
স্বামীকে খুনের পর ছয় টুকরা করে একটি ড্রামে ও একটি ব্যাগে লাশ গুম করার অভিযোগে করা মামলায় স্ত্রীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার ১৬তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নাজমুন নাহার নিপু এই রায় দেন। মামলার বিচার চলাকালে ১৭ জনের সাক্ষ্য নেন আদালত।
২০২১ সালে রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় একটি ড্রামে অটোরিকশাচালক ময়না মিয়া ওরফে শাকিলের ছয় খণ্ড লাশ উদ্ধারের ঘটনায় দণ্ডপ্রাপ্ত আসামি তাঁরই স্ত্রী ফাতেমা বেগম ওরফে শিল্পী। মৃত্যুদণ্ডের পাশাপাশি লাশ গুমের অপরাধে শিল্পীকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
আদালত রায়ে বলেছেন, স্বামীকে নৃশংসভাবে খুন করে লাশ গুম করার চেষ্টা করেছেন আসামি শিল্পী। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডই তাঁর প্রাপ্য।
আদালত রায়ে আরও বলেছেন, ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তবে দণ্ড কার্যকর করার আগে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারামতে হাইকোর্টের অনুমোদন নিতে হবে। হাইকোর্টের অনুমোদন নেওয়ার জন্য মামলার নথি দ্রুততম সময়ের মধ্যে হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার আগে শিল্পীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর তাঁকে আবার সাজা পরোয়ানাসহ কারাগারে ফেরত পাঠানো হয়।
২০২১ সালের ৩০ মে রাত সাড়ে ১০টার দিকে মহাখালীর আমতলী এলাকায় একটি ড্রাম থেকে এক ব্যক্তির মাথাবিহীন দেহ উদ্ধার করে বনানী থানা-পুলিশ। একই দিন রাত ১১টার পর মহাখালী বাস টার্মিনালের এনা কাউন্টারের কাছ থেকে একটি ব্যাগের মধ্যে ঊরু থেকে খণ্ডিত দুটি পা ও কাঁধ থেকে খণ্ডিত দুটি হাতের অংশ উদ্ধার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ। দুই দিনে ছয় খণ্ড লাশ উদ্ধার করে পুলিশ।
রহস্য উদ্ঘাটনে মাঠে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। ১২ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় ফাতেমা বেগম ওরফে শিল্পীকে।
জিজ্ঞাসাবাদে শিল্পী পুলিশকে জানান, পারিবারিক কলহ ও টাকাপয়সার বণ্টন নিয়ে স্বামী ময়না মিয়া ওরফে শাকিলের সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। এরপর আবার ময়না মিয়া দ্বিতীয় বিয়ে করেন। পরে তিনি স্বামীকে খুনের পরিকল্পনা করেন। পরিকল্পনামাফিক তাঁর অটোরিকশাচালক স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে নিস্তেজ করেন, এরপর গলা কেটে খুন করে লাশ ছয় খণ্ড করেন। একটি লাল রঙের কাপড়ের ব্যাগে মাথা, শরীরের মূল অংশকে একটি নীল রঙের পানির ড্রামে এবং খণ্ডিত দুই পা ও দুই হাত একটি বড় কাপড়ের ব্যাগে ঢুকিয়ে রাখেন আসামি শিল্পী। ১ হাজার ৩০০ টাকায় রিকশা ভাড়া করে প্রথমে আমতলী এলাকায় শরীরের মূল অংশ ফেলে দেন, পরে মহাখালী এনা বাস কাউন্টারের সামনে খণ্ডিত দুই হাত, দুই পাভর্তি ব্যাগ রেখে দিয়ে চলে আসেন বাসায়। এরপর খণ্ডিত মাথা রাখা ব্যাগ নিয়ে গুলশান লেকে ফেলে দিয়ে বাসায় চলে আসেন।
এ ঘটনায় ময়না মিয়ার দ্বিতীয় স্ত্রী নাসরিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১ জুন মামলাটি করে।
গ্রেপ্তারের পর আসামি শিল্পী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারামতে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। মামলাটি তদন্ত শেষে ডিবি পুলিশ পরিদর্শক কাজী শরীফুল ইসলাম ২০২২ সালের ২৪ অক্টোবর ফাতেমা বেগম ওরফে শিল্পীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন আদালতে। ২০২৩ সালের ১২ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

ঢাকার কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ হওয়া লালমনিরহাটের পাটগ্রামের কিশোর লিমনের ২০ দিন পরও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় জিডি করা হয়েছে। পুলিশ বলছে, লিমনকে উদ্ধারে প্রয়োজনীয় চেষ্টা অব্যাহত রয়েছে।
১০ মিনিট আগে
সবগুলো মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। আপিল বিভাগ সাত মামলায় জামিন বহাল রাখার পর কারাগার থেকে মুক্তির অপেক্ষায় থাকার সময় নতুন করে যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় খোবাইব নামে এক যুবককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় গত ২৩ মে। এই মামলায়ও গত বুধবার তিনি হাইকোর্ট থেকে জামিন
১৫ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়ায়। প্রশাসন তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
২২ মিনিট আগে
দুপুরে গোসল শেষে নতুন পোশাক পরে দাদা ও বাবার সঙ্গে মোটরসাইকেলে উঠেছিল সাড়ে পাঁচ বছরের শিশু বন্ধন চন্দ্র রায়। গন্তব্য ছিল তুলশীহাটের একটি বিয়ে বাড়ি। কিন্তু আনন্দের সেই যাত্রা কয়েক মিনিটের মধ্যেই রূপ নেয় মর্মান্তিক দুর্ঘটনায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা।
২৭ মিনিট আগে