
দুপুরে গোসল শেষে নতুন পোশাক পরে দাদা ও বাবার সঙ্গে মোটরসাইকেলে উঠেছিল সাড়ে পাঁচ বছরের শিশু বন্ধন চন্দ্র রায়। গন্তব্য ছিল তুলশীহাটের একটি বিয়ে বাড়ি। কিন্তু আনন্দের সেই যাত্রা কয়েক মিনিটের মধ্যেই রূপ নেয় মর্মান্তিক দুর্ঘটনায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা। গুরুতর আহত দাদাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। আর ছোট্ট বন্ধন এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজারের জুটমিলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন—গঙ্গাচড়া সদর ইউনিয়নের পশ্চিম মানদ্রাইন এলাকার নির্মল চন্দ্র রায় (৭৫) ও তাঁর ছেলে প্রশান্ত চন্দ্র রায় (৩৫)। প্রশান্ত চন্দ্র রায় পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বড়াইবাড়ী থেকে গঙ্গাচড়া বাজারের দিকে একটি ট্রাক আসছিল। অন্যদিকে নির্মল চন্দ্র রায়, তাঁর ছেলে প্রশান্ত চন্দ্র রায় ও নাতি বন্ধন চন্দ্র রায় মোটরসাইকেলে করে গঙ্গাচড়া থেকে বড়াইবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে মন্থনা বাজারে জুট মিলের সামনে একটি ট্রাককে সাইড দেওয়ার জন্য মোটরসাইকেলটি রাস্তার পাশে চাপার চেষ্টা করে। এ সময় সড়কে শুকাতে দেওয়া ধানের খড়ে মোটরসাইকেলটি পিছলে পড়ে যায়। মুহূর্তের মধ্যে চলন্ত ট্রাকটি তাঁদের ওপর উঠে যায়।
ঘটনাস্থলেই মারা যান প্রশান্ত চন্দ্র রায়। গুরুতর আহত নির্মল চন্দ্র রায় ও তাঁর নাতি বন্ধনকে স্থানীয় লোকজন উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক নির্মল চন্দ্র রায়কে মৃত ঘোষণা করেন। শিশু বন্ধনকে হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা করা হচ্ছে।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরপাড়া এলাকার আল মদিনা জামে মসজিদের পাশের রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগে
ভোলায় স্ত্রীকে হত্যার ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভোলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. মোক্তার হোসেন (৪০)।
৩ ঘণ্টা আগে
সন্ধ্যার দিকে ওই নারী বেড়িবাঁধে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বুলডোজারের চাপায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের জৈন্তাপুরে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাদক সেবনের ভিডিওর সত্যতা যাচাইয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা।
৪ ঘণ্টা আগে