
বিগত অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্যই নির্ধারণ হয়ে গেল জাতীয় সংসদে। সংসদের চলমান প্রথম অধিবেশনে গত শুক্রবার পর্যন্ত এসব অধ্যাদেশের মধ্যে ১২০টির নিষ্পত্তি করা হয়েছে ৯১টি বিল পাসের মাধ্যমে। বিরোধী দলের আপত্তি সত্ত্বেও বাতিল করা হয়েছে ১৩টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ। এগুলোর মধ্যে নির্বাচনের আগে বিএনপি কয়েকটির পক্ষেও ছিল। তবে সংসদে তারা এগুলো আইনে পরিণত করার বিপক্ষে অবস্থান নিল।
সরকারি দল বলেছে, যেসব অধ্যাদেশ বাতিল করা হয়েছে, সেগুলো যুগোপযোগী করে নতুন বিল আনা হবে। তবে বিরোধী দল বলছে, এসব অধ্যাদেশ বাতিলের মাধ্যমে ফ্যাসিবাদের পুনর্জন্মের সুযোগ রইল। এর দায় তারা নেবে না।
বিশ্লেষকেরা বলছেন, বিএনপি সংসদ নির্বাচনের আগে গণভোটসহ কয়েকটি অধ্যাদেশের পক্ষে থাকলেও সংসদে এগুলো পাস না হওয়ায় গণভোটের রায় বাস্তবায়ন না করা নিয়ে সন্দেহ উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
শুক্রবার পর্যন্ত টানা ছয় দিন সংসদে ১২০টি অধ্যাদেশের নিষ্পত্তি হয়েছে। তবে বহুল আলোচিত গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করেছে সংসদ। রহিতকরণ বিল পাসের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশসহ সাতটি অধ্যাদেশে গৃহীত কার্যক্রমের সুরক্ষা দেওয়া হয়েছে। তবে গণভোট, দুদক, গুমসহ ১৩টি অধ্যাদেশের ক্ষেত্রে কোনো সুরাহা আসেনি। ফলে এসব অধ্যাদেশের অধীনে বিগত অন্তর্বর্তী সরকারের গৃহীত কার্যক্রমের সুরক্ষা হবে কি না, তা অস্পষ্ট রয়ে গেছে। এমনকি গণভোট অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত ‘গণভোট’সহ অন্যান্য কার্যক্রম নিয়েও প্রশ্ন তৈরি হলো।
সুপ্রিম কোর্টের আইনজীবী তানিম হোসেইন শাওন আজকের পত্রিকাকে বলেন, সেসব অধ্যাদেশ পছন্দ নয়, সেগুলোর হেফাজত করেনি সরকার। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের অধীনে কিছু কর্মকাণ্ড হয়েছে। নিয়োগপ্রাপ্ত ২৫ জন বিচারকের বিষয়ে সরকারি দলের সন্তোষ রয়েছে, আবার সচিবালয় অধ্যাদেশের অধীনে কিছু কার্যক্রম হয়েছে, সেগুলো হেফাজত না করা হলে বিশৃঙ্খলা তৈরি হবে। এ কারণে সেগুলো হেফাজত করেছে সরকার।
একাধিক রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ নির্বাচনের প্রচারে গণভোটের পক্ষে প্রচার করেছেন। অথচ সংসদে গণভোট অধ্যাদেশ রহিতকরণ বিলও আনা হলো না। বাতিল হলো অধ্যাদেশ। অর্থাৎ গণভোট নিয়ে নির্বাচনের আগে বিএনপির যে অবস্থান, তা নির্বাচনের পর বদলে গেছে।
দলটির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। গণভোট অধ্যাদেশের সুরক্ষা দিতে চাইলে তাঁরা গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতেন।
তবে ব্যারিস্টার তানিম হোসেইন শাওন বলেন, গণভোটের সময় অধ্যাদেশটি কার্যকর ছিল। সুতরাং গণভোট বৈধ ছিল। অধ্যাদেশটির একটিমাত্র কাজ ছিল গণভোট করা। সেটা সম্পূর্ণ হয়ে গেছে। তাই এই আইন থাকা না থাকায় কিছুই আসে যায় না। অধ্যাদেশটি বাতিলের মাধ্যমে বৈধতা প্রশ্নবিদ্ধ হয় না।
জুলাই জাতীয় সনদে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে বর্তমানে ক্ষমতাসীন বিএনপির নোট অব ডিসেন্ট ছিল না। ২০২৫ সালের ১৭ অক্টোবর সনদে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৫টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল। এরপরই অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপনের অধ্যাদেশ জারি করেছিল। সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয়ের বিষয়টি বিএনপির নির্বাচনী ইশতেহারেও ছিল। তবে এই অধ্যাদেশও রহিত করেছে সরকারি দল।
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ হুবহু এবং সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ সংশোধিত আকারে পাসের বিষয়ে সংসদীয় বিশেষ কমিটিতে একমত হয়েছিল বিএনপি ও জামায়াত। কিন্তু সন্ত্রাসবিরোধী অধ্যাদেশটি হুবহু বিল আকারে পাস করে সংসদ। গত বৃহস্পতিবার আইনটি পাসের কিছুক্ষণ আগে বিলের কপি সংসদ সদস্যদের টেবিলে দেওয়া হয় বলে সংসদে অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
