
দীর্ঘদিন ধরে দেশের ব্যাংক খাত এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। উচ্চ খেলাপি ঋণের প্রবাহ ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্যকে নাজুক করে তুলছে, আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে নিরাপত্তা সঞ্চিতির ঘাটতিতে। ঋণের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ প্রভিশন রাখা বাধ্যতামূলক হলেও লাগামহীন খেলাপি ঋণ বৃদ্ধির কারণে অনেক ব্যাংকই প্রয়োজনীয় সঞ্চিতি গঠন করতে পারছে না। এ ঘাটতি শুধু ব্যাংক খাতের স্থিতিশীলতার জন্য হুমকি নয়; বরং সামগ্রিক অর্থনীতির জন্যও এক অশনিসংকেত।
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে এমনই এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ১৩০ কোটি টাকা, যা মাত্র তিন মাস আগেও সেপ্টেম্বর প্রান্তিকে ছিল ৫৫ হাজার ৩৭৮ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে এ ঘাটতি বেড়েছে ৫০ হাজার ৭৫২ কোটি টাকা, বৃদ্ধির হার ৪৭ দশমিক ৮২ শতাংশ।
বিশ্লেষকদের মতে, খেলাপি ঋণের লাগাম টানতে না পারলে এ সংকট আরও প্রকট হবে। ঋণ অনুমোদনের ক্ষেত্রে রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর হস্তক্ষেপ, অব্যবস্থাপনা এবং অনিয়মের কারণে ব্যাংকগুলো ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে।
ব্যাংকিং নিয়ম অনুযায়ী, ভালো ও মন্দ ঋণের বিপরীতে নির্দিষ্ট হারে প্রভিশন রাখতে হয়। সাধারণ ক্যাটাগরির ঋণের বিপরীতে ০.৫ থেকে ৫ শতাংশ, নিম্নমানের ঋণের ক্ষেত্রে ২০ শতাংশ, সন্দেহজনক ঋণের ক্ষেত্রে ৫০ শতাংশ এবং মন্দ ঋণের ক্ষেত্রে ১০০ শতাংশ প্রভিশন সংরক্ষণ করা বাধ্যতামূলক। তবে বাস্তবতা হচ্ছে, ব্যাংকগুলো এ বাধ্যবাধকতা পূরণ করতে পারছে না। ফলস্বরূপ দিন দিন বাড়ছে ঘাটতির পরিমাণ।
কেবল প্রভিশন ঘাটতিই নয়, খেলাপি ঋণের আকারও ভয়াবহভাবে বেড়েছে। ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি, যা তিন মাস আগেও ছিল ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা। অর্থাৎ, মাত্র এক প্রান্তিকের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৬০ হাজার ৭৬৫ কোটি টাকা, বৃদ্ধির হার ১৭ দশমিক ৫৭ শতাংশ।
বিশেষত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে। এই ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি তিন মাসের ব্যবধানে ৩০ দশমিক ৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৯৬৬ কোটি টাকা। বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রেও চিত্র খুব একটা ভালো নয়; এ খাতে প্রভিশন ঘাটতি বেড়ে হয়েছে ৪৮ হাজার ৮৮৩ কোটি টাকা, যা সেপ্টেম্বরের তুলনায় ৬৭ দশমিক ৬১ শতাংশ বেশি।
তবে আশার আলো দেখা যাচ্ছে বিদেশি এবং বিশেষায়িত ব্যাংকগুলোর ক্ষেত্রে। ডিসেম্বর শেষে বিদেশি ব্যাংকগুলোর প্রভিশন উদ্বৃত্ত ৪৬৩ কোটি এবং বিশেষায়িত ব্যাংকগুলোর উদ্বৃত্ত রয়েছে ২৫৫ কোটি টাকা। এ থেকেই বোঝা যায়, সমস্যাটি মূলত দেশীয় ব্যাংকগুলোতেই প্রকট আকার ধারণ করেছে।
বিশ্লেষকেরা বলছেন, দেড় দশক ধরে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় নানা অনিয়ম এবং প্রভাবশালী ঋণগ্রহীতাদের অবাধ সুযোগ দেওয়ার ফলেই আজকের এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার ও ফজলে কবিরের সময় গৃহীত ছাড়নীতি এ সংকটকে আরও গভীর করেছে। সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের সংজ্ঞা কঠোরভাবে প্রয়োগ করছে, যা পরিস্থিতিকে বাস্তবসম্মত করে তুললেও ব্যাংক খাতের দুর্বলতাকে আরও স্পষ্টভাবে সামনে এনেছে।
বর্তমানে ব্যাংক খাতে বিতরণ করা ১৭ লাখ ১১ হাজার ৪০২ কোটি টাকার ঋণের মধ্যে খেলাপির হার ২০ দশমিক ২ শতাংশ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটি ৪২ দশমিক ৮৩ শতাংশ, আর বেসরকারি ব্যাংকে ১৫ দশমিক ৬০ শতাংশে পৌঁছেছে। সংকট সমাধানে বিশেষজ্ঞরা রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত ঋণ অনুমোদন, দক্ষ ব্যবস্থাপনা ও খেলাপি ঋণ পুনরুদ্ধারের ওপর জোর দিচ্ছেন।
আরও খবর পড়ুন:

দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস প্রবাসী আয় বা রেমিট্যান্স। সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে, যার পরিমাণ ৫৮৪ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার। শীর্ষ ৫ দেশের তালিকায় অন্য দেশগুলো হচ্ছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র।
৯ ঘণ্টা আগে
রাজস্ব আদায়ে গতি ফিরলেও লক্ষ্য অধরাই রয়ে গেছে। বিদায়ী অর্থবছর শেষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘাটতি দাঁড়িয়েছে ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা। অর্থাৎ সরকার সংশোধিত লক্ষ্যমাত্রার প্রায় পাঁচ ভাগের এক ভাগ রাজস্ব আদায় করতে পারেনি। অর্থনীতিবিদদের মতে, করজাল সম্প্রসারণ ও কর প্রশাসনের সংস্কার ছাড়া প্রতিবছর...
৯ ঘণ্টা আগে
চট্টগ্রামে গ্যাস-সংকট এখন সবচেয়ে বেশি ভোগাচ্ছে শিল্প খাতকে। প্রয়োজনের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম গ্যাস সরবরাহে বড় শিল্পকারখানাগুলোর উৎপাদন ৩০-৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এর ফলে কোথাও উৎপাদন সীমিত করা হয়েছে, কোথাও ৩ গুণ বেশি ব্যয়ে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে।
৯ ঘণ্টা আগে
ভারত থেকে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় আমদানি করা চালের মধ্যে নিম্নমানের চালগুলো ফেরত পাঠানো হচ্ছে। তবে পুরো জাহাজের চাল ফেরত দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে খাদ্য বিভাগ।
১৯ ঘণ্টা আগে