
আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও একটি আমদানিপণ্য চালান খালাস না দেওয়ার অভিযোগে চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী কমিশনার তৌহিদা ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে আদালত জানতে চেয়েছেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সাত দিনের মধ্যে আমদানি চালান খালাস না করায় কেন তৌহিদা ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম গ্রহণ করা হবে না। একই সঙ্গে তাঁকে ১৪ দিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ মেসেঞ্জারের মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ সহকারী কমিশনারের কাছে পৌঁছে দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্দা অ্যান্ড জুবায়ের এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্বত্বাধিকারী ইয়াসির আরাফাতের দায়ের করা আদালত অবমাননার আবেদনের শুনানি শেষে এ রুল জারি করা হয়।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘হাইকোর্ট সাত দিনের মধ্যে পণ্য খালাসের নির্দেশ দিয়েছিলেন। সেই আদেশ বাস্তবায়ন না করায় আদালত অবমাননার রুল জারি করেছেন।’
বিষয়টি নিয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার ও মুখপাত্র শরীফ আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘মহামান্য হাইকোর্টে আজ একটি শুনানি হয়েছে, কাস্টমসের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আদালতকে বিস্তারিত জানিয়েছেন।’
শরীফ আল আমিন আরও জানান, পণ্য খালাসের আমদানি কারক শিল্প মন্ত্রণালয়ের এনওসিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে পণ্য খালাস করতে পারেনি। বিষয়টি আদালতকে জানানো হবে।
মামলা সূত্রে জানা যায়, ওয়ার্দা অ্যান্ড জুবায়ের এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাকিস্তান থেকে আমদানি করা ২৮ টন রক সল্টের একটি চালানের জন্য গত ৫ মে চট্টগ্রাম কাস্টমস হাউজে বিল অব এন্ট্রি জমা দেয়। তবে ১৫ দিনের বেশি সময় পেরিয়ে গেলেও চালানটি খালাস না হওয়ায় আমদানিকারক হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এই রীটের শুনানি শেষে গত ২১ মে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কাস্টমসকে আদেশের সত্যায়িত অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে চালানটি খালাস দিতে নির্দেশ দেন।
তবে ২৪ মে ঈদের ছুটির কারণ দেখিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউজ আদালতের আদেশ গ্রহণে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ রয়েছে। পরে ১ জুন আদেশ গ্রহণের পর ৭ জুন আমদানিকারককে পাঠানো এক চিঠিতে কাস্টমস জানায়, শিল্প মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র (এনওসি) ছাড়া চালানটি খালাস দেওয়া সম্ভব নয়।
পরে কাস্টমস কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করলে গত ২১ জুন বিষয়টি আপিল বিভাগে ওঠে। আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব আবেদনটি খারিজ করে দেন।
এরপরও চালানটি খালাস না হওয়ায় গত ১৫ জুলাই সহকারী কমিশনার তৌহিদা ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন আমদানিকারকের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ।
আজ ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করেন।
এ দিকে, দুই মাসেরও বেশি সময় ধরে চালানটি চট্টগ্রাম বন্দরে আটকে থাকায় এর বিপরীতে বন্দরের স্টোর রেন্ট ও শিপিং ডেমারেজের পরিমাণ পণ্যের আমদানি মূল্যের দ্বিগুণেরও বেশি হয়েছে বলে দাবি করেছে আমদানিকারক।

খুলনার পাইকগাছা পৌরসভার হাসপাতাল রোড এলাকার একটি ভাড়া বাড়ি থেকে আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি বিশ্বজিৎ দেয়ারীর (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তাঁর কক্ষে থাকা সহকর্মী ও টেকনিশিয়ান অন্তর সরকার নিখোঁজ রয়েছেন...
১ মিনিট আগে
দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৮ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৮ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৮ ঘণ্টা আগে