
চট্টগ্রামের খাতুনগঞ্জে দুই ব্যাংকের শাখায় আমানত ফেরত ও হেয়ারকাট (আমানতকারীদের মুনাফা বা মূলধনের একটি অংশ কেটে রাখা) প্রস্তাব বাতিলের দাবিতে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন ক্ষুব্ধ আমানতকারীরা।
আজ রোববার (৩ মে) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেন শতাধিক গ্রাহক। একপর্যায়ে তাঁরা ব্যাংকের ফটকে তালা ঝুলিয়ে দিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেন।
সকালে ব্যাংক খোলার সময় বিক্ষুব্ধ গ্রাহকেরা ইউনিয়ন ব্যাংক পিএলসির স্থানীয় শাখায় প্রবেশ করে জমানো অর্থ ফেরতের দাবিতে অবস্থান নেন। এ সময় তাঁরা কর্মকর্তাদের কক্ষ থেকে বের করে দেন এবং ব্যাংকের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির শাখার সামনে গিয়ে একই দাবিতে বিক্ষোভ শুরু করেন। বেলা ১টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ব্যাংকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গ্রাহকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।

বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁরা ‘হেয়ারকাট’ প্রস্তাব বাতিল, স্বাভাবিক লেনদেন চালু ও জমানো অর্থ ফেরতের দাবিতে আন্দোলন করে আসছেন; কিন্তু এখনো কোনো কার্যকর সমাধান পাননি। তাঁদের দাবি, প্রায় দুই বছর ধরে বিভিন্ন শাখায় ঘুরেও তাঁরা নিজেদের জমানো অর্থ উত্তোলন করতে পারছেন না; বরং নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।
একজন গ্রাহক জানান, তাঁর হিসাবে কোটি টাকার বেশি জমা থাকলেও প্রয়োজনের সময় সামান্য অর্থও তুলতে পারছেন না। ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি বলে তাঁর অভিযোগ। আরেক আমানতকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নিরাপত্তার আশায় ব্যাংকে টাকা রেখেছিলাম, এখন সেই টাকা তুলতেই পারছি না। ব্যাংকে টাকা রাখা যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে।’
বিক্ষোভকারীরা আরও বলেন, ব্যাংকিং ব্যবস্থার মূল ভিত্তি হলো আস্থা ও বিশ্বাস। কিন্তু সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ক্ষেত্রে সেই আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের অভিযোগ, আমানতের বিপরীতে প্রতিশ্রুত পূর্ণ লভ্যাংশও দেওয়া হচ্ছে না। দাবি পূরণ না হলে চট্টগ্রামে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সব শাখা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।
ইউনিয়ন ব্যাংক খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক কে এম আবু সায়েদ জানান, কেন্দ্রীয় ব্যাংক বা প্রধান কার্যালয়ের নির্দেশনা ছাড়া বড় অঙ্কের অর্থ পরিশোধ করা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় ইউনিয়ন ব্যাংক পিএলসি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বর্তমানে পাঁচটি ইসলামি ব্যাংকের সমন্বয়ে পরিচালিত কাঠামোর অধীনে রয়েছে বলে জানা গেছে।
ব্যাংকিং কার্যক্রমে চলমান এই অচলাবস্থায় ব্যবসায়ী ও সাধারণ আমানতকারীদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় ব্যাংকের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ জরুরি।

ঐতিহ্যবাহী বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে কার্যক্রম না থাকা খাতের সেশন ফি আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সম্প্রতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ১৯টি খাতে সেশন ফি বাবদ ২ হাজার ৬২০ টাকা আদায়ের নোটিশ দেওয়ার পর তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। শিক্ষার্থীদের দাবি, এসব খাতের
১ মিনিট আগে
গঙ্গাচড়ায় এবারের আলুর মৌসুম যেন কৃষকের জন্য লোকসানের বছর হয়ে দাঁড়িয়েছে। খরচের তুলনায় বাজারে দাম কমের কারণে অনেক কৃষক বাধ্য হয়ে আলু রাস্তার ধারে ফেলে দিচ্ছেন।
৩৩ মিনিট আগে
মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে একটি টিনের ঘরের চাল ও খুঁটি ভেঙে পড়ে নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীতে বেসরকারি প্রতিষ্ঠান ‘সফট বাইট’-এর শাখা ব্যবস্থাপক মো. বাদশা ফয়সালের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন তাঁর স্বজন, বন্ধু ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক ইমাম হোসেন সাদিককে গ্রেপ্তারের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে