের আগে নার্ভাস হওয়া স্বাভাবিক। শ্রোতার সামনে দাঁড়ালে অনেকের কথা আটকে যায়। শুরুতে এই ভয় কাটিয়ে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। নিয়মিত অনুশীলন আত্মবিশ্বাস বাড়ায়। প্রথমে বন্ধুদের ছোট একটি গ্রুপের সামনে প্রেজেন্টেশন দিতে পারেন। নিজের কথা বলার ধরনও খেয়াল করা দরকার। ভালো প্রেজেন্টেশনের ভিডিও দেখে অনুশীলন করলেও উপকার পাওয়া যায়।
প্রেজেন্টেশনের পোশাক হওয়া উচিত পরিষ্কার, মার্জিত ও স্বস্তিদায়ক। ফরমাল পোশাক সাধারণত সবচেয়ে উপযোগী। পোশাকের রংও হতে পারে হালকা ও শান্ত। সাদা, অফ হোয়াইট বা হালকা রঙের পোশাক বেছে নেওয়া যেতে পারে। অতিরিক্ত উজ্জ্বল রং ও নকশার পোশাক এড়িয়ে চলাই ভালো। আবহাওয়া, সময় ও অনুষ্ঠানের ধরনও পোশাক নির্বাচনে বিবেচনায় রাখতে হবে।
প্রেজেন্টেশনে ভাষার চেয়ে গুরুত্বপূর্ণ হলো, বিষয়টি কতটা সহজভাবে বোঝানো যাচ্ছে। বাংলা, ইংরেজি কিংবা দুটির মিশ্রণ—যেকোনো ভাষাতেই প্রেজেন্টেশন হতে পারে। তবে শ্রোতা ও অনুষ্ঠানের ধরন বুঝে ভাষা নির্বাচন করা জরুরি। আন্তর্জাতিক সম্মেলন বা গবেষণাপত্র উপস্থাপনের ক্ষেত্রে সহজ ও সাবলীল ইংরেজি ব্যবহার করা ভালো। কঠিন শব্দের চেয়ে পরিষ্কার বক্তব্য বেশি গুরুত্বপূর্ণ।
ভালো প্রেজেন্টেশনের জন্য সুন্দর স্লাইডও জরুরি। স্লাইডে মূল তথ্যগুলো সংক্ষেপে ও গুছিয়ে তুলে ধরতে হবে। বড় বড় অনুচ্ছেদ দিয়ে স্লাইড ভরে ফেলা ঠিক নয়। ফন্টের আকার ও ধরন, ব্যাকগ্রাউন্ড, ছবি, চার্ট এবং স্লাইড নম্বরের দিকে নজর দিতে হবে। প্রতিটি স্লাইড যেন সহজে পড়া যায়, সেদিকে খেয়াল রাখা জরুরি।
প্রেজেন্টেশন শুধু মুখে কথা বলার বিষয় নয়। চোখের দিকে তাকানো, স্বাভাবিকভাবে দাঁড়ানো, প্রয়োজন অনুযায়ী হাতের অঙ্গভঙ্গি করা এবং কণ্ঠের ওঠানামা বক্তব্যকে প্রাণবন্ত করে। চিরকুট বা ল্যাপটপের দিকে তাকিয়ে পুরো বক্তব্য পড়ে শোনানো এড়িয়ে চলা ভালো। শ্রোতার সঙ্গে চোখের যোগাযোগ রাখুন। প্রশ্ন এলে মনোযোগ দিয়ে শুনে উত্তর দিন। স্বাভাবিক ও সাবলীল উপস্থাপনাই শ্রোতার আগ্রহ ধরে রাখে।
প্রেজেন্টেশনের জন্য নির্ধারিত সময় মেনে চলা গুরুত্বপূর্ণ। সময় বেশি নিলে শ্রোতার মনোযোগ কমতে পারে। আবার খুব দ্রুত শেষ করলেও বক্তব্য অসম্পূর্ণ থেকে যেতে পারে। তাই আগে থেকে সময় ধরে অনুশীলন করুন। কোন অংশে কত সময় দেবেন, সেটিও ঠিক করে নিতে পারেন। কয়েকবার অনুশীলন করলে নিজের গতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।
একটি ভালো প্রেজেন্টেশনের ভিত্তি হলো বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা। তাই প্রেজেন্টেশনের আগে বিষয়টি ভালোভাবে পড়তে হবে। প্রয়োজন হলে সাম্প্রতিক তথ্য, পরিসংখ্যান এবং বাস্তব উদাহরণ যুক্ত করা যেতে পারে।
বিষয় জানা থাকলে কথা বলার সময় আত্মবিশ্বাসও বাড়ে। প্রস্তুতি, অনুশীলন ও স্বাভাবিক উপস্থাপনা মিলে একটি প্রেজেন্টেশন হয়ে উঠতে পারে আরও সুন্দর ও কার্যকর।

উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের বিদেশে পাড়ি দেওয়ার আগ্রহ দিন দিন বাড়ছে। পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন, ভর্তি নিশ্চিত করা, এরপর ভিসার প্রস্তুতি। পুরো প্রক্রিয়ায় কাগজপত্রের গুরুত্ব অনেক। আবেদনের সময় প্রয়োজনীয় নথি হাতে না থাকলে শেষ মুহূর্তে নানা সমস্যার মুখোমুখি হতে হয়।
২ ঘণ্টা আগে
রোবট এখন আর কল্পকাহিনির বিষয় নয়। মানুষের নানা কাজে যুক্ত হচ্ছে রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রযুক্তির এই পরিবর্তনের সময়ে শিশুদেরও রোবোটিকসের সঙ্গে পরিচিত করা দরকার। তবে শেখার শুরুটা হতে হবে আনন্দের, চাপ দিয়ে নয়।
২ ঘণ্টা আগে
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যের এ কমিটিতে ডিআইএর রাজশাহী বিভাগীয় শাখার সুপারিনটেনডেন্ট সোহেল রানাকে সভাপতি এবং অডিটর শাহপরান মিয়াকে...
১২ ঘণ্টা আগে
টেক্সটাইল ও পোশাক খাতের শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও শিল্প বিশেষজ্ঞদের এক ছাদের নিচে আনতে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (অস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের টেক্সটাইল উৎসব ‘লাইফ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড প্রেজেন্টস এএটিসিসি টেক্সটাইল উইক ২০২৬-টেক্সাথন’।
১৫ ঘণ্টা আগে