
এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা অস্ত্রের মুখে এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে রাজধানীর শ্যামলী এলাকার ২ নম্বর রোডে অবস্থিত কাজি অফিসের সামনে, শুক্রবার (১১ জুলাই) ভোর ৬টার দিকে।
শ্যামলী এলাকায় কর্মরত স্থানীয় এক নিরাপত্তাকর্মীর দেওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, ছাতা হাতে এক ব্যক্তি রাস্তায় হেঁটে যাচ্ছেন। হঠাৎ পেছন থেকে একটি মোটরসাইকেলে করে তিনজন আসে। মোটরসাইকেল থেকে একজন নেমে পড়ে, বাকিরা সামনে গিয়ে পথরোধ করে। এরপর মোটরসাইকেলের পেছনে থাকা আরও একজন নেমে ভুক্তভোগীকে ঘিরে ধরে। তাদের হাতে ধারালো অস্ত্র দেখা যায়, যেটা দিয়ে ভুক্তভোগীকে ভয় দেখানো হয়।
ভিডিওতে দেখা যায়, ছিনতাইকারীদের একজন ছিল খালি গায়ে এবং বাকি দুজন হেলমেট পরিহিত।
ছিনতাইকারীরা শুধু টাকাপয়সা, মোবাইল ফোন নয়—ভুক্তভোগীর শরীরের জামা ও পায়ের জুতা খুলে নেয়। এরপর তারা দ্রুত পালিয়ে যায় একই মোটরসাইকেলে।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক। তিনি বলেন, ‘ঘটনার পরপরই ভিডিওটি নজরে আসে। এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। তবু আমরা ভিডিও বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করছি।’
ইমাউল হক আরও বলেন, ‘আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।’
রাজধানীর বিভিন্ন এলাকায় সম্প্রতি ছিনতাইয়ের মাত্রা বেড়ে গেছে। ভোরের দিকে রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা নির্বিঘ্নে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন বলছে, পুলিশের টহলব্যবস্থা আরও জোরদার না হলে এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণে আসবে না।
এ ঘটনায় এখনো মামলা না হওয়ায় অপরাধীদের শনাক্ত করতে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে পুলিশ। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, ভিডিওর মাধ্যমে জড়িত ব্যক্তিদের মুখাবয়ব ও চলাফেরা শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি ইমাউল হক বলেন, ‘যদি কেউ ভুক্তভোগীকে চিনে থাকেন বা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে থানায় জানাবেন। তাঁর সহযোগিতা নিয়ে আমরা এ ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চাই।’

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
৬ ঘণ্টা আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