
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে দফায় দফায় হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর পাঁচ স্বজন আহত হয়েছেন। এ সময় ঘরে থাকা তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় হামলাকারীরা। পুলিশ অভিযুক্ত যুবক মোহাম্মদ রোকনকে (২৫) গ্রেপ্তার করে আজ সোমবার কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার যুবক আবুল হাশেমের ছেলে।
এর আগে গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে এবং পরদিন গতকাল রোববার একই সময়ে উপজেলার হাইলধর ইউনিয়নে একটি গ্রামে দফায় দফায় এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় কিশোরীর চাচা পাঁচজনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা করেছেন। আসামিরা হলেন মোহাম্মদ রোকন, মো. শিবলু (২৮), আবুল হাশেম (৫৫), নুরু নাহার বেগম (৪৮) ও ইনান (২২)।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে মাদ্রাসাছাত্রীকে তার চাচার দোকানের সামনে উত্ত্যক্ত করছিল অভিযুক্তরা। এ নিয়ে ওই কিশোরীর চাচা প্রতিবাদ করলে আরও বেপরোয়া হয়ে ওঠে এবং দোকানে ভাঙচুর চালায়। গতকাল মেয়েটির বাড়িতে গিয়েও হামলা চালায় তারা। এতে নারী-পুরুষসহ পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ একজনকে আটক করে।
ভুক্তভোগী ছাত্রীর চাচা ও মামলার বাদী মোহাম্মদ রুবেল বলেন, ‘আমাদের মেয়েকে আমার সামনে অশ্লীল কথাবার্তা ও গায়ে হাত দেওয়ার চেষ্টা করা হয়। আমি প্রতিবাদ করলে তাৎক্ষণিক আরও কয়েকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে দোকান ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেয়। পরদিন লোকজন নিয়ে এসে ফের বাড়িতে হামলা চালায় এবং আমার মা, স্ত্রী, ভাবিসহ পরিবারের নারী সদস্যদের মারধর করে। এ সময় ঘরের আলমারির ড্রয়ারে থাকা তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তাঁরা।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িত একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

খুলনার পাইকগাছা পৌরসভার হাসপাতাল রোড এলাকার একটি ভাড়া বাড়ি থেকে আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি বিশ্বজিৎ দেয়ারীর (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তাঁর কক্ষে থাকা সহকর্মী ও টেকনিশিয়ান অন্তর সরকার নিখোঁজ রয়েছেন...
১ মিনিট আগে
দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৮ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৮ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৮ ঘণ্টা আগে