
চট্টগ্রাম নগরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবদল কর্মীর হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় মো. সবুজ (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ইমামপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৭ ও ৯-এর যৌথ আভিযানিক দল।
এর আগে ৬ এপ্রিল সকালে নগরের কোতোয়ালি থানাধীন বলুয়ার দীঘিরপাড়ে মো. মিনহাজ উদ্দিন (৩০) নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। আহত মিনহাজ নগরের বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার বাসিন্দা। এই ঘটনায় কোতোয়ালি থানায় আহত যুবদল কর্মীর বোনের করা মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে সবুজের নাম রয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের মুখপাত্র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, ঘটনার পর এই মামলার আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি সবুজের অবস্থান শনাক্তের পর সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, মিনহাজ নিউমার্কেট এলাকায় একটি কাপড়ের দোকানের কর্মচারী। ঘটনার দিন সোমবার তিনি রিকশাযোগে নগরের জহুর হকার্স মার্কেটে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় বলুয়ারদীঘির পাড়ে পৌঁছালে ধারালো কিরিচ, ছোরাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে সন্ত্রাসীরা। এ সময় মিনহাজের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
এলাকাবাসী ও পুলিশের তথ্যমতে, গত শনিবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে নগরের বাকলিয়া থানাধীন মিয়াখান নগর ময়দার মিল এলাকায় দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। মোরশেদ ও সোবহান নামে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত দুটি গ্রুপের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের গোলাগুলিতে শিশুসহ চারজন গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় বাকলিয়া থানায় আহত শিশুর বাবার করা মামলায় নগর পুলিশ অভিযান চালিয়ে শুটার ফারুকসহ বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে। ওই ঘটনার জেরে সোমবার মিনহাজ উদ্দিনের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
৫ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৯ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৯ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১৬ দিন আগে