শুক্রবার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিলে সংশোধনী দেন বিএনপিদলীয় সংসদ সদস্য আনিসুর রহমান। তাতে আপত্তি জানান বিরোধী দলের সদস্যরা। তাঁদের দাবি ছিল, সংশোধনী আনার বিষয়টি তাঁরা জানতেন না। তাঁরা সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ করেন। বিরোধী দলের অভিযোগের জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সমঝোতা হয়েছে বিশেষ কমিটিতে। একজন সদস্য বিলে সংশোধনী এনেছেন। তিনিও এটা শুক্রবার দেখেছেন। আগে জানতেন না। তবে তিনি এ সময় সংশোধনীর কিছু যৌক্তিকতাও তুলে ধরেন।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আইনমন্ত্রী আসাদুজ্জামান একাধিক ব্যাখ্যা দেন। কিন্তু বিরোধী দল সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আপত্তি না থাকা আইনগুলো পাস করা সরকারি দলের জন্য শোভন ছিল। এতে বিএনপি আস্থায় আসত, বিরোধী দলসহ পুরো জাতির কাছে গ্রহণযোগ্যতা অর্জন করত। তাই ভবিষ্যতে বিএনপির আশ্বাস নিয়ে সন্দেহ তৈরি হতে পারে। তিনি বলেন, রাজনৈতিক ঐকমত্য হওয়া বিষয়গুলো আইনে পরিণত না করায় বিরোধী দলের প্রতিক্রিয়া স্বাভাবিক। বিএনপির উচিত ছিল, যেসব জায়গায় আপত্তি (সনদে) ছিল, সেগুলো ব্যাখ্যা করে নতুন করে বিল আনা। আপত্তির বিষয়টি আগেই বলা দরকার ছিল।
গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা-সংক্রান্ত দুটি অধ্যাদেশের অধীনে কোনো কার্যক্রম না হওয়ায় সেগুলো সুরক্ষা করা হয়নি বলে মনে করেন বিশ্লেষকেরা। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগে ভাগ করার বিধান ছিল; যা নিয়ে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনও করেছিলেন। কিন্তু বিগত অন্তর্বর্তী সরকার বিভক্ত করার বিষয়ে অনড় ছিল। কিন্তু অধ্যাদেশটি বাস্তবায়নের আগেই বিএনপি সরকার দায়িত্ব নেয়। অধ্যাদেশটি বাতিল হওয়ায় এনবিআর বিভক্ত হচ্ছে না।
দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ জারির পর এর অধীনে নতুন কমিশন নিয়োগ না হওয়ায় অধ্যাদেশ বাতিল করা হলেও কার্যক্রম সুরক্ষা করা হয়নি। ফলে দুদক পুরোনো আইনে ফিরে যাচ্ছে।
এ ছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ, তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশসহ বাতিল হওয়া অধ্যাদেশগুলোতে জামায়াতে ইসলামীর আপত্তি ছিল। বিলগুলো আলোচনার জন্য সংসদে উত্থাপনের আহ্বান করেছিল দলটি। প্রথম দিকে সরকারি দলের পক্ষ থেকে সব অধ্যাদেশ উত্থাপনের কথা বলাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাতিল হওয়া বিলগুলো উত্থাপন করা হয়নি। শুক্রবার বিষয়টির প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের নেতা শফিকুর রহমান বলেন, যেসব অধ্যাদেশ বাতিল করা হচ্ছে, সেগুলো ফ্যাসিবাদকে আবার পুনর্জন্ম দেবে, এর দায় বিরোধী দল নেবে না।
সরকারি দলের পক্ষ থেকে গুম প্রতিরোধ, প্রতিকার অধ্যাদেশসহ কয়েকটি অধ্যাদেশ আরও যুগোপযোগী করে বিল নতুন করে উত্থাপনের কথা জানানো হয়েছে। শুক্রবার সংসদে বিতর্কের একপর্যায়ে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, আগামী বাজেট অধিবেশনে সব বিল আনা হবে। তখন আলোচনার সুযোগ থাকবে।

বাগেরহাটে হজরত খানজাহান (রহ.) এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়াবে। পুলিশের কোনো সদস্য অপরাধ করলে ছাড় দেওয়া হবে না। তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে...
৪ ঘণ্টা আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টা ১০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান...
৮ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি ভারতের কাছে পুনর্ব্যক্ত করেছে ঢাকা। শুক্রবার (১০ এপ্রিল) মরিশাসের পোর্ট লুইসে নবম ভারত মহাসাগরীয় সম্মেলন থেকে দেশে ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
৯ ঘণ্টা আগে